বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিক অভিযোগের মুখে সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং পদত্যাগ করার পর প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকের বেশি সময় ধরে এনভিডিয়ার আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব সামলানো ক্রেস এখন বিশ্বের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেবেন।
প্রশ্ন হচ্ছে, কে এই কোলেট ক্রেস এবং কীভাবে এনভিডিয়ার অর্থ বিভাগের প্রধান থেকে তিনি প্রতিষ্ঠানটির সর্বোচ্চ নির্বাহী পদে পৌঁছালেন?
অর্থ বিভাগ থেকে সিইওর চেয়ারে
৫৯ বছর বয়সী কোলেট ক্রেস ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেন। এর আগে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, মাইক্রোসফট ও সিসকোর মতো বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের অর্থ বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
এনভিডিয়ায় যোগ দেওয়ার পর থেকেই প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব সামলেছেন ক্রেস। তাঁর দায়িত্বকালে প্রতিষ্ঠানটি ভিডিও গেমের গ্রাফিকস চিপ নির্মাতা থেকে এআই প্রযুক্তির সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়। একই সময়ে এনভিডিয়ার বাজারমূল্য বেড়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেতৃত্বের ধরনে জেনসেন হুয়াং ও কোলেট ক্রেসের মধ্যে বড় পার্থক্য রয়েছে। হুয়াং কঠোর ও অনেক সময় আক্রমণাত্মক ব্যবস্থাপনা পদ্ধতির জন্য পরিচিত হলেও ক্রেস তুলনামূলক শান্ত ও সংযত স্বভাবের।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হার্ভি সি জোনসও ক্রেসের ওপর আস্থা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, এনভিডিয়ার প্রবৃদ্ধির পুরো সময়টিতে কোলেট গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। প্রতিষ্ঠানটির ব্যবসা, গ্রাহক, পরিচালনব্যবস্থা ও আর্থিক অবস্থান সম্পর্কে তাঁর গভীর ধারণা রয়েছে। কোলেট এবং তাঁর নেতৃত্বাধীন দলের ওপর পরিচালনা পর্ষদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক সবসময় মসৃণ ছিল না
এনভিডিয়ার শীর্ষ দায়িত্বে এলেও জেনসেন হুয়াংয়ের সঙ্গে ক্রেসের পেশাগত সম্পর্ক সবসময় মসৃণ ছিল না বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত গ্রীষ্মে একটি বৈঠকে ক্রেসের উপস্থাপনার মাঝখানে তাঁকে থামিয়ে দেন হুয়াং।
সে সময় ক্রেসকে উদ্দেশ করে তিনি বলেন, তাঁকে ‘হেডলাইটের আলোয় আটকে পড়া হরিণের’ মতো দেখাচ্ছে। ইংরেজি এই বাগধারাটি সাধারণত হঠাৎ কোনো পরিস্থিতিতে হতবাক বা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়াকে বোঝাতে ব্যবহৃত হয়।
ওই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রেস তাঁর সবচেয়ে কার্যকর সহযোগীদের একজন নন—এমন ইঙ্গিতও দিয়েছিলেন হুয়াং।
তবে অন্তর্বর্তী সিইওর দায়িত্ব পাওয়ার পর কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় সাবেক প্রধানের প্রশংসাই করেছেন ক্রেস।
তিনি বলেন, জেনসেন গত ৩৩ বছরে এনভিডিয়ার জন্য অসাধারণ একটি ভিত্তি তৈরি করেছেন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নেওয়াই হবে তাঁর দায়িত্ব।
স্থায়ী সিইও হওয়ার দৌড়ে আরও যারা
কোলেট ক্রেস আপাতত অন্তর্বর্তী সিইও ও সিএফও—দুই দায়িত্বই পালন করবেন। তবে তাঁকেই স্থায়ীভাবে প্রধান নির্বাহী করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্থায়ী উত্তরসূরি বেছে নিতে প্রতিষ্ঠানের ভেতর ও বাইরের একাধিক প্রার্থীকে বিবেচনা করছে।
সম্ভাব্য প্রার্থীদের একজন ইয়ান বাক। এনভিডিয়ার এআই হার্ডওয়্যার ও সফটওয়্যার পণ্যের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বাক ২০০৪ সাল থেকে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন। বিশ্বের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে জেনারেটিভ এআই নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
আরেক আলোচিত নাম রেনে হাস। বর্তমানে যুক্তরাজ্যভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংসের সিইও তিনি। এর আগে সাত বছর এনভিডিয়ায় ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া এনভিডিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী এএমডির সিইও লিসা সুয়ের নামও আলোচনায় এসেছে। লিসা সু ও জেনসেন হুয়াং দূরসম্পর্কের আত্মীয়।
কোলেটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন কেন
এনভিডিয়ার মতো প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের নেতৃত্বে কেবল আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা যথেষ্ট কি না—এ নিয়ে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের একাংশের মধ্যে প্রশ্ন রয়েছে।
মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান বিশ্লেষক আনশেল সাগ মনে করেন, বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে ক্রেসকে অন্তর্বর্তী সিইও করা যৌক্তিক সিদ্ধান্ত।
তবে এনভিডিয়াকে বর্তমান প্রবৃদ্ধির পথে দীর্ঘমেয়াদে এগিয়ে নিতে যে প্রযুক্তিগত দূরদর্শিতা প্রয়োজন, ক্রেসের মধ্যে তা কতটা রয়েছে—এ নিয়ে তাঁর সংশয় আছে।
অন্যদিকে ওয়াশিংটনভিত্তিক জামেস্টাউন ফাউন্ডেশনের বিশ্লেষক সানি চেউং মনে করেন, চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যস্থতাকারীদের কাছে চিপ বিক্রির বিষয়ে এনভিডিয়ার নজরদারি নিয়ে মার্কিন কংগ্রেসের প্রশ্নের মুখে পড়তে পারেন ক্রেস।
ফলে নতুন অন্তর্বর্তী সিইও হিসেবে তাঁকে শুধু এনভিডিয়ার ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখাই নয়, রাজনৈতিক ও নিয়ন্ত্রক চাপও সামলাতে হবে।
দুই ছেলের পরামর্শে এনভিডিয়ায় যোগ
কোলেট ক্রেসের ব্যক্তিজীবন সম্পর্কেও কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।
২০২৩ সালে ইসরায়েলি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে তাঁকে উৎসাহিত করেছিলেন তাঁর দুই ছেলে। ভিডিও গেম খেলার সুবাদে তারা আগে থেকেই এনভিডিয়ার চিপ সম্পর্কে জানত।
এনভিডিয়ায় দীর্ঘদিন কাজ করার সুবাদে বিপুল সম্পদের মালিকও হয়েছেন ক্রেস। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তাঁর মালিকানাধীন এনভিডিয়ার শেয়ারের মূল্য তাঁকে বিলিয়নিয়ারে পরিণত করে।
ফোর্বসের হিসাবে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১২০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী নারীদের তালিকায় তাঁর অবস্থান ছিল ৩২তম।
আর্থিক বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি এমবিএ করেছেন কোলেট ক্রেস। ব্যবসা-বাণিজ্যে প্রভাবশালী নারীদের বিভিন্ন তালিকাতেও তাঁর নাম রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ফরচুন ও ফোর্বস তাঁকে বিশ্বের প্রভাবশালী নারী নির্বাহীদের তালিকায় স্থান দিয়েছে।
জেনসেন হুয়াংয়ের দীর্ঘ ৩৩ বছরের নেতৃত্বের পর এমন এক সময়ে এনভিডিয়ার হাল ধরেছেন ক্রেস, যখন প্রতিষ্ঠানটি প্রযুক্তি বিশ্বের কেন্দ্রবিন্দুতে। সামনে তাঁর সবচেয়ে বড় পরীক্ষা হবে—হুয়াং-পরবর্তী নেতৃত্বে বাজারের আস্থা ধরে রাখা এবং একই সঙ্গে এনভিডিয়ার প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখা।
সূত্র: দ্য গার্ডিয়ান

