ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা গত বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাতে জানায়, দেশটির হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিতে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে। এর কয়েক ঘণ্টা পর বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি করে আইআরজিসি।
আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি হামলাটিকে ‘গুরুতর সতর্কবার্তা’ বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালিতে তেল চোরাচালান বন্ধ করতে হবে। এ ধরনের কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির মহাকাশ বাহিনী সীমাহীনভাবে জবাব দিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্সের দাবি, তাদের মহাকাশ বাহিনী হামলা চালিয়ে রাডার স্থাপনাটি ধ্বংস করেছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ওয়াশিংটন ও মানামা থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর অভিযান পরিচালনায় এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার এমন দাবি গত সেপ্টেম্বরের শুরুর পর এই প্রথম। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত পরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর মধ্যে ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন।
এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও তেল পরিবহন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও প্রভাব পড়তে পারে। তবে বাহরাইনের রাডার স্থাপনায় হামলার দাবি এবং এর ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

