বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সামাজিক উত্তেজনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেছেন- “যদি বাংলাদেশ সীমান্তে আগুন লাগে, তা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিহার এবং ওড়িশাকেও ভোগাবে।” শুক্রবার ভারতের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম নিউজ-১৮-এ এক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দেন।
মুখ্যমন্ত্রী বাংলাদেশে পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন- “আমরা জানি, মাৎস্যন্যায়-যখন বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, এমন পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। এটি এক ধরনের নেতৃত্বহীনতার ফলস্বরূপ সৃষ্টি হয়েছে, আর এই কারণে সমস্যা দেখা দিচ্ছে। তবে আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না।”
তিনি আরও যোগ করেন যে- বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যদি চলতে থাকে, তা কেবল বাংলাদেশ নয় বরং ভারতের প্রতিবেশী রাজ্যগুলোও এর প্রভাব থেকে মুক্তি পাবে না।
বিশেষ করে তিনি বলেন- “বাংলাদেশের সীমান্তে যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে, তা পশ্চিমবঙ্গ বা ভারতের অন্য রাজ্যগুলোকে রেহাই দেবে না। আমাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাসের প্রয়োজন। আমি চাই, বাংলাদেশ তার রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠুক এবং সেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক।”
এছাড়া তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন- “বাংলাদেশ সরকারের সঙ্গে একটি যোগাযোগ চ্যানেল খোলা রাখার ব্যবস্থা করা উচিত। যাতে সকলের নিরাপত্তা নিশ্চিত হয় এবং সেখানে শান্তি ফিরে আসে।”
মমতা আরো বলেন- পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটি দেশ হলেও তারা একটি সাধারণ ভাষা ও সংস্কৃতি শেয়ার করে। “ভৌগোলিক সীমারেখা থাকতে পারে কিন্তু আমাদের হৃদয়ে কোনো সীমানা নেই। বাংলাদেশে যেসব রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, সে সব সত্ত্বেও আমি চাই সেখানকার মানুষ ভালো থাকুক।”
এর আগে মমতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিলেন, বাংলাদেশের শান্তি পরিস্থিতি বজায় রাখার জন্য জাতিসংঘের কাছে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানাতে এবং নির্যাতিত ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে। তবে, ভারতীয় সরকারের ব্যর্থতার ইঙ্গিত সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কখনো দ্বিপক্ষীয় বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলি না। এটা আমার ভারত।”
বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে তার এই উদ্বেগ এবং মন্তব্যগুলো ভারত-বাংলাদেশ সম্পর্কের এক নতুন পরিপ্রেক্ষিত উপস্থাপন করছে, যেখানে প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার তাগিদ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

