গত ১১ নভেম্বর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালি আর কখনো ফিরে যাবে না। প্রণালিটির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে তেহরানের সমঝোতা হয়েছে বলেও জানান তিনি। তবে ইরানের দেওয়া সাতটি শর্তের বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো জবাব দেয়নি বলে অভিযোগ করেন গালিবাফ।
এর দুই দিন আগে ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধকে সামরিকভাবে কার্যত শেষ বলে মন্তব্য করেন। তবে একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। দুই পক্ষই একে অপরের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখতে না পারায় কেউই আগে পদক্ষেপ নিতে চাইছে না। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে অনিশ্চয়তা কাটছে না।
এ পরিস্থিতিতে এশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলোর সামনে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বিভিন্ন দেশের নেতারা। সেখানে হরমুজ প্রণালি সংকট সমাধানের বিষয়টি আলোচনায় আনার সুযোগ রয়েছে।
এই সংকটের অর্থনৈতিক চাপ সবচেয়ে বেশি অনুভব করছে এশিয়া। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছে। এর মধ্যে শুধু চীন ও ভারত পেয়েছে মোট সরবরাহের ৪৪ শতাংশ।
জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর দেশটির অপরিশোধিত তেল আমদানির ৯৪ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে। আর ওই তেলের ৯৩ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তাদের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় দুই-তৃতীয়াংশ এই নৌপথ দিয়ে আমদানি করেছে।
গত ৫ নভেম্বর নতুন করে ট্যাংকারে হামলার ঘটনার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়ে যায়। ওই দিন ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৬৭ ডলার বেড়ে ৯৮ দশমিক ২৯ ডলারে পৌঁছায়।
তবে সংকট সমাধানের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুই পক্ষের মধ্যে আস্থার অভাব এবং চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তা। গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও নতুন করে হামলার ঘটনায় এক মাসের মধ্যেই সেটি ভেঙে পড়ে।
বর্তমানে ইরান চাইছে, তাদের অর্থনৈতিক সম্পদ ছাড় করা হলে ভবিষ্যতে যেন আবার তা আটকে দেওয়া না হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, কোনো অর্থ ছাড়ের আগে ইরানকে চুক্তির শর্ত বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ ওয়াশিংটন চায়, ইরান আগে প্রতিশ্রুতি পালন করুক, এরপর অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে।
এই অচলাবস্থা কাটাতে এশীয় দেশগুলোর জন্য একটি বিকল্প ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে। এর মূল ধারণা হলো, হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানকে কোনো অর্থ না দিয়ে দেশটি থেকে সীমিত পরিমাণে তেল কেনা হবে। জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত যুক্তরাষ্ট্রের বিশেষ নিষেধাজ্ঞা ছাড়ের আওতায় আবারও ইরানের কাছ থেকে তেল আমদানি শুরু করতে পারে।
তেল বিক্রির অর্থ সংশ্লিষ্ট আমদানিকারক দেশগুলোর নিজস্ব ব্যাংকে স্থানীয় মুদ্রায় জমা থাকবে। তবে ইরান সেই অর্থ দিয়ে শুধু ওই দেশগুলো থেকেই পণ্য আমদানি করতে পারবে। অর্থাৎ অর্থ সরাসরি ইরানের হাতে নগদ হিসেবে যাবে না; বরং নির্দিষ্ট বাণিজ্যিক ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এবং ২০১৮ সালে স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্র এমন নিষেধাজ্ঞা ছাড়ের ব্যবস্থা চালু করেছিল। সে সময় কয়েকটি দেশ ইরান থেকে তেল কিনতে পারত এবং বিক্রির অর্থ স্থানীয় মুদ্রায় নিজস্ব ব্যাংক হিসাবেই জমা রাখত। নতুন প্রস্তাবে এই ব্যবস্থার সঙ্গে একটি অতিরিক্ত শর্ত যুক্ত করার কথা বলা হয়েছে। সেটি হলো, সব দেশের জাহাজকে কোনো বৈষম্য বা মাশুল ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সুযোগ দিতে হবে। প্রকাশ্য জাহাজ চলাচলের তথ্য ব্যবহার করে এই শর্ত মানা হচ্ছে কি না, তা যাচাই করা সম্ভব হবে।
প্রস্তাবটির পেছনে যুক্তি হলো, প্রণালি বন্ধ রেখে মাশুল আদায়ের চেয়ে তেল বিক্রির মাধ্যমে ইরানের নিয়মিত আয় নিশ্চিত করা দেশটির জন্য বেশি লাভজনক হতে পারে। ২০২৫ সালে ইরান প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে প্রায় ১৬ লাখ ৯০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের দাবি, নৌ অবরোধের কারণে ইরানের ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল বাজারে আসতে পারেনি।
প্রস্তাব অনুযায়ী, প্রণালি উন্মুক্ত রাখলে ইরান আবারও তেল রপ্তানির সুযোগ পাবে এবং তিনটি বড় ক্রেতাদেশ থেকে নিয়মিত আয় করতে পারবে। বিপরীতে নৌপথ বন্ধ থাকলে রপ্তানি ও সম্ভাব্য আয়—দুটিই বাধাগ্রস্ত হবে। ইরান যে এ ধরনের বাণিজ্যিক সমঝোতায় আগ্রহী হতে পারে, তার ইঙ্গিতও রয়েছে। গত জুলাইয়ে দেশটির জাতীয় তেল কোম্পানি জাপানসহ সাবেক কয়েকটি ক্রেতাদেশের সঙ্গে আবার তেল বিক্রির বিষয়ে যোগাযোগ করেছিল।
তবে বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, এর সঙ্গে ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নও জড়িত। গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার যুক্তরাষ্ট্রের নেই এবং ওয়াশিংটনকে এ অঞ্চল থেকে সরে যেতে হবে। ইরানের শর্তগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর দাবিও রয়েছে।
এ ক্ষেত্রে ওমানের সঙ্গে ইরানের যৌথ ব্যবস্থাপনার ধারণাকে কাজে লাগানো যেতে পারে। প্রস্তাব অনুযায়ী, জাহাজ চলাচলের পথ পরিচালনায় ইরান ওমানের সঙ্গে কাজ করতে পারবে। তবে ব্যবস্থাপনাটি এমন হতে হবে, যাতে ওমানের আঞ্চলিক ব্যবস্থাপনার প্রস্তাব অনুসরণ করা হয় এবং কোনো বাধ্যতামূলক মাশুল আরোপ করা না হয়।
অবশ্য এতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রত্যাহারের ইরানি দাবি পূরণ হবে না। ফলে ইরানের কট্টরপন্থীরা এমন সমঝোতার বিরোধিতা করতে পারে, বিশেষ করে যদি যুক্তরাষ্ট্রের অবরোধ কাঠামো পুরোপুরি বিলুপ্ত না হয়।
অর্থ ছাড়ের বিষয়েও দুই পক্ষের উদ্বেগ রয়েছে। দক্ষিণ কোরিয়ায় ইরানের প্রায় ৬ বিলিয়ন ডলারের তেল বিক্রির অর্থ ২০২৩ সালে কাতারে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু ৭ অক্টোবরের হামলার পর ওয়াশিংটন ও দোহার মধ্যে একটি অনানুষ্ঠানিক সমঝোতার ভিত্তিতে সেই অর্থ আবার আটকে যায়।
নতুন প্রস্তাবে অর্থ সরাসরি ইরানের হাতে না দিয়ে ধারাবাহিকভাবে আমদানির কাজে ব্যবহার করার কথা বলা হয়েছে। এতে আটকে পড়ার ঝুঁকি কমতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা ছাড় প্রত্যাহার করে, তাহলে তিনটি মিত্রদেশের তেল সরবরাহও বাধাগ্রস্ত হবে। ফলে একতরফাভাবে চুক্তি থেকে সরে আসার ক্ষেত্রে ওয়াশিংটনের জন্যও অর্থনৈতিক ও কূটনৈতিক মূল্য তৈরি হবে।
তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের কিছু পক্ষ এই ব্যবস্থার বিরোধিতা করতে পারে। তাদের আশঙ্কা, ইরানের হাতে নতুন করে অর্থ পৌঁছালে দেশটি সামরিক সক্ষমতা পুনর্গঠনে তা ব্যবহার করতে পারে। এ ঝুঁকি কমাতে তেল কেনার পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে রাখা, অর্থের ব্যবহার শুধু ক্রেতাদেশের পণ্য আমদানিতে সীমাবদ্ধ করা এবং ব্যাংক হিসাব নিয়মিত নিরীক্ষার প্রস্তাব রয়েছে। এতে ঝুঁকি পুরোপুরি দূর না হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে।
যুক্তরাষ্ট্রের জন্য প্রস্তাবটি গ্রহণ করা সহজ হবে না। ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালিতে অবরোধকে ইরানের ওপর চাপ বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গত ৭ নভেম্বর অবরোধ আরও কঠোর করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড নতুন একটি বিশেষ কার্যদলও গঠন করেছে।
কিন্তু এই অবস্থানের অর্থনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বাড়ছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের দাম ছিল ৩ দশমিক ৯৮ ডলার এবং ডিজেলের দাম ৬ দশমিক ১৬ ডলার। এক বছর আগের তুলনায় দাম দুটি যথাক্রমে প্রায় ৩০ ও ৬৫ শতাংশ বেশি। ট্রাম্পও স্বীকার করেছেন, যুদ্ধের প্রভাব তাঁর দলের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের পেছনে ভূমিকা রেখেছে।
এ অবস্থায় প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণ করলে ট্রাম্পও নিজের ঘোষিত শর্তের সঙ্গে সামঞ্জস্য রেখে অবরোধ তুলে নেওয়ার সুযোগ পাবেন। কারণ এতে ইরানের হাতে সরাসরি নগদ অর্থ যাবে না, প্রণালি বন্ধ হলেই অর্থ পরিশোধ বন্ধ হয়ে যাবে এবং বিশেষ নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের নতুন অনুমোদন প্রয়োজন হবে।
জাপানের অবস্থানের সঙ্গেও প্রস্তাবটির কিছুটা মিল রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি জানিয়েছেন, ইরানের সঙ্গে একতরফা আলোচনা করার পরিকল্পনা জাপানের নেই। তবে সব দেশের জাহাজ চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে চায় টোকিও। যদিও ১৯৭২ সালের পর জাপান ও চীনের সম্পর্ক বর্তমানে অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে, তাই এই সমঝোতা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের মাধ্যমে আলোচনা এগিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে।
এ ক্ষেত্রে চীনের ভূমিকা সরাসরি চুক্তির নেতৃত্ব দেওয়া নয়, বরং উদ্যোগটিতে বাধা না দেওয়া এবং ইরানকে আলোচনায় উৎসাহিত করা। ২০২৫ সালে চীনের সমুদ্রপথে আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ এসেছে ইরান থেকে। তবে চীন এসব তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছাড়ের আওতায় আসতে আগ্রহী হবে না বলেই ধারণা করা হচ্ছে।
তারপরও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত মে মাসে হরমুজ প্রণালি পুনরায় চালুর উদ্যোগে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। একই সময়ে শি জিনপিং ও ট্রাম্প একমত হয়েছিলেন যে গুরুত্বপূর্ণ এই নৌপথ উন্মুক্ত রাখা প্রয়োজন। শেনজেনে দুই নেতার বৈঠকে চীন এ বিষয়ে নিজেদের সমর্থনের ইঙ্গিত দিতে পারে এবং ইরানকে আলোচনায় অংশ নিতে উৎসাহিত করতে পারে।
অবশ্য প্রস্তাবিত সমঝোতার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ, লেবাননে চলমান সংঘাত কিংবা তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সমাধান করবে না। পাশাপাশি অর্থ লেনদেনে ব্যাংকগুলোর সতর্ক অবস্থানও বড় বাধা হতে পারে। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় ইরানের জন্য সংরক্ষিত ব্যাংক হিসাব নিষেধাজ্ঞা এড়ানোর কাজে অপব্যবহারের অভিযোগ উঠেছিল।
তাই এই উদ্যোগকে পূর্ণাঙ্গ শান্তিচুক্তির বিকল্প হিসেবে দেখা হচ্ছে না। বরং বৃহত্তর রাজনৈতিক ও নিরাপত্তা আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার একটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার দলিল তৈরি হয়েছিল। যদিও এক মাসের মধ্যেই সেটি ভেঙে পড়ে, তবু ঘটনাটি দেখিয়েছে যে দুই পক্ষ আলোচনার মাধ্যমে একটি অভিন্ন কাঠামোয় পৌঁছাতে পারে। পাকিস্তান নিজেও উপসাগরীয় অঞ্চলের জ্বালানির ওপর নির্ভরশীল একটি দেশ। তাই মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদ নতুন প্রস্তাবটি বিবেচনার জন্য দুই পক্ষকে উৎসাহিত করতে পারে।
সব মিলিয়ে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ইরানকে যাতায়াতের মাশুল দেওয়ার পরিবর্তে দেশটি থেকে তেল কেনার প্রস্তাব এশিয়ার জন্য একটি সম্ভাব্য কূটনৈতিক পথ তৈরি করেছে। এতে ইরান নিয়মিত বাণিজ্যিক আয় পেতে পারে, যুক্তরাষ্ট্র জাহাজ চলাচলের শর্ত যাচাই করার সুযোগ পাবে এবং এশিয়ার দেশগুলো জ্বালানি সরবরাহে কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে পারে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর শেনজেন সম্মেলনে এ প্রস্তাব আলোচনায় তোলা গেলে হরমুজ সংকট নিরসনে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

