Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে এশিয়ার সামনে যে পথ
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে এশিয়ার সামনে যে পথ

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হরমুজ প্রণালীতে অলসভাবে দাঁড়িয়ে থাকা জাহাজ। ছবি: এক্স স্ক্রিনশট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত ১১ নভেম্বর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। প্রণালিটির ব্যবস্থাপনা নিয়ে তেহরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলেও জানান তিনি। তবে ইরানের দেওয়া সাতটি শর্তের বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো জবাব দেয়নি।

    এর দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘সামরিক দিক থেকে কার্যত শেষ’। তবে তিনি স্পষ্ট করে দেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল থাকবে। ফলে দুই পক্ষই এখন অন্য পক্ষের প্রথম পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। কারণ, কেউই বিশ্বাস করে না যে প্রতিপক্ষ দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে।

    এমন পরিস্থিতিতে অচলাবস্থা কাটানোর সুযোগ তৈরি হয়েছে এশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলোর সামনে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে এসব দেশের নেতারা মিলিত হবেন। এই সম্মেলন হরমুজ সংকট সমাধানে নতুন উদ্যোগ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।

    হরমুজ প্রণালি বন্ধ থাকার সবচেয়ে বড় অর্থনৈতিক মূল্য দিতে হয়েছে এশিয়াকেই। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিদিন প্রায় দেড় কোটি ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছে। এর মধ্যে শুধু চীন ও ভারতই পেয়েছে ৪৪ শতাংশ।

    জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর দেশটির আমদানি করা অপরিশোধিত তেলের ৯৪ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে। আর সেই তেলের ৯৩ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছে।

    অন্যদিকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তাদের আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় দুই-তৃতীয়াংশই এই প্রণালি দিয়ে পেয়েছে। গত ৫ নভেম্বর নতুন করে তেলবাহী জাহাজে হামলার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৬৭ ডলার বেড়ে ৯৮ দশমিক ২৯ ডলারে পৌঁছায়।

    সমস্যা প্রস্তাবের অভাব নয়, বাস্তবায়নের নিশ্চয়তা

    ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় মূল সমস্যা নতুন প্রস্তাবের অভাব নয়। সংকট হচ্ছে, কোনো সমঝোতা হলে তা কার্যকর থাকবে কি না, সেই নিশ্চয়তার অভাব।

    গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু নতুন করে হামলা শুরু হওয়ায় এক মাসের মধ্যেই সেটি ভেঙে পড়ে।

    ইরান এখন এমন নিশ্চয়তা চাইছে, যাতে অবমুক্ত করা অর্থ ভবিষ্যতে আবার জব্দ করা না যায়। বিপরীতে মার্কিন কর্মকর্তাদের অবস্থান হলো, যেকোনো চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ওপর নির্ভরশীল হতে হবে। অর্থাৎ ইরান প্রতিশ্রুতি পূরণ করার আগে কোনো অর্থ ছাড় করা যাবে না।

    তাই দীর্ঘস্থায়ী সমঝোতার জন্য এমন একটি ব্যবস্থা প্রয়োজন, যেখানে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিনিময়ে ইরান ধারাবাহিকভাবে অর্থনৈতিক সুবিধা পাবে এবং অর্থ ছাড়ের আগে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে কি না, তা যাচাই করতে পারবে।

    তবে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপ করে এই সমস্যার সমাধান সম্ভব নয়।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের মূল্যের ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ফি আদায়ের প্রস্তাব দিয়েছে। ওমান প্রায় ৩ শতাংশ ফি নিয়ে আলোচনা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ফি আরোপের পক্ষেই নয়।

    এদিকে বিমা কোম্পানিগুলো যুদ্ধঝুঁকি-সংক্রান্ত এমন শর্ত যুক্ত করেছে, যার আওতায় এ ধরনের ফি পরিশোধকারী জাহাজের বিমা সুরক্ষা বাতিল হতে পারে। বিশ্বের প্রধান নৌপরিবহন সংগঠনগুলোও বাধ্যতামূলক এই অর্থ আদায়কে নামমাত্র ভিন্ন হলেও কার্যত একটি টোল হিসেবে আখ্যা দিয়েছে।

    ফলে শুল্কভিত্তিক ব্যবস্থা চালু হলে হরমুজ প্রণালির আইনি অবস্থান নিয়ে বিরোধ থেকেই যাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য যেকোনো সমঝোতা প্রত্যাখ্যানের যুক্তিও তৈরি হবে।

    জাহাজ চলাচলের জন্য নয়, ইরানের তেলের মূল্য পরিশোধের প্রস্তাব

    এই অচলাবস্থা কাটাতে এশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলোর সামনে ভিন্ন একটি পথ রয়েছে। সেটি হলো, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরানকে অর্থ না দিয়ে দেশটির কাছ থেকে তেল কেনার বিনিময়ে মূল্য পরিশোধ করা।

    প্রস্তাব অনুযায়ী, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় নিয়ে সীমিত পরিসরে আবার ইরানের অপরিশোধিত তেল আমদানি শুরু করতে পারে। দেশগুলো ২০১৮ সালের পর ইরান থেকে তেল কেনা বন্ধ করেছিল।

    এই ব্যবস্থায় ইরানের তেল বিক্রির অর্থ আমদানিকারক দেশগুলোর নিজস্ব ব্যাংকে স্থানীয় মুদ্রায় সংরক্ষিত থাকবে। সেই অর্থ কেবল সংশ্লিষ্ট দেশগুলো থেকে ইরানের পণ্য আমদানির জন্য ব্যবহার করা যাবে।

    এ ধরনের ব্যবস্থার নজির আগেও রয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এবং ২০১৮ সালে অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড়ের আওতায় বিভিন্ন দেশ ইরানের তেল আমদানি করতে পেরেছিল। শর্ত ছিল, তেল বিক্রির অর্থ স্থানীয় মুদ্রার হিসাবে সংরক্ষণ করতে হবে।

    নতুন ব্যবস্থায় অতিরিক্ত একটি শর্ত যুক্ত করা যেতে পারে। সেটি হলো, হরমুজ প্রণালি দিয়ে সব দেশের জাহাজকে কোনো ধরনের টোল ছাড়াই বৈষম্যহীনভাবে চলাচলের সুযোগ দিতে হবে। প্রকাশ্যে পাওয়া তেলবাহী জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের তথ্য ব্যবহার করে এই শর্ত মানা হচ্ছে কি না, তা যাচাই করা সম্ভব।

    এই প্রস্তাব ইরানের জন্য শুল্ক আদায়ের চেয়েও শক্তিশালী অর্থনৈতিক প্রণোদনা তৈরি করতে পারে।

    আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরান প্রতিদিন প্রায় ১৬ লাখ ৯০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি করেছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, নৌ-অবরোধের কারণে ২ হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের ইরানি অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারেনি।

    হরমুজ প্রণালি উন্মুক্ত হলে ইরানের তেল রপ্তানি আবার শুরু হবে। একই সঙ্গে তিনটি বড় ক্রেতা দেশের কাছ থেকে নিয়মিত আয়ও নিশ্চিত হবে। কিন্তু প্রণালি বন্ধ করে দিলে দুটি সুবিধাই হারাবে তেহরান।

    এ ধরনের ব্যবস্থার প্রতি ইরানের আগ্রহের ইঙ্গিতও পাওয়া গেছে। গত জুলাইয়ে দেশটির জাতীয় তেল কোম্পানি জাপানসহ সাবেক ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে তেল বিক্রি পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

    তবে ইরানের আপত্তি শুধু অর্থনৈতিক বিষয়েই সীমাবদ্ধ থাকবে না।

    গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই এবং মার্কিন বাহিনীকে সেখান থেকে সরে যেতে হবে। ইরানের শর্তগুলোর মধ্যে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর দাবিও রয়েছে।

    প্রস্তাবিত ব্যবস্থা এই দাবির আংশিক সমাধান দিতে পারে। ওমানের নিজস্ব প্রস্তাব অনুযায়ী, হরমুজের নৌপথ ব্যবস্থাপনায় ইরান ও ওমানের ভূমিকা স্বীকার করা যেতে পারে। তবে শর্ত থাকবে, আঞ্চলিক ব্যবস্থাপনার অধীনে কেবল স্বেচ্ছায় ফি দেওয়া যাবে, বাধ্যতামূলক কোনো শুল্ক থাকবে না।

    কিন্তু এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি পূরণ করতে পারবে না। ফলে মার্কিন অবরোধের কাঠামো বহাল থাকে—এমন যেকোনো চুক্তি ইরানের কট্টরপন্থিরা প্রত্যাখ্যান করতে পারেন।

    বিশ্বাসের সংকট কাটানোই বড় চ্যালেঞ্জ

    এই ব্যবস্থায় উভয় পক্ষই কিছু ঝুঁকি দেখবে।

    দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির প্রায় ৬০০ কোটি ডলার আটকে ছিল। ২০২৩ সালে সেই অর্থ কাতারে স্থানান্তর করা হয়। কিন্তু ৭ অক্টোবরের হামলার পর ওয়াশিংটন ও দোহার মধ্যে একটি ‘নীরব সমঝোতার’ ভিত্তিতে অর্থটি আবারও আটকে দেওয়া হয়।

    প্রস্তাবিত ব্যবস্থায় অর্থ জমিয়ে না রেখে নিয়মিত আমদানির কাজে ব্যবহার করা হলে নতুন করে জব্দ হওয়ার ঝুঁকিতে থাকা অর্থের পরিমাণ অনেক কম থাকবে।

    এ ছাড়া যুক্তরাষ্ট্র বিশেষ ছাড় বাতিল করলে তার তিনটি অংশীদার দেশের তেল সরবরাহও ক্ষতিগ্রস্ত হবে। ফলে প্রতিশ্রুতি ভঙ্গ করার অর্থনৈতিক ও কূটনৈতিক মূল্য ওয়াশিংটনের জন্য বেড়ে যাবে।

    তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে এই প্রস্তাবের বিরোধিতাও হতে পারে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, এসব পক্ষের অনেকেই ইরানের ওপর চাপ অব্যাহত রাখার পক্ষে।

    তাদের যুক্তি হবে, সীমিত পরিমাণ অর্থ পেলেও তেহরান সেই রাজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠনে ব্যবহার করতে পারে।

    এই ঝুঁকি কমাতে অর্থ কেবল ক্রেতা দেশগুলোর পণ্য আমদানিতে ব্যবহারের শর্ত দেওয়া যেতে পারে। একই সঙ্গে তেল আমদানির পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে রাখা এবং ব্যাংক হিসাব নিয়মিত নিরীক্ষার ব্যবস্থা করা সম্ভব।

    এতে ঝুঁকি পুরোপুরি দূর হবে না, তবে তা নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে।

    মূলত এখানে দুটি বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। একটি হলো, সীমিত ও পর্যবেক্ষণযোগ্য অর্থপ্রবাহের সুযোগ দেওয়া। অন্যটি হলো, অনির্দিষ্টকাল ধরে নৌ-অবরোধ বহাল রাখা।

    এই প্রস্তাবে রাজি করানোর ক্ষেত্রে সবচেয়ে কঠিন পক্ষ হতে পারে ওয়াশিংটন।

    ট্রাম্প এখনো হরমুজের নৌ-অবরোধকে ইরানের ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ধরে রেখেছেন। গত ৭ নভেম্বর অবরোধ আরও কঠোর করতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে নতুন একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে।

    তবে এই অচলাবস্থার অর্থনৈতিক মূল্য যুক্তরাষ্ট্রকেও দিতে হচ্ছে।

    আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের দাম ছিল ৩ দশমিক ৯৮ ডলার এবং ডিজেলের দাম ছিল ৬ দশমিক ১৬ ডলার। এক বছর আগের তুলনায় দাম যথাক্রমে প্রায় ৩০ ও ৬৫ শতাংশ বেশি।

    ট্রাম্প নিজেও মধ্যবর্তী নির্বাচনে তাঁর দলের বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকার কথা স্বীকার করেছেন।

    প্রস্তাবিত ব্যবস্থাটি ট্রাম্পকে নিজের শর্ত বজায় রেখেই অবরোধ তুলে নেওয়ার সুযোগ দিতে পারে। কারণ, এতে সরাসরি কোনো নগদ অর্থ তেহরানের হাতে পৌঁছাবে না। হরমুজ বন্ধ হলে অর্থ পরিশোধও বন্ধ হবে। আর বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হলে নতুন করে অনুমোদন না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে না।

    জাপান ও চীনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ

    এই প্রস্তাব জাপানের বর্তমান অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

    জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেছেন, হরমুজ সংকট নিয়ে তাঁর দেশ ইরানের সঙ্গে এককভাবে আলোচনা করার কথা বিবেচনা করছে না। বরং সব দেশের জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারে, এমন পরিস্থিতি তৈরির পক্ষেই টোকিও।

    তবে জাপান ও চীনের সম্পর্ক বর্তমানে ১৯৭২ সালের পর সবচেয়ে খারাপ পর্যায়গুলোর একটিতে রয়েছে। ফলে প্রস্তাবিত ব্যবস্থা নিয়ে আলোচনা ওয়াশিংটনের মাধ্যমেই এগিয়ে নিতে হবে।

    অন্যদিকে চীনের ভূমিকা তুলনামূলকভাবে সীমিত হতে পারে। দেশটির প্রধান কাজ হবে এই উদ্যোগে বাধা না দেওয়া।

    ২০২৫ সালে চীনের সমুদ্রপথে আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ এসেছে ইরান থেকে। তবে বেইজিং যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড়ের আওতায় এসব তেল কেনার ব্যবস্থা করবে—এমন সম্ভাবনা কম।

    তারপরও চীন এই সংকটের সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

    গত মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। একই মাসে শি ও ট্রাম্প একমত হয়েছিলেন যে হরমুজ প্রণালি অবশ্যই উন্মুক্ত রাখতে হবে।

    শেনঝেনে তাঁদের বৈঠক বেইজিংয়ের জন্য একটি নতুন সুযোগ তৈরি করতে পারে। সেখানে চীন প্রস্তাবিত ব্যবস্থার প্রতি সমর্থনের ইঙ্গিত দিতে এবং ইরানকে আলোচনায় অংশ নিতে উৎসাহিত করতে পারে।

    তবে এই উদ্যোগের সীমাবদ্ধতাও স্পষ্ট।

    এতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধের সমাধান হবে না। লেবাননে চলমান সংঘাত কিংবা নিষেধাজ্ঞা প্রত্যাহারে তেহরানের দাবিও নিষ্পত্তি হবে না।

    এ ছাড়া ব্যাংকগুলোর সতর্ক সহযোগিতার ওপরও ব্যবস্থা কার্যকর হওয়ার বিষয়টি নির্ভর করবে। কারণ, ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় থাকা ইরানের বিশেষ ব্যাংক হিসাব নিষেধাজ্ঞা এড়ানোর একটি পরিকল্পনায় অপব্যবহারের নজির রয়েছে।

    তাই এই ব্যবস্থা কোনো পূর্ণাঙ্গ শান্তিচুক্তির বিকল্প নয়। বরং বৃহত্তর রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত বিরোধের আলোচনা চলার সময় হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার একটি অন্তর্বর্তী অর্থনৈতিক সমাধান হতে পারে।

    গত জুনে পাকিস্তানের মধ্যস্থতা দেখিয়েছে, ওয়াশিংটন ও তেহরান একটি অভিন্ন সমঝোতার নথিতে স্বাক্ষর করতে পারে। কিন্তু সেই সমঝোতা ভেঙে পড়ার ঘটনা এটিও প্রমাণ করেছে যে শুধু স্বাক্ষর করলেই কোনো চুক্তি টিকে থাকে না।

    মধ্যস্থতাকারী দেশ হিসেবে এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় পাকিস্তান উভয় পক্ষকে এই নতুন ব্যবস্থা বিবেচনা করতে উৎসাহিত করতে পারে।

    হরমুজ দিয়ে জাহাজ চলাচলের জন্য অর্থ আদায়ের পরিবর্তে ইরানের তেলের মূল্য পরিশোধের ব্যবস্থা তেহরানকে প্রণালি উন্মুক্ত রাখার একটি বাস্তব বাণিজ্যিক কারণ দেবে। একই সঙ্গে ওয়াশিংটন শর্ত বাস্তবায়ন যাচাই করার সুযোগ পাবে এবং এশিয়ার আমদানিকারক দেশগুলো অপেক্ষাকৃত স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে।

    আগামী সপ্তাহে শেনঝেন সম্মেলনে এশিয়ার নেতাদের তাই এই প্রস্তাব আলোচনার টেবিলে তোলা উচিত।

    • বিলাল হাবিব কাজী, পিএইচডি। তিনি ইসলামাবাদভিত্তিক ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজের একজন গবেষণা বিশ্লেষক। সূত্র: এশিয়া টাইমস
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধের ধ্বংসস্তূপেও অমলিন কোরআনের প্রতি মোহাব্বত, গাজায় ১,০০০ হাফেজকে সংবর্ধনা

    নভেম্বর 13, 2026
    আন্তর্জাতিক

    লেবাননের পানির উৎসে ইসরায়েলের যুদ্ধ যেভাবে অস্তিত্বের সংকট তৈরি করেছে

    নভেম্বর 13, 2026
    আন্তর্জাতিক

    আসামে ভয়াবহ বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৩

    নভেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.