সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর দ্রুত অগ্রযাত্রার কারণে প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে।
সিরিয়া সরকারের প্রধান মিত্র দেশ ইরান, যেটি এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার গৃহযুদ্ধে আসাদের পাশে ছিল। এখন সিরিয়া থেকে তার সেনা এবং কর্মকর্তাদের ফিরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী- তেহরান পরিস্থিতি অবনতির মুখে পড়ায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজি সি) এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের সিরিয়া থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে- যেসব ইরানি কর্মকর্তা সিরিয়া থেকে ফিরছেন তাদের মধ্যে আইআরজি সি কুদস ফোর্সের সিনিয়র কমান্ডাররা, কূটনীতিকরা এবং তাদের পরিবারসহ বেসামরিক নাগরিকরা অন্তর্ভুক্ত রয়েছেন।
শুক্রবার সকাল থেকেই এই প্রত্যাহার কার্যক্রম শুরু হয়েছে। কিছু কর্মকর্তা ইরান থেকে বিমানপথে ফিরে আসছেন। আবার কিছু কর্মকর্তা স্থলপথে লেবানন, ইরাক এবং সিরিয়ার লাতাকিয়া বন্দরের দিকে রওনা হয়েছেন।
গত এক দশক ধরে, রাশিয়ার সাথে যৌথভাবে সিরিয়া সরকারের প্রধান সমর্থক হিসেবে পরিচিত ইরান, সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদকে সমর্থন দিয়ে এসেছে। সিরিয়ার বর্তমান সরকার ইসরাইল ও মার্কিন বিরোধী হিসেবে পরিচিত এবং তাদের মিত্ররা হিসেবে রয়েছেন ইরানপন্থি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
তবে সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত সপ্তাহে, বিদ্রোহীরা সরকারী বাহিনীর বিরুদ্ধে সর্ববৃহৎ আক্রমণ চালিয়েছে এবং তিন দিনের মধ্যেই তারা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নিয়েছে। এ ছাড়াও, বিদ্রোহীরা হামা ও দেরা শহরেও প্রবেশ করেছে।
বিদ্রোহীদের এই বৃহত্তম জোটটির নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। যাদের সিরিয়ার গৃহযুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় ভূমিকা রয়েছে। বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির কারণে সিরিয়ার সরকারের জন্য পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে।
এদিকে হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম সিরিয়া সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, সাম্প্রতিক বিদ্রোহী আক্রমণের পরও তারা তাদের লক্ষ্য পূরণে সক্ষম হবে না। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগ এনে তীব্র সমালোচনা করেন। কাশেম বলেন, “এই আগ্রাসন প্রতিহত করতে আমরা সিরিয়ার সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।”
এই পরিস্থিতিতে, সিরিয়ার গৃহযুদ্ধের ভবিষ্যৎ এবং ইরান ও তার মিত্রদের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

