বিশ্বব্যাংকের হিসাবে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে ভারত। কমেছে চরম দারিদ্র্যের হারও। কিন্তু দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা লাখো পরিবারের জীবন এখনো অনিশ্চয়তায় ঘেরা। সামান্য অসুস্থতা, বন্যা, খরা কিংবা বাড়তি কোনো খরচই তাদের আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।
ভারতের রাজস্থানের রাজসমন্দ জেলার ২৫ বছর বয়সী হেমা প্রজাপতের জীবন সেই বাস্তবতার একটি উদাহরণ। মাসের শেষ দিকে তাঁর রান্নাঘরের খাবার ফুরিয়ে আসে। সংসারের খরচ চালাতে গিয়ে স্বামী হরি প্রজাপতের ঋণের বোঝা বাড়ছে। পরিবারের নয় বছর বয়সী সন্তান দিব্যাংশের খাবারের জন্য কোনোমতে কিছুটা আলাদা করে রাখতে হয়।
কাগজে-কলমে অবশ্য হেমার পরিবার আর দরিদ্র নয়। তিন সদস্যের সংসারে মাসে তাঁদের খরচ প্রায় ১১ হাজার রুপি, যা বিশ্বব্যাংকের নির্ধারিত দারিদ্র্যসীমার চেয়ে প্রায় ৪৯ শতাংশ বেশি। ওই হিসাবে একই আকারের একটি পরিবারের মাসিক দারিদ্র্যসীমা প্রায় ৭ হাজার ৩৮০ রুপি।
ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হলেও এক দশকের বেশি সময় ধরে সরকারিভাবে ভোগব্যয়ের ভিত্তিতে দারিদ্র্যের কোনো হিসাব প্রকাশ করেনি। ফলে আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য দারিদ্র্যের পরিসংখ্যান তৈরিতে বিশ্বব্যাংকের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। এ সময়ে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমেছে।
চরম দারিদ্র্য কমানোর ক্ষেত্রে ভারতের এই অগ্রগতি উল্লেখযোগ্য বলে মনে করছেন কয়েকজন অর্থনীতিবিদ। তাঁদের মতে, এত বিপুলসংখ্যক মানুষের দারিদ্র্য থেকে বেরিয়ে আসা বড় অর্জন। তবে দারিদ্র্য দূরীকরণে এখনো অনেক পথ বাকি।
অন্যদিকে, বিশ্বব্যাংকের ব্যবহৃত দারিদ্র্যসীমা এবং ভারতের নিজস্ব দারিদ্র্য পরিমাপ না করার বিষয়টি নিয়ে কিছু অর্থনীতিবিদ প্রশ্ন তুলেছেন। তবে পরিসংখ্যানের বিতর্কের বাইরেও বাস্তবতা হলো, দারিদ্র্যসীমার সামান্য ওপরে থাকা বহু পরিবারের জীবন এখনো খাদ্য, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের সঙ্গে প্রতিদিনের লড়াই।
হেমার মতে, নির্ধারিত এই দারিদ্র্যসীমা এতটাই কম যে এ পরিমাণ অর্থে সম্মানজনক জীবনযাপন করা সম্ভব নয়। তাঁর প্রশ্ন, যাঁরা এই হিসাব তৈরি করেছেন, তাঁরা কি সাধারণ মানুষের বাস্তব জীবন কাছ থেকে দেখেছেন?
আয় বাড়লেও বাড়ছে সংসারের চাপ
ভারতের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। মোট দেশজ উৎপাদনের হিসাবে দেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি আয় ও সম্পদের বৈষম্যও বড় উদ্বেগের বিষয়। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির শীর্ষ ১ শতাংশ মানুষের হাতে মোট সম্পদের প্রায় ৪০ শতাংশ রয়েছে।
হেমার বিয়ে হয়েছিল মাত্র ১১ বছর বয়সে। তাঁর স্বামী হরি প্রজাপতের পরিবার ঐতিহ্যগতভাবে মাটির পাত্র তৈরির কাজ করত। কিন্তু সেই ব্যবসা দিয়ে সংসারের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়লে হরি পানিপুরি বিক্রির ছোট দোকান শুরু করেন। করোনা মহামারির সময় সেই ব্যবসাও বন্ধ হয়ে যায়।
এরপর সংসারের হাল ধরতে কাজ খুঁজতে শুরু করেন হেমা। গত এক বছর ধরে তিনি আশপাশের বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ এবং বাসন ধুয়ে মাসে ৫ হাজার রুপি আয় করছেন। তবু পরিবারের আর্থিক সংকট কাটেনি। তাঁদের কোনো কৃষিজমিও নেই, ফলে খাবারসহ সবকিছুই বাজার থেকে কিনতে হয়।
বিশ্বব্যাংক ভারতের দারিদ্র্য কমার পেছনে নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণ বৃদ্ধিকে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছে। তবে নারীদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত বেতনের কাজের সুযোগ এখনো বড় চ্যালেঞ্জ।
হেমা জানান, কাজ শুরু করার পর সংসারে কিছুটা স্বস্তি এলেও এখন আয় করা অর্থ আরও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ঋণের পরিমাণও বাড়ছে। কয়েক বছরে নিত্যপণ্যের দাম অনেক বেড়েছে, কিন্তু তাঁদের আয় সেই তুলনায় বাড়েনি।
ভারত সরকার জাতীয় খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি মাসে প্রায় ৮০ কোটি মানুষকে বিনা মূল্যে বা ভর্তুকি মূল্যে খাদ্যশস্য সরবরাহ করছে। বিশ্বব্যাংকের মতে, চরম দারিদ্র্য কমাতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি সহায়তাও অনেক পরিবারের আর্থিক চাপ সামাল দিতে পারছে না। সরকারি ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে সামগ্রিক ভোক্তা মূল্য অন্তত ৫১ শতাংশ বেড়েছে। একই সময়ে মজুরি বৃদ্ধির হার সেই গতির সঙ্গে তাল মেলাতে পারেনি।
সরকারি বিদ্যালয়ে শিশুদের পড়াশোনা এবং সরকারি হাসপাতালে বিনা মূল্যে বা কম খরচে চিকিৎসার সুযোগ থাকলেও সেবার মান ও সহজলভ্যতা নিয়ে উদ্বেগ রয়েছে।
হেমার ছেলে দিব্যাংশ দুই মাস আগে প্রচণ্ড সর্দি ও জ্বরে আক্রান্ত হলে তিনি তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সরকারি হাসপাতালে দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত রোগীর চাপ এবং চিকিৎসকের স্বল্পতার কারণে সেখানে চিকিৎসা নিতে ভরসা পাননি তিনি।
ছেলের চিকিৎসায় প্রায় ৬ হাজার রুপি খরচ হয়, যা হেমার এক মাসের আয়ের চেয়েও বেশি। তিনি চান না তাঁর ছেলে সব সময় বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল হয়ে পড়ুক। কারণ, প্রতিবার এ ধরনের চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য তাঁর নেই।
সামান্য বিপর্যয়েই আবার দারিদ্র্যে ফেরার আশঙ্কা
ভারতের অনেক পরিবার বিশ্বব্যাংকের নির্ধারিত দারিদ্র্যসীমা অতিক্রম করলেও তাদের আর্থিক ভিত্তি এখনো দুর্বল। হঠাৎ কোনো অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা পারিবারিক অনুষ্ঠানও তাদের সঞ্চয় শেষ করে দিতে পারে।
নয়াদিল্লির উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রার মতে, ভারতের দারিদ্র্যসীমা অনেক নিচে নির্ধারণ করা হয়েছে। ফলে সামান্য একটি বিপর্যয়ই কোনো পরিবারকে আবার দারিদ্র্যের মধ্যে ফিরিয়ে নিতে পারে। মহামারি, খরা, বন্যা কিংবা বিয়ের মতো পারিবারিক অনুষ্ঠানও এমন আর্থিক সংকট তৈরি করতে পারে।
রাজসমন্দে হেমার প্রতিবেশী ৩১ বছর বয়সী সুশীলা সালভির জীবনেও এমন ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে ১৪ বছর পর দ্বিতীয়বারের মতো গর্ভবতী হওয়ার খবর জানতে পারেন তিনি।
গত আট বছর ধরে সাজসজ্জার কাজ শিখে কঙ্করোলি শহরে ছোট একটি সৌন্দর্যচর্চাকেন্দ্র চালাচ্ছিলেন সুশীলা। মেয়ের উচ্চশিক্ষার জন্য কিছু অর্থও জমিয়েছিলেন। তাঁর ১৪ বছর বয়সী মেয়ে বর্তমানে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে।
কিন্তু গর্ভধারণের পর চিকিৎসার জন্য তিনি সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি চিকিৎসাকেন্দ্র বেছে নেন। এতে তাঁর প্রায় ৬৫ হাজার রুপি খরচ হয়। চিকিৎসার ব্যয় মেটাতে মেয়ের অতিরিক্ত পড়াশোনার জন্য মাসে ৬০০ রুপির যে ব্যবস্থা ছিল, সেটিও বন্ধ করতে হয়।
মেহরোত্রার মতে, গ্রাম ও শহরের মানুষের জীবনযাত্রার ব্যয় এবং প্রয়োজন এক নয়। অথচ বিশ্বব্যাংকের দারিদ্র্যসীমা নির্ধারণে এই পার্থক্য যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
নয়াদিল্লির উপকণ্ঠে বসবাসকারী ৩৭ বছর বয়সী সীমা কুমারের পরিবারও একই ধরনের আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তিন সদস্যের সংসারে তাঁর মাসিক ব্যয় প্রায় ২০ হাজার রুপি। উৎসব কিংবা ১৭ বছর বয়সী ছেলের জন্মদিনের মতো অতিরিক্ত খরচ মেটাতে তাঁকে ঋণ নিতে হয়।
এমনকি হঠাৎ অসুস্থতার মতো ঘটনাও তাঁদের জন্য বড় সংকট তৈরি করে। গত সপ্তাহে দীপাবলি উৎসবের সময় আতশবাজির ধোঁয়ায় নয়াদিল্লির বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। পরদিন বিষাক্ত ধোঁয়াশার মধ্যে পরিবারের সবাই কাজে বের হন। সন্ধ্যার মধ্যে ছেলের গলাব্যথা শুরু হয় এবং পরিবারের অন্য সদস্যদেরও সর্দি দেখা দেয়। সীমার তীব্র মাথাব্যথা হয়।
অথচ ছেলের জন্য একটি মাস্ক কেনার সামর্থ্যও তাঁর ছিল না। সীমার প্রশ্ন, এমন পরিস্থিতিতে তাঁদের কীভাবে আর দরিদ্র বলা হবে না?
দারিদ্র্যসীমার ওপরে ওঠাই কি স্বস্তির নিশ্চয়তা?
রাজস্থানে হেমা প্রতিদিনের মতো বাড়ির বাগান পরিষ্কার করার কাজ করছিলেন। সেদিন তিনি স্বামীকে ফোন করে মনে করিয়ে দেন, ছেলেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর সময় হয়েছে।
কিন্তু হরি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে তেল ভরার খরচও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত হেমাই ছেলেকে হাসপাতালে নেওয়ার জন্য মোটরসাইকেলে তেল ভরার অর্থ দেওয়ার প্রস্তাব দেন।
হেমার সবচেয়ে বড় স্বপ্ন, তাঁর ছেলে যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। তাঁর আশঙ্কা, একদিন কাজ করতে না পারলেও পরিবারকে আবার চরম দারিদ্র্যের দিনগুলোতে ফিরে যেতে হতে পারে।
ভারতের দারিদ্র্য কমানোর পরিসংখ্যান অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে। কিন্তু হেমা, সুশীলা ও সীমার মতো পরিবারের অভিজ্ঞতা দেখায়, দারিদ্র্যসীমা অতিক্রম করলেই আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় না। স্থিতিশীল কর্মসংস্থান, সাশ্রয়ী চিকিৎসা, খাদ্যনিরাপত্তা এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আয় নিশ্চিত না হলে এই অর্জন ধরে রাখা কঠিন হতে পারে।

