বার্ধক্যকে হারিয়ে মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই লক্ষ্য ঘিরে দেশটির বিজ্ঞানীরা হাজার হাজার বানরের ওপর বার্ধক্য ও দীর্ঘায়ু নিয়ে বিস্তৃত গবেষণা চালাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য সান।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মানুষের আয়ু বাড়ানোর জৈবিক সূত্র খুঁজতে বানরের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে দীর্ঘজীবী বানরগুলোর ওপর—তাদের শরীরে বয়স বাড়ার সঙ্গে কী ধরনের পরিবর্তন ঘটে, সেটিই বোঝার চেষ্টা করছেন গবেষকেরা।
৭৪ বছর বয়সী পুতিনের দীর্ঘায়ু নিয়ে আগ্রহকে কেন্দ্র করে রাশিয়ার এ গবেষণা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে গবেষণাগুলো সরাসরি পুতিনের ব্যক্তিগত আয়ু বাড়ানোর জন্য পরিচালিত হচ্ছে—এমন স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়নি।
সাত হাজারের বেশি বানর নিয়ে গবেষণা
গবেষণার নেতৃত্বে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক।
তাঁর পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান বৈজ্ঞানিক প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে ২২ প্রজাতির সাত হাজারেরও বেশি বানর রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গবেষকদের বিশেষ নজরে রয়েছে ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী দীর্ঘজীবী কিছু বানর। বয়স বাড়ার সঙ্গে তাদের শরীরে কী ধরনের পরিবর্তন হয়, তা বিভিন্ন ধাপে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত কুরচাতভ জিনোম ফোরামে কোভালচুক বলেন, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় নিয়ে বিস্তারিত গবেষণা চলছে।
এর অংশ হিসেবে বানরগুলোর শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালি, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করা হচ্ছে।
কোভালচুকের মতে, মানুষের সঙ্গে শারীরবৃত্তীয় মিল বেশি থাকার কারণে প্রাইমেটদের ওপর এই গবেষণা মানুষের বার্ধক্য বুঝতে এবং ভবিষ্যতে আয়ু বাড়ানোর প্রযুক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।
তৈরি হয়েছে দীর্ঘজীবী বানরের বায়োব্যাংক
গবেষণার অংশ হিসেবে দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণের জন্য বিশেষ একটি বায়োব্যাংকও তৈরি করেছেন রুশ বিজ্ঞানীরা।
পেত্রোভস্কি রাশিয়ান সায়েন্টিফিক সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
কেন্দ্রটির পরিচালক কনস্তানতিন কোটেনকোর মতে, এসব নমুনা দীর্ঘ সময় ধরে বিশ্লেষণ করলে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
বয়স বাড়ার সঙ্গে কোন জিন, কোষ বা জৈবরাসায়নিক পরিবর্তন শরীরের অবক্ষয়ের জন্য দায়ী এবং কোন বৈশিষ্ট্য দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্কিত—এসব প্রশ্নের উত্তর খোঁজাই গবেষণার অন্যতম লক্ষ্য।
শি জিনপিংয়ের সঙ্গে ১৫০ বছর বাঁচা নিয়ে আলোচনা
পুতিনের দীর্ঘায়ু নিয়ে আগ্রহ নতুন নয়।
২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে তাঁকে আলোচনা করতে শোনা যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
খোলা মাইক্রোফোনে ধরা পড়া সেই কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও বায়োটেকনোলজির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো, এমনকি দীর্ঘমেয়াদে অমরত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক একটি প্রদর্শনীতে পুতিন বলেন, ভবিষ্যতে মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব হতে পারে। একই সঙ্গে এত দীর্ঘ আয়ুকেও তিনি চূড়ান্ত সীমা হিসেবে দেখেন না বলে মত দেন।
শুধু বানর নয়, গবেষণা চলছে আরও কয়েক পথে
দীর্ঘায়ু নিয়ে রাশিয়ার গবেষণা শুধু বানরের ওপর পরীক্ষায় সীমাবদ্ধ নয়।
জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য ধীর করার জন্য জিন থেরাপির মতো প্রযুক্তি নিয়েও কাজ করছেন দেশটির বিজ্ঞানীরা।
২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মানুষের আয়ু বাড়ানোর এই গবেষণায় যুক্ত রয়েছেন পুতিনের মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় এন্ডোক্রিনোলজিস্ট বা অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন।
১৫০ বছর বেঁচে থাকা কি সত্যিই সম্ভব?
বার্ধক্যকে ধীর করা কিংবা মানুষের সুস্থ আয়ু বাড়ানোর চেষ্টা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেই গবেষণা চলছে। তবে বানরের শরীরে দীর্ঘায়ুর কোনো জৈবিক বৈশিষ্ট্য শনাক্ত করা গেলেও সেটি মানুষের ক্ষেত্রে একইভাবে কার্যকর হবে—এমন নিশ্চয়তা নেই।
মানুষের বার্ধক্য একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। জিনগত বৈশিষ্ট্য, জীবনযাপন, পরিবেশ, রোগপ্রবণতা ও কোষের পরিবর্তনসহ অসংখ্য বিষয় এর সঙ্গে জড়িত।
ফলে রাশিয়ার এই গবেষণা ভবিষ্যতে মানুষের সুস্থ আয়ু বাড়াতে নতুন তথ্য দিতে পারে। তবে মানুষ সত্যিই ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে কি না, কিংবা বার্ধক্যের প্রক্রিয়া কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে—তার উত্তর এখনো গবেষণার বিষয়।
সূত্র: ডেইলি মেইল, দ্য সান

