সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে ইরানে আপাতত বড় ধরনের নতুন হামলা চালাচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখলেও নতুন হামলা থেকে বিরত রয়েছেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি। তবে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, পরিস্থিতি যেমন আছে, আপাতত তেমনই রাখতে।’ তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, তা নিশ্চিত নন বলেও জানান।
এসব দেশ অনুরোধ না করলে ইরানে নতুন করে হামলা চালাতেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, চালাতাম।’
ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনব্যবস্থায় বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষ্য, চাইলে মাত্র তিন দিনের মধ্যে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া সম্ভব।
ট্রাম্প বলেন, ‘এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। এক দিনের মধ্যেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনের মধ্যেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে।’
এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রলসহ জ্বালানির দাম বেড়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তাঁর মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে। তবে ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।

