Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » লেবাননের পানির উৎসে ইসরায়েলের যুদ্ধ যেভাবে অস্তিত্বের সংকট তৈরি করেছে
    আন্তর্জাতিক

    লেবাননের পানির উৎসে ইসরায়েলের যুদ্ধ যেভাবে অস্তিত্বের সংকট তৈরি করেছে

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২০২৬ সালের আগস্ট মাসে লেবাননের দেবালে অবস্থিত তাদের বাড়িতে ইনসাফ ফাওর ও তার নাতনি ফাতিমার ছবি তোলা হয়েছে, যা ইসরায়েলি যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: মিডল ইস্ট আই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিডল ইস্ট আই

    বিকেল সাড়ে পাঁচটা। বাহিজ আবদাল্লাহ দেখলেন, একটি সাদা বস্তু তাঁর মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। দক্ষিণ লেবাননের মারজাইউনের উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত ইবেল আল-সাকি গ্রামের একটি পানি সরবরাহকেন্দ্রের বাইরে ছিলেন তিনি। সেখানে একটি উন্মুক্ত জলাধার পরীক্ষা করছিলেন। হাতে মোবাইল ফোন নিয়ে একটি পাথরের সিঁড়িতে বসেছিলেন তিনি। তাঁর তিন সহকর্মী তখন কেন্দ্রটির ভেতরে কাজ করছিলেন।

    প্রথমে সাদা বস্তুটিকে ড্রোন বলে মনে হয়েছিল তাঁর।

    আবদাল্লাহ বলেন, ‘হঠাৎ সেটি আকাশে এক সেকেন্ডের জন্য থেমে গেল। এরপর দিক পরিবর্তন করে সরাসরি পানি সরবরাহকেন্দ্রটির ওপর আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে ধোঁয়া আর আগুন ছড়িয়ে পড়ল।’

    বিস্ফোরণের ধাক্কায় তাঁর হাত থেকে মোবাইল ফোন ছিটকে যায়। প্রচণ্ড বাতাসের চাপ অনুভব করেন তিনি। এরপরই ধাতব টুকরা এসে শরীরে আঘাত করে। নিচের দিকে তাকিয়ে দেখেন, মুখ থেকে রক্ত ঝরছে। কাঁধে তীব্র জ্বালাপোড়া। উঠে দাঁড়ানোর পর বুঝতে পারেন, তাঁর জুতাও ছিন্নভিন্ন হয়ে গেছে।

    আবদাল্লাহ দক্ষিণ লেবানন পানি কর্তৃপক্ষের (এসএলডব্লিউই) বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ বিভাগের একজন কর্মী। সরকারি এই সংস্থা লেবাননের দুটি গভর্নরেটের মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে। প্রতিদিনের মতো সেদিনও তিনি পানি সরবরাহকেন্দ্র পরিচালনা ও কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছিলেন।

    তাঁর ভাষায়, কেন্দ্রটি ওই অঞ্চলের মানুষের কাছে সুপরিচিত। এটি যে একটি সরকারি পানি সরবরাহ স্থাপনা, তা বোঝার জন্য প্রয়োজনীয় সব চিহ্নও ছিল সেখানে।

    আবদাল্লাহ বলেন, ‘সেখানে সাইনবোর্ড রয়েছে। গাড়িগুলোতেও দক্ষিণ লেবানন পানি কর্তৃপক্ষের নাম ও লোগো রয়েছে। এটি যে একটি সরকারি প্রতিষ্ঠান, তা স্পষ্ট। আমরা সবাই নির্ধারিত পোশাক পরেছিলাম।’

    হামলাটি হয় ২০২৬ সালের ৯ জুন। এর মাত্র পাঁচ দিন আগে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবানন সরকার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছিল।

    গুরুতর আহত অবস্থায় আবদাল্লাহকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর পায়ের ছিঁড়ে যাওয়া টেন্ডন এবং বুক ও কাঁধে ঢুকে যাওয়া বোমার ধাতব টুকরা অপসারণে অস্ত্রোপচার করতে হয়। নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) কাটাতে হয় দুই দিন।

    এখনো তিনি ধীরে ধীরে হাঁটেন। দৌড়াতে পারেন না। নিয়মিত ফিজিওথেরাপি নিতে হচ্ছে।

    তাঁর তিন সহকর্মী আহত হননি। পানি সরবরাহকেন্দ্রটির কার্যক্রমও বন্ধ হয়নি। কারণ হামলায় মূল প্রযুক্তিগত যন্ত্রপাতির পরিবর্তে একটি অফিস ও গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

    কয়েক দিন পর লেবাননের সেনাবাহিনী জানায়, তাদের একটি বিশেষজ্ঞ দল একই পানি শোধনাগারের ভেতর থেকে অবিস্ফোরিত একটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য লক্ষ্যনির্দেশিত বোমা নিষ্ক্রিয় করেছে।

    আবদাল্লাহ বলেন, ‘কেন্দ্রটি গ্রামীণ এলাকায় অবস্থিত। এর আশপাশে কোনো বাড়িঘর নেই। অন্য কোনো স্থাপনাও নেই।’

    হামলার পর তিনি আর কাজে ফেরেননি।

    ‘সত্যি বলতে সেখানে যাওয়া এখন আর নিরাপদ নয়। কয়েক সেকেন্ডের মধ্যেই আমি মারা যেতে পারতাম। অথচ আমি কোনো অন্যায় করছিলাম না। মানুষের পান করার জন্য শুধু পানি সরবরাহ করছিলাম।’

    ‘আমরা পানি দিতে না পারলে মানুষ আর ফিরবে না’

    যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ লেবাননে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ ফিরে এসেছেন।

    জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, যুদ্ধের পর সবচেয়ে বড় প্রত্যাবর্তনের ঘটনায় ৮ লাখ ২৩ হাজারের বেশি মানুষ দক্ষিণ লেবাননে নিজেদের এলাকায় ফিরেছেন। তবে এখনো প্রায় ৩ লাখ ৩৪ হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

    ফিরে আসা মানুষের বসবাসের এলাকাগুলো মূল্যায়ন করতে গিয়ে জাতিসংঘ বারবার দুটি মৌলিক সেবার ঘাটতির কথা উল্লেখ করেছে—পানি ও বিদ্যুৎ।

    একটি পরিবার নিজেদের বাড়ির ধ্বংসস্তূপ সরাতে পারে। ক্ষতিগ্রস্ত ছাদ মেরামতও করতে পারে। কিন্তু একটি পানি উত্তোলনকেন্দ্র নতুন করে নির্মাণ করা, দুই কিলোমিটার দীর্ঘ প্রধান পানির পাইপলাইন পুনঃস্থাপন করা কিংবা ভূগর্ভস্থ পানির স্তর দূষণমুক্ত করা কোনো পরিবারের পক্ষে সম্ভব নয়।

    দক্ষিণ লেবানন পানি কর্তৃপক্ষের জুলাইয়ে প্রকাশিত একটি মূল্যায়ন প্রতিবেদনে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দুই দফা যুদ্ধে পানি সরবরাহব্যবস্থার ক্ষয়ক্ষতির বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে।

    যুদ্ধে দক্ষিণ লেবাননের পানি অবকাঠামোর ক্ষয়ক্ষতি

    আনুমানিক ক্ষয়ক্ষতি। সূত্র: দক্ষিণ লেবানন পানি কর্তৃপক্ষের জুলাই ২০২৬ মূল্যায়ন- মিডল ইস্ট আই

    সংস্থাটির হিসাবে, এসব ক্ষয়ক্ষতির কারণে সাত লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুরো পানি সরবরাহব্যবস্থা পুনর্গঠনে কয়েক বছর লেগে যেতে পারে।

    অথচ যে সরকারি প্রতিষ্ঠানের এই পুনর্গঠনের দায়িত্ব নেওয়ার কথা, সেটিই এখন মারাত্মক সংকটে রয়েছে।

    দক্ষিণ লেবানন পানি কর্তৃপক্ষের মহাপরিচালক ওয়াসিম দাহের জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় সংস্থাটির ২৬ জন কর্মী নিহত হয়েছেন।

    একই সঙ্গে সংস্থাটির গ্রাহকসংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। এটি কেবল জনসংখ্যা হ্রাসের পরিসংখ্যান নয়; সংস্থাটির আয়েও বড় ধরনের ধস নেমেছে।

    লেবাননে বিদ্যুৎ বা টেলিযোগাযোগের মতো পানি সরবরাহব্যবস্থা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয় না। দক্ষিণাঞ্চলজুড়ে কার্যক্রম চালিয়ে যাওয়া এই খাতের কার্যত একমাত্র সরকারি প্রতিষ্ঠান দক্ষিণ লেবানন পানি কর্তৃপক্ষ।

    দাহেরের বর্ণনায়, পুরো ব্যবস্থাটিকে যেন শ্বাসরোধ করে অচল করে দেওয়া হয়েছে।

    সংস্থাটির পরিচালনাগত সমস্যার ৮০ শতাংশের বেশি বিদ্যুতের অভাব থেকে তৈরি হচ্ছে। জেনারেটরগুলো পাঁচ ঘণ্টার বেশি চালানো যাচ্ছে না। অথচ পানি সরবরাহকেন্দ্রগুলো পরিচালনার জন্য প্রয়োজন অন্তত ১২ ঘণ্টা বিদ্যুৎ।

    যেসব গ্রামে মানুষ ফিরে এসেছেন, সেগুলোর অনেক জায়গায় জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগও নেই।

    দাহের বলেন, ‘আমরা যদি পানি সরবরাহ করতে না পারি, তাহলে মানুষ আর ফিরে আসবে না।’

    তবে পানির ওপর এই আঘাতকে শুধু গত তিন বছরের যুদ্ধের ঘটনা হিসেবে দেখলে ইতিহাসের আরও গভীর একটি বাস্তবতা আড়াল হয়ে যায়। বর্তমান সংঘাতের বহু আগে থেকেই লেবাননের পানিসম্পদ নিয়ে ইসরায়েলের সঙ্গে বিরোধ চলছে। পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও পানি অবকাঠামো ধ্বংসের ইতিহাসও দীর্ঘ।

    পানিসম্পদ নিয়ে শত বছরের সংঘাত

    ১৯১৯ সাল। প্রথম বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র নতুন করে তৈরি হচ্ছিল।

    সেই সময় জায়নবাদী আন্দোলনের প্রতিনিধিরা প্যারিস শান্তি সম্মেলনে একটি প্রস্তাব জমা দেন। সেখানে ফিলিস্তিনের উত্তর সীমান্ত লেবাননের সাইদা শহরেরও উত্তরে সম্প্রসারণের প্রস্তাব ছিল।

    এই পরিকল্পনা বাস্তবায়িত হলে লিতানি নদীর অববাহিকা ফিলিস্তিনি ভূখণ্ডে প্রতিষ্ঠার পরিকল্পনাধীন ইহুদি রাষ্ট্রের অন্তর্ভুক্ত হতো।

    দক্ষিণ লেবাননের ভূপ্রকৃতি ও পানিসম্পদ নিয়ে দীর্ঘদিন গবেষণা করা লেবাননের পুরকৌশলী রিয়াদ আল-আসাদ বলেন, ‘ইসরায়েল মনে করে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো পানিসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যুদ্ধ।’

    লেবাননের মধ্য দিয়ে প্রবাহিত হাসবানি নদী জর্ডান নদীর একটি উপনদী। এটি লেবানন, অধিকৃত গোলান মালভূমি ও উত্তর ইসরায়েলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

    আসাদের অভিযোগ, হাসবানির পানি নিয়ন্ত্রণই ইসরায়েলের সবচেয়ে বড় পানিসম্পদ আত্মসাতের ঘটনা।

    হাসবানির একটি গুরুত্বপূর্ণ অংশ ওয়াজ্জানি ঝরনা। সারা বছর এর পানি ঠান্ডা থাকে। ঝরনাটি এমন উচ্চতায় অবস্থিত যে কোনো যান্ত্রিক পাম্প ছাড়াই মাধ্যাকর্ষণের শক্তিতে পানি দক্ষিণ দিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে প্রবাহিত হতে পারে।

    লেবাননের পানিসম্পদ নিয়ে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

    ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এরিক জনস্টনকে জর্ডান নদীর অববাহিকার পানি সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বণ্টনের জন্য পাঠানো হয়।

    তাঁর পরিকল্পনায় লেবাননের জন্য বছরে ৩ কোটি ৫০ লাখ ঘনমিটার পানি বরাদ্দ রাখা হয়েছিল। অন্যদিকে ইসরায়েলের জন্য ৪০ কোটি, জর্ডানের জন্য ৪৮ কোটি এবং সিরিয়ার জন্য ১৩ কোটি ২০ লাখ ঘনমিটার পানি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়।

    লেবানন এই পরিকল্পনাকে অন্যায্য বিবেচনা করে প্রত্যাখ্যান করে। তবে বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, জনস্টনের প্রস্তাবিত হিস্যার এক-পঞ্চমাংশ পানিও দেশটি কখনো হাসবানি থেকে ব্যবহার করতে পারেনি।

    ১৯৬৪ সালে আরব সম্মেলনে জর্ডান নদীর উজানের পানিপ্রবাহ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্দেশ্য ছিল, ইসরায়েল যেন সেই পানি দক্ষিণে নেগেভ মরুভূমির দিকে সরিয়ে নিতে না পারে।

    এরপর ইসরায়েল লেবাননের ভেতরে হাসবানি-ওয়াজ্জানি নদীর পানি অন্যদিকে প্রবাহিত করার প্রকল্পের অবকাঠামো ধ্বংস করে। সিরিয়াতেও একই ধরনের হামলা চালানো হয়।

    ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পানির উৎসগুলোর নিয়ন্ত্রণ নেয়।

    ২০০২ সালে লেবানন সীমান্তবর্তী গ্রামগুলোতে পানি সরবরাহের জন্য ওয়াজ্জানিতে একটি ছোট পানি উত্তোলনকেন্দ্র পুনর্নির্মাণ করে।

    তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন এই উদ্যোগকে যুদ্ধের কারণ হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

    শেষ পর্যন্ত কেন্দ্রটি চালু করার অনুমতি দেওয়া হয়। লেবানন নিজের পানিসম্পদের অধিকার পুনরুদ্ধারের কথা বললেও ঘটনাটি একটি বার্তাই দিয়েছিল—লেবানন তার প্রয়োজনীয় পানি নিতে পারবে, কিন্তু নিজের ন্যায্য হিস্যার পুরোটা নয়।

    আসাদ বলেন, ‘এখনো আমরা আমাদের প্রয়োজনীয় পানিটুকুই ঠিকমতো নিতে পারছি না। নিজেদের অধিকারের কথা তো অনেক দূরের বিষয়।’

    জলবিদ্যা ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক আহমাদ আল-হাজ বর্তমান যুদ্ধের প্রভাব নিয়ে দুই মাস ধরে তথ্য সংগ্রহ ও মানচিত্র তৈরি করেছেন।

    তাঁর হিসাবে, হাসবানি-ওয়াজ্জানি নদীব্যবস্থার ১২ কিলোমিটার অংশ বর্তমানে ইসরায়েলি সামরিক দখলে রয়েছে। ওয়াজ্জানির পানি অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে।

    ওই অববাহিকায় বছরে প্রায় ১৫ কোটি ৫০ লাখ ঘনমিটার ভূপৃষ্ঠের পানি পাওয়া যায়।

    আল-হাজ বলেন, এর মধ্যে আগে লেবানন প্রায় ৪০ লাখ ঘনমিটার পানি ব্যবহার করতে পারত।

    ‘এখন সেই পরিমাণ শূন্য।’

    লিতানি নদীর গুরুত্বপূর্ণ বাঁক

    লিতানি নদী লেবাননের বেকা উপত্যকা থেকে শুরু হয়ে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে প্রবাহিত হয়েছে। এরপর বোফোর্ট দুর্গের নিচে একটি গুরুত্বপূর্ণ বাঁক নিয়ে পশ্চিম দিকে ঘুরে ভূমধ্যসাগরে মিশেছে।

    উৎস থেকে মোহনা পর্যন্ত পুরোপুরি লেবাননের ভূখণ্ডে অবস্থিত এটিই দেশটির একমাত্র প্রধান নদী।

    নদীর ওই বাঁকের কাছে একটি পানি শোধন ও উত্তোলনকেন্দ্র রয়েছে। সেখান থেকে জাবাল আমেলের গ্রামগুলোতে পানি সরবরাহ করা হয়।

    ১৯৭০-এর দশকের শেষ দিকে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী প্রথম মোতায়েন হওয়ার সময় কেন্দ্রটি নির্মিত হয়েছিল।

    আসাদের ভাষায়, জায়গাটি এতটাই দুর্গম ও খাড়া পাহাড়ি এলাকায় অবস্থিত ছিল যে সেখানে পৌঁছানোর কোনো রাস্তা ছিল না। নির্মাণসামগ্রী ও পাইপ হেলিকপ্টার এবং মালবাহী পশুর সাহায্যে নিয়ে যেতে হয়েছিল।

    আসাদ বলেন, ‘ঠিক এই জায়গাটিই ফিলিস্তিনের সবচেয়ে কাছে। দূরত্ব তিন কিলোমিটারেরও কম। ইসরায়েল তার প্রতিষ্ঠার পর থেকেই নদীর এই বাঁকটির ওপর নজর রেখেছে।’

    ইসরায়েলের পানির প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, ‘যারা বলে ইসরায়েলের পানির প্রয়োজন নেই, তারা ভুল বলে। হ্যাঁ, ইসরায়েল বছরে ৬০ কোটি ঘনমিটার সমুদ্রের পানি লবণমুক্ত করে। হ্যাঁ, বর্জ্যপানি পুনর্ব্যবহারের ক্ষেত্রে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। কিন্তু বসতি সম্প্রসারণের কারণে তাদের স্থায়ীভাবেই পানির প্রয়োজন।’

    ধ্বংস হওয়ার আগে ওয়াজ্জানির পানি অবকাঠামো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ৪২টি গ্রামে পানি সরবরাহ করত।

    এর মধ্যে মারকাবা গ্রামের একটি পানি উত্তোলনকেন্দ্রও ছিল। চলতি বছরের জুলাইয়ে সেটি হামলার শিকার হয়। জাতিসংঘ ঘটনাটিকে বেসামরিক অবকাঠামোয় হামলার একটি দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করে।

    এই পানি সরবরাহব্যবস্থার ওপর নির্ভরশীল গ্রামগুলোর মধ্যে রয়েছে খিয়াম, কাফর কিলা, ওদাইসেহ, হৌলা ও ব্লিদা।

    চলতি বছরের শুরুতে ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে দেখা যায়, এসব গ্রামের ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস হয়েছে।

    লিতানি নদী কর্তৃপক্ষের সাবেক প্রধান এবং বর্তমানে টেকসই উন্নয়নবিষয়ক একটি স্থানীয় বেসরকারি সংস্থার প্রধান নাসের নাসরাল্লাহ জানান, লিতানি নদী থেকে দক্ষিণের গ্রামগুলোতে পানি সরবরাহের জন্য কয়েক মিলিয়ন ডলারের একটি প্রকল্প নেওয়া হয়েছিল।

    যুদ্ধ শুরুর আগেই প্রকল্পটির দুই-তৃতীয়াংশের বেশি কাজ সম্পন্ন হয়েছিল। কিন্তু সংঘাতের কারণে পুরো প্রকল্প বাধাগ্রস্ত হয়।

    নাসরাল্লাহ বলেন, ‘গত দুই বছরে ইসরায়েল যুদ্ধ শুরু করে প্রকল্পটি ধ্বংস করে দিয়েছে। এতে কাজ পিছিয়ে গেছে, আর ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা।’

    অক্টোবরের শেষ দিকে নদী দূষণের অভিযোগে লিতানি কর্তৃপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে নাবাতিয়েহর সরকারি কৌঁসুলির কাছে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করে।

    বিষয়টি আরও তদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে পাঠানো হয়েছে।

    বারবার ধ্বংস হচ্ছে পুনর্নির্মিত পানির অবকাঠামো

    সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ লেবাননে পানি সরবরাহব্যবস্থার ওপর হামলার একটি উদ্বেগজনক ধরন স্পষ্ট হয়েছে।

    ২০২৪ সালের সংঘাতের পর আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সহায়তায় যেসব পানি অবকাঠামো পুনর্নির্মাণ করা হয়েছিল, বর্তমান যুদ্ধে সেগুলোর অনেকগুলো আবার ধ্বংস হয়েছে।

    টাইর জেলার দেবাল গ্রামে একটি কূপ ও সৌরবিদ্যুৎ ব্যবস্থা প্রায় ৫ হাজার ৮০০ মানুষের পানির চাহিদা পূরণ করত।

    পৌর কর্মকর্তাদের মতে, ২০২৪ সালের যুদ্ধের পর নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সহায়তায় স্থাপনাটি পুনরুদ্ধার করা হয়। গত বছরের শেষ দিকে প্রকল্পটির কাজ শেষ হয়েছিল।

    কিন্তু কয়েক মাসের মধ্যেই সরাসরি ইসরায়েলি হামলায় স্থাপনাটি আবার ধ্বংস হয়ে যায়।

    স্থানীয় পৌর পরিষদের উপপ্রধান হায়দার ফাওয়াজ বলেন, ‘যুদ্ধের আগে গ্রামের পানির অবস্থা ভালো ছিল। এখন একটি কেন্দ্র চালাতে বিদ্যুৎ প্রয়োজন, অন্যটির রক্ষণাবেক্ষণ দরকার। পরিবারগুলোকে এখন ট্রাকে করে আনা পানি কিনতে হচ্ছে, যা আগে কখনো কিনতে হতো না।’

    কাছের ফ্রাউন গ্রামে গত মার্চে একটি জলাধার ধ্বংস হয়। একই সঙ্গে গ্রামের কূপ পরিচালনার জন্য স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থাও নষ্ট হয়ে যায়।

    এটি প্রায় তিন হাজার মানুষের পানির চাহিদা পূরণ করত।

    পৌরসভার বাস্তুচ্যুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান মোহাম্মদ মাক্কি জানান, ২০২৫ সালে একটি সাহায্য সংস্থার উদ্যোগে স্থানীয় জ্বালানিব্যবস্থা উন্নয়নের জন্য ৭০ হাজার ডলারের একটি প্রকল্প নেওয়া হয়েছিল। এর আওতায় ২৭০টির বেশি সৌর প্যানেল স্থাপন করা হয়।

    হামলার কারণে সেই প্রকল্পও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বিনত জবেইল জেলার খ্রিষ্টান অধ্যুষিত দেবেল গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী গ্রামের সরকারি পানি সরবরাহব্যবস্থায় হামলা চালায়।

    এর ফলে দুই সপ্তাহের বেশি সময় গ্রামটিতে পানি সরবরাহ বন্ধ ছিল। মানুষ বাধ্য হয়ে ব্যক্তিগত কূপের ওপর নির্ভর করেন।

    পরবর্তী সময়ে নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ইসরায়েলি সেনারা গ্রামের পানি সরবরাহব্যবস্থা চালানোর সৌর প্যানেলগুলো ধ্বংস করছেন।

    কয়েক মাস পার হলেও ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়নি বলে ওই বাসিন্দা জানান।

    ধ্বংসের এই চিত্র শুধু তিনটি গ্রামেই সীমাবদ্ধ নয়।

    গত মার্চে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফাম জানায়, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন অবকাঠামোয় হামলা চালাচ্ছে।

    এর মধ্যে আগের যুদ্ধে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনর্নির্মাণাধীন স্থাপনার কাছেও বোমা ফেলার ঘটনা রয়েছে।

    অক্সফাম ও সহযোগী সংস্থাগুলোর দায়িত্বে থাকা ১৯টি পানি সরবরাহ স্থাপনা পুনর্নির্মাণের কাজ চলছিল। এসব অবকাঠামোর মাধ্যমে সর্বোচ্চ ৬০ হাজার মানুষ পানি পেতেন।

    সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এসব স্থাপনার ছয়টি ক্ষতিগ্রস্ত হয়।

    গত বছর অক্সফাম, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার এবং পর্যবেক্ষণ সংস্থা ইনসিকিউরিটি ইনসাইটের যৌথ প্রতিবেদনে দক্ষিণ লেবাননে অন্তত ২৬টি পানি উত্তোলনকেন্দ্র এবং ২৮টি পাইপলাইন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার তথ্য নথিবদ্ধ করা হয়।

    প্রতিবেদনে বলা হয়, অন্তত কয়েকটি ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া স্থাপনাগুলো এমন বিস্তৃত খোলা জায়গায় ছিল, যেখানে স্পষ্টভাবে শনাক্তযোগ্য কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না।

    এতে ওয়াজ্জানি পানিব্যবস্থা এবং সংশ্লিষ্ট মাইসাত পানি উত্তোলনকেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়।

    মাইসাত কেন্দ্রটি ৩০টি শহর ও গ্রামের প্রায় দেড় লাখ মানুষের পানির চাহিদা পূরণ করে।

    পরবর্তী সময়ে ইনসিকিউরিটি ইনসাইট অন্তত আরও এক ডজন ঘটনার তথ্য সংগ্রহ করেছে।

    সংস্থাটির পরিচালক ক্রিস্টিনা উইলে নিউ লাইনস ম্যাগাজিনকে বলেন, একই ধরনের হামলার পুনরাবৃত্তি একটি নির্দিষ্ট প্রবণতার ইঙ্গিত দেয়। তাঁর মতে, এতে বিচ্ছিন্ন বা অনিচ্ছাকৃত ক্ষয়ক্ষতির পরিবর্তে পরিকল্পিত কৌশল অনুসরণের সম্ভাবনা দেখা যায়।

    লেবাননের ভূগর্ভস্থ পানিবিজ্ঞান গবেষক নাজি কেহদি অবশ্য কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন।

    তাঁর মতে, শুধু কোন ধরনের স্থাপনায় হামলা হয়েছে, তা দিয়ে হামলার উদ্দেশ্য প্রমাণ করা যায় না।

    তবে কয়েকটি বিষয় একসঙ্গে বিবেচনা করলে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা বাড়ে।

    এর মধ্যে রয়েছে পানি সরবরাহব্যবস্থা চালু রাখার জন্য অপরিহার্য ছোট ছোট যন্ত্রাংশে বারবার হামলা—যেমন সৌর প্যানেল, পানি জীবাণুমুক্তকরণ ইউনিট ও পাম্প।

    এ ছাড়া সামরিক স্থাপনা থেকে অনেক দূরে থাকা পানি সরবরাহকেন্দ্রে হামলা এবং একই ধরনের অবকাঠামোয় নিখুঁত ও পুনরাবৃত্ত আঘাতও গুরুত্বপূর্ণ।

    আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, পানীয় জল সরবরাহের স্থাপনাগুলো বেসামরিক অবকাঠামো হিসেবে বিশেষ সুরক্ষার অধিকারী।

    ইবেল আল-সাকির আবদাল্লাহর অভিজ্ঞতা থেকে বোঝা যায়, পানি সরবরাহের মতো মৌলিক সেবা চালু রাখাও এখন কতটা বিপজ্জনক হয়ে উঠেছে।

    তাঁর এক সহকর্মী কাজে যাওয়ার পথে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

    অন্যদিকে কাফরশুবা গ্রামে পানি সরবরাহকেন্দ্র চালু করার সময় একজন পৌর কাউন্সিলর এবং একজন পৌর কর্মীকে ইসরায়েলি বাহিনী ধরে নিয়ে যায়।

    আবদাল্লাহ বলেন, ‘আমাদের কাজ অত্যন্ত বিপজ্জনক। প্রতিদিন জীবন হাতে নিয়েই কাজ করছি।’

    খরার কারণে সংকট আরও ভয়াবহ

    যুদ্ধের ধ্বংসযজ্ঞ এমন এক সময়ে ঘটছে, যখন লেবানন ভয়াবহ খরার মুখোমুখি।

    লিতানি নদী কর্তৃপক্ষের মতে, দেশটি গত ৬৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র খরার পরিস্থিতি মোকাবিলা করছে।

    লেবাননের প্রায় ৯০ শতাংশ প্রাকৃতিক ঝরনা শুকিয়ে গেছে।

    রেড ক্রসের তথ্য অনুযায়ী, দেশটির অধিকাংশ পরিবার মাঝারি থেকে উচ্চমাত্রার পানি অনিরাপত্তার মধ্যে রয়েছে। লাখ লাখ মানুষ ভয়াবহ পানিসংকটের মুখে পড়েছেন।

    গবেষক কেহদির মতে, খরা ও ক্ষতিগ্রস্ত পানি অবকাঠামো একে অপরের সংকট আরও বাড়িয়ে তুলছে।

    বৃষ্টিপাত কম হলে মাটির নিচে পানি প্রবেশের পরিমাণ কমে যায়। এতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায় এবং ঝরনার পানিপ্রবাহ দুর্বল হয়ে পড়ে।

    অন্যদিকে পানি সরবরাহের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে সরকারি ব্যবস্থায় পানির সরবরাহ কমে যায়।

    দুই পরিস্থিতিই মানুষকে ব্যক্তিগত কূপের ওপর বেশি নির্ভরশীল করে তোলে। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যায়।

    উপকূলীয় এলাকায় অতিরিক্ত পানি উত্তোলনের কারণে সমুদ্রের লবণাক্ত পানি ভূগর্ভস্থ মিঠাপানির স্তরে প্রবেশ করতে পারে।

    একবার এমন পরিস্থিতি তৈরি হলে বৃষ্টিপাত স্বাভাবিক হওয়া এবং পাইপলাইন মেরামতের পরও এর প্রভাব বহু বছর স্থায়ী হতে পারে। পানির পরিমাণ কমে গেলে তাতে থাকা দূষিত উপাদানের ঘনত্বও বেড়ে যায়।

    সম্প্রতি লেবাননের জাতীয় বৈজ্ঞানিক গবেষণা পরিষদ দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকা থেকে সংগ্রহ করা ১৩৪টি মাটির নমুনা পরীক্ষা করে।

    পরীক্ষায় কয়েকটি এলাকায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফসফরাস পাওয়া যায়।

    গবেষকদের মতে, এর সঙ্গে সাদা ফসফরাসযুক্ত অস্ত্র ব্যবহারের সম্ভাব্য সম্পর্ক থাকতে পারে।

    এ ছাড়া প্রায় অর্ধেক নমুনায় ক্রোমিয়ামের মাত্রা কৃষিকাজের জন্য নিরাপদ সীমা ছাড়িয়ে গেছে। ক্রোমিয়াম বিষাক্ত হতে পারে।

    দূষিত এসব জমি জনমানবহীন পাহাড়ি এলাকা নয়।

    সেখানে রয়েছে জলপাইবাগান, ফলের বাগান, তামাকের খেত এবং সেচনির্ভর কৃষিজমি।

    গবেষণায় দেখা গেছে, এসব এলাকার ৮ হাজার ২০০ জনের বেশি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুই শতাধিক গ্রামে বসবাসকারী প্রায় ৬ লাখ ৫৪ হাজার মানুষও এর প্রভাবের আওতায় রয়েছেন।

    জলবিদ্যা বিশেষজ্ঞ আল-হাজ জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রের প্রায় দুই-তৃতীয়াংশ এমন ভূতাত্ত্বিক এলাকার ওপর অবস্থিত, যেখানে দূষিত পদার্থ দ্রুত ভূগর্ভস্থ পানিতে পৌঁছে যেতে পারে।

    তবে তিনি সতর্ক করে বলেছেন, তাঁর তৈরি মানচিত্র দূষণের ঝুঁকি নির্দেশ করে। কোথায় দূষণ নিশ্চিতভাবে ঘটেছে, তা প্রমাণ করে না।

    অর্থাৎ মানচিত্রটি দেখায়, কোন কোন জায়গা থেকে জরুরিভিত্তিতে পানির নমুনা সংগ্রহ করা প্রয়োজন।

    এখনো তাঁর মানচিত্র অনুসরণ করে পরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানির নমুনা পরীক্ষা করা হয়নি।

    দক্ষিণ লেবানন পানি কর্তৃপক্ষের নিজস্ব মূল্যায়নেও বলা হয়েছে, বিস্ফোরণের কারণে পাথরের স্তরে নতুন ফাটল তৈরি হতে পারে। এতে ভূগর্ভস্থ পানির প্রবাহ পরিবর্তিত হতে পারে এবং প্রাকৃতিক ঝরনাগুলো দুর্বল হয়ে পড়তে পারে।

    একই সঙ্গে বিস্ফোরক পদার্থের অবশিষ্টাংশ, ভারী ধাতু, হাইড্রোকার্বন এবং রকেটের জ্বালানি দক্ষিণ লেবাননের চুনাপাথরনির্ভর ভূগর্ভস্থ জলাধারে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

    সংস্থাটির মহাপরিচালক ওয়াসিম দাহের স্বীকার করেছেন, দূষণের প্রকৃত মাত্রা সম্পর্কে তাঁদের জানার সীমাবদ্ধতা রয়েছে।

    তাঁদের দল নির্দিষ্ট কিছু উপাদানের উপস্থিতি পরীক্ষা করে। কিন্তু ইসরায়েল কী ধরনের অস্ত্র ব্যবহার করছে, তা জানা না থাকলে উপযুক্ত দূষক শনাক্তের পরীক্ষাও সব সময় করা সম্ভব হয় না।

    তাঁর সবচেয়ে বড় উদ্বেগ, বিভিন্ন ক্ষতিকর দূষক পরীক্ষার বাইরে থেকে যেতে পারে।

    লেবাননে মাটি পরীক্ষার দায়িত্ব কৃষি মন্ত্রণালয়ের। অন্যদিকে পানি পরীক্ষার দায়িত্ব পানি কর্তৃপক্ষের।

    কিন্তু দুটি প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল এক জায়গায় সমন্বিতভাবে সংরক্ষণ করা হয় না বলে দক্ষিণ লেবানন পানি কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন।

    গবেষক কেহদির মতে, প্রয়োজনীয় পরীক্ষা ছাড়া ইসরায়েলের যুদ্ধের কারণে স্থানীয় ভূগর্ভস্থ পানি আদৌ দূষিত হয়েছে কি না কিংবা হয়ে থাকলে তার মাত্রা কতটা, তা নির্ধারণ করা অসম্ভব।

    তাঁর সতর্কবার্তা আরও গুরুতর।

    চুনাপাথরের ভূগর্ভস্থ জলাধার ভারী ধাতুতে দূষিত হলে তা কার্যত পরিষ্কার করা অসম্ভব হয়ে পড়ে। কারণ পাথরের গভীর ফাটলে আটকে থাকা দূষক সম্পূর্ণভাবে অপসারণ করা যায় না।

    অর্থ ও সময় ব্যয় করে পানির পাইপলাইন মেরামত করা সম্ভব।

    কিন্তু একটি ধ্বংসপ্রাপ্ত ভূগর্ভস্থ জলাধার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।

    গ্রামগুলো জনশূন্য হয়ে পড়ছে

    ফ্রাউন গ্রামের পুকুরটি এখন পানিতে ভরা।

    গ্রামটির ইতিহাস যত পুরোনো, পুকুরটির ইতিহাসও প্রায় ততটাই পুরোনো। একসময় এটি ছিল ছোট্ট একটি কৃষিনির্ভর জনপদ।

    গ্রামের মানুষের অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে এই পুকুরের সঙ্গে।

    কেউ এখানে সাঁতার শিখেছেন। কেউ পুকুর থেকে পানি তুলেছেন। কেউ পাড়ে বসে বাসন ধুয়েছেন। কেউ গাধার পিঠে পানি বহন করে বাড়ি নিয়ে গেছেন। কেউ এখানকার পানি দিয়ে পুদিনাখেতে সেচ দিয়েছেন।

    পুকুরের পাশে থাকা একটি ফলকে লেখা রয়েছে, প্রায় এক দশক আগে ইতালির অর্থায়ন এবং লেবাননের পুনর্গঠন পরিষদের সহায়তায় এটি সংস্কার করা হয়েছিল।

    বৃষ্টির পানি এবং রাস্তা দিয়ে গড়িয়ে আসা পানিতে পুকুরটি পূর্ণ হয়।

    যুদ্ধের মধ্যেও পুকুরটি টিকে গেছে।

    এ বছর এর পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেশি।

    কিন্তু এর কারণ বেশি বৃষ্টিপাত নয়।

    স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান মোহাম্মদ মাক্কি বলেন, ‘কৃষিকাজ যদি আগের মতো চলত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো। সম্ভবত পুকুরটি শুকিয়ে যেত। কারণ মানুষ সেচের জন্য পানি তুলে নিত। এখন আর বেশি কৃষিজমি নেই। তাই পানি দীর্ঘ সময় ধরে পুকুরেই থেকে যাচ্ছে।’

    মাক্কির হিসাবে, ২০২৪-২৫ মৌসুমে ফ্রাউন গ্রামে স্বাভাবিক ৩০ টন মধু উৎপাদনের মধ্যে প্রায় ২৭ টনই হারিয়ে গেছে।

    যুদ্ধের কারণে মৌচাষিরা মৌচাকের কাছে যেতে পারেননি। পানির অভাবে মৌমাছি মারা গেছে অথবা অন্যত্র চলে গেছে।

    মাংস উৎপাদনের জন্য প্রতিদিন যে ছাগলগুলো বাইরে পাঠানো হতো, সেগুলোও হারিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সাতটি কসাইয়ের দোকান।

    তামাকের খেত পানির অভাবে শুকিয়ে গেছে। জলপাইগাছের ফল সংগ্রহ করা হয়নি। ফলগুলো ধুলায় ঢেকে থেকেছে।

    একটি পুকুর তখনই পানিতে ভরা থাকে, যখন সেই পানি ব্যবহার করার মানুষ আর অবশিষ্ট থাকে না।

    ফ্রাউন থেকে ১৩ কিলোমিটার দূরের দেবাল গ্রামের ৮০ বছর বয়সী বাসিন্দা ইনসাফ ফাউরের অভিজ্ঞতাও প্রায় একই রকম।

    তাঁর স্মৃতিতে, কয়েক দশক আগে আশপাশের গ্রামের মানুষকে পানি কিনতে হলেও দেবাল নিজের প্রাকৃতিক পানির উৎসের ওপর নির্ভর করতে পারত।

    কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তীব্র খরার কারণে গ্রামের পরিবারগুলোকে প্রতি মৌসুমে দুই থেকে তিন ট্যাংকার পানি কিনতে হতো।

    এ বছর সেই প্রয়োজনও হয়নি।

    ফাউর বলেন, ‘আমরা পানি কিনিনি। কারণ এখন পানি পাওয়া যাচ্ছে। কারণ বাড়িঘরে মানুষ কম।’

    ২০২৪ সালের পর থেকে গ্রামটির কয়েক ডজন বসতবাড়ি ধ্বংস হয়েছে।

    বাড়ি কমে যাওয়ায় মানুষও কমে গেছে। ফলে অবশিষ্ট মানুষের জন্য তুলনামূলক বেশি পানি পাওয়া যাচ্ছে।

    জুলাইয়ে আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ প্রকাশিত একটি গবেষণায় দক্ষিণ লেবাননের বাসিন্দাদের ঘরে ফেরার অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়।

    সম্প্রতি এলাকায় ফিরে আসা ৬৪ জনকে নিয়ে আটটি ফোকাস গ্রুপের আলোচনার ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়।

    গবেষকরা একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন।

    কোনো এলাকায় ফিরে আসা আর সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারা এক বিষয় নয়।

    ভৌগোলিক প্রত্যাবর্তন বলতে বোঝায় নিজের বাড়ি বা শহরে আবার বসবাস শুরু করা।

    অন্যদিকে টেকসই প্রত্যাবর্তনের জন্য প্রয়োজন সেখানে জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা, কাজ, বিনিয়োগ এবং স্থায়ীভাবে থাকার সক্ষমতা পুনরুদ্ধার করা।

    গবেষণায় অংশ নেওয়া অনেকেই এই দুই অবস্থার মাঝখানে আটকে ছিলেন।

    একজন অংশগ্রহণকারী বলেন, ‘আমরা ফিরে এসেছি, কিন্তু নিশ্চিন্ত হতে পারিনি।’

    কেউ জানিয়েছেন, তাঁদের এলাকায় পানি পাওয়া যাচ্ছে। অন্যদিকে কেউ বলেছেন, একেবারেই পানি নেই।

    গবেষকদের মতে, এই পার্থক্য দেখায় কেন শুধু সামগ্রিক পরিসংখ্যান দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করা যথেষ্ট নয়।

    প্রতিটি গ্রাম ও পাড়ার বাস্তব পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

    গবেষণার উপসংহারে বলা হয়েছে, প্রত্যাবর্তনের সাফল্য শুধু কত পরিবার ঘরে ফিরেছে কিংবা কতটি বাড়ি মেরামত হয়েছে, তা দিয়ে পরিমাপ করা উচিত নয়।

    বরং দেখতে হবে পরিবারগুলো স্থায়ীভাবে বসবাসের সক্ষমতা ফিরে পেয়েছে কি না এবং স্বাভাবিক জীবনযাপন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে কি না।

    পানির সঙ্গে হারিয়ে যাচ্ছে মানুষের স্মৃতিও

    ইনসাফ ফাউরের বয়স যখন সাত কিংবা আট বছর, তখন তিনি মায়ের সঙ্গে গ্রামের ঝরনা থেকে পানি আনতে যেতেন।

    সেই স্মৃতি এখনো তাঁর মনে জীবন্ত।

    বিয়ের পরও তিনি ওই ঝরনার ওপর নির্ভর করতেন। সেখানে সন্তানদের গোসল করাতেন, কাপড় ধুতেন, প্রতিবেশীদের সঙ্গে দেখা করতেন।

    পানির কলসি ভরার অপেক্ষায় চলত গল্প আর আড্ডা।

    দিনের বেলায় ঝরনার পানি কমে গেলে নারীরা রাতে যেতেন। একে একে অপেক্ষা করতেন, কখন কলসি ভরার মতো পানি পাওয়া যাবে।

    কিন্তু একসময় ঝরনাটি শুকিয়ে যায়।

    কারণ এর উজানে পৌরসভার উদ্যোগে একটি কূপ খনন করা হয়েছিল।

    দেবাল গ্রামের পৌর কর্মকর্তা হায়দার ফাওয়াজও তাঁর শৈশবের একটি হ্রদের কথা মনে করেন।

    ছোটবেলায় সেখানে সাঁতার কাটতেন তিনি।

    ২০০৬ সালে হ্রদটিতে গোলাবর্ষণ করা হয়। আবার ২০২৪ সালে। এরপর চলতি বছরেও।

    হ্রদটির কথা বলতে গিয়ে তাঁর মনে পড়ে আরও পুরোনো আরেকটি হ্রদের কথা।

    ২০০০ সালের পর কোনো একসময় সেটি পরিত্যক্ত হয়ে যায়। পরে সেই জায়গায় স্থাপনা নির্মাণ করা হয়।

    ফাওয়াজ বলেন, ‘যখন কোনো কিছু হারিয়ে যায়, তার সঙ্গে স্মৃতিও হারিয়ে যায়।’

    কাছের কাফরসির গ্রামের বাসিন্দা আবির সাত মাস ধরে চার সন্তানকে নিয়ে বৈরুতের একটি বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

    তাঁর বাড়ি ধ্বংস হয়ে গেছে। স্বামীর গাড়িটিও নেই।

    গ্রামের অবশিষ্ট অংশে বিদ্যুৎ কিংবা পানির ব্যবস্থাও নেই।

    আবির বলেন, ‘আমি ফিরে গিয়ে গ্রামের অবস্থা দেখতে চাই না। এখনো সেখানে যাইনি। কারণ গ্রামটিকে এমন অবস্থায় দেখতে চাই না।’

    তিনি বিশেষভাবে মনে করেন বাড়ির সামনে থাকা একটি তুঁতগাছের কথা।

    তাঁর মা প্রায় ৩০ বছর আগে গাছটি লাগিয়েছিলেন।

    বড় হতে হতে গাছটি এতটাই বিস্তৃত হয়েছিল যে পুরো বাড়িটিকে ছায়ায় ঢেকে রাখত।

    সেই গাছের নিচে বসে আবির কফি পান করতেন। সকালের নাশতা খেতেন। পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করতেন।

    ইসরায়েলি হামলায় তাঁদের বাগানের সঙ্গে গাছটিও ধ্বংস হয়েছে।

    আবির বলেন, ‘যখন আপনি বাড়ি হারান, তখন বাড়ির সঙ্গে আপনার স্মৃতি আর সুন্দর মুহূর্তগুলোও হারিয়ে যায়।’

    নিজের গ্রামের পাশ দিয়ে প্রবাহিত লিতানি নদীতে যেতে না পারার কষ্টও তাঁকে তাড়া করে।

    নদীটি কাফরসির গ্রামের কাছে কাকিয়াত আল-জিসর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

    আবির বলেন, ‘আমাদের নদীর ধারে এমন সব গাছ ছিল, যেগুলো নিজেরাই জন্মেছিল। বুনো আপেলগাছ ছিল। ছিল মিষ্টি শরবতের স্বাদ। কেউ গাছগুলো লাগায়নি। কিন্তু এখন ইসরায়েল আমাদের সেই নদী থেকেও বঞ্চিত করেছে।’

    তিনি স্মৃতিচারণা করেন, ‘প্রতি রোববার আমরা নদীর কাছে যেতাম। পুরো পরিবার একসঙ্গে হতো। কেউ ফল নিয়ে আসত, কেউ তরমুজ, কেউ মাংস। আমরা আগুনে মাংস ঝলসে খেতাম।’

    ‘পানির ধারে গাছের নিচে বসতাম। নদীর ঠান্ডা পানির মধ্যে তরমুজ রেখে দিতাম, যাতে সেগুলো ঠান্ডা হয়।’

    চলতি বছরের শুরুতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ইসরায়েলি নারীরা দক্ষিণ লেবাননের হাসবানি নদীতে সাঁতার কাটছেন।

    ভিডিওটি দেখার পর আবিরের ভেতরে তীব্র ক্ষোভ তৈরি হয়।

    তিনি বলেন, ‘ভিডিওটি দেখে আমি রাগে ফেটে পড়েছিলাম। তারা আমাদের নদীতে সাঁতার কাটছে, অথচ আমাদেরই সেখানে যাওয়ার অনুমতি নেই।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধের ধ্বংসস্তূপেও অমলিন কোরআনের প্রতি মোহাব্বত, গাজায় ১,০০০ হাফেজকে সংবর্ধনা

    নভেম্বর 13, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে এশিয়ার সামনে যে পথ

    নভেম্বর 13, 2026
    আন্তর্জাতিক

    আসামে ভয়াবহ বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৩

    নভেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.