বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে বাড়ছে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তাঝুঁকি। গত ২৪ ঘণ্টায় সেখানে পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় তেলবাহী ট্যাংকারে আগুন লাগা ও নৌ-মাইনের আঘাতে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছে ইরানের নৌবাহিনী ও বিপ্লবী গার্ড। একই সময়ে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তেহরান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ইরানের দাবি, হামলার শিকার জাহাজগুলোর মধ্যে একটি বিশাল তেলবাহী ট্যাংকারও রয়েছে। কয়েকটি জাহাজে আগুন ছড়িয়ে পড়েছে এবং নৌ-মাইনের আঘাতে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের ভাষ্য, নির্ধারিত নিরাপদ নৌপথের বাইরে চলাচল এবং জাহাজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার কারণে ঝুঁকি আরও বেড়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে।
এদিকে, ইরানের কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে হামলার পরিসংখ্যানও উদ্বেগজনক। ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসির হিসাব অনুযায়ী, অক্টোবর মাসে সেখানে ৩৭টি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। সংঘাত শুরুর পর কোনো এক মাসে এটিই সর্বোচ্চ হামলার ঘটনা।
অন্যদিকে, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালিতে মোট ১৩৪টি জাহাজে হামলা হয়েছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক রয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, হামলার সংখ্যা ১৩০ ছাড়িয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে

