কানাডার আলবার্টা প্রদেশের শহর ক্যালগেরিতে বরিশাল বিভাগের প্রবাসীদের নিয়ে নতুন একটি সামাজিক কমিউনিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির নাম ‘মোরা বরিশাইল্লা’। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় শহরের সিটাডেল কমিউনিটি অ্যাসোসিয়েশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেওয়া হয়। এতে ক্যালগেরিতে বসবাসরত বরিশাল বিভাগের বিভিন্ন জেলার প্রবাসীরা অংশ নেন। উপস্থিত সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ ছাড়া অনুষ্ঠানে ছিল প্রাণবন্ত আড্ডা, নৈশভোজ ও সংগীত পরিবেশনা। দেশ থেকে হাজার মাইল দূরে নিজ অঞ্চলের মানুষের সঙ্গে দেখা হওয়ায় পুরো আয়োজনজুড়ে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।
আয়োজকেরা জানান, প্রবাসে বরিশালের মানুষের পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার একটি মিলনমঞ্চ হিসেবে কাজ করবে ‘মোরা বরিশাইল্লা’। এর মাধ্যমে কমিউনিটির সদস্যদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি বরিশালের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা শিশু-কিশোরেরা অনেক সময় নিজেদের শিকড় থেকে দূরে থাকে। আয়োজকদের আশা, এই উদ্যোগ সেই নতুন প্রজন্মের মধ্যে শিকড়ের পরিচয়, সাংস্কৃতিক চর্চা ও নিজস্ব ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।
বিদেশের মাটিতে এ ধরনের আঞ্চলিক কমিউনিটি প্রবাসীদের কাছে শুধু সামাজিক মেলামেশার জায়গা নয়, বরং ভাষা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার একটি ভরসার ক্ষেত্রও হয়ে ওঠে। ক্যালগেরিতে বরিশালের প্রবাসীদের এই নতুন মঞ্চ সেই চাহিদা পূরণে কতটা ভূমিকা রাখতে পারে, তা নির্ভর করবে সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের ওপর।

