যুক্তরাষ্ট্র, ভারত ও তাদের মিত্রদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করছে চীন। দেশটির সাম্প্রতিক সরাসরি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মহড়া থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে। নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চীন তার রাজনৈতিক নেতৃত্ব, পারমাণবিক অস্ত্রভান্ডার এবং ক্রমবর্ধমান বিমানবাহী রণতরিবহরকে সম্ভাব্য হামলা থেকে সুরক্ষিত রাখতে চাইছে।
চীনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দেশটির গণমুক্তি ফৌজের বিমানবাহিনী এক বিশেষ পরীক্ষায় একসঙ্গে দুটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা প্রদর্শন করেছে। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড্ডয়নের মাঝপথে হঠাৎ গতিপথ পরিবর্তন করেছিল। এমন পরিস্থিতিতেও সেটিকে প্রতিহত করতে সক্ষম হয় চীনের প্রতিরক্ষাব্যবস্থা।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম চীনের মরুভূমির মতো পরিবেশে এই মহড়ার আয়োজন করা হয়। মধ্যাঞ্চলীয় সামরিক কমান্ডের বিমানবাহিনীর শেনওয়েই ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়ন এতে অংশ নেয়। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে সড়কপথে চলাচল করতে সক্ষম সামরিক যান, রেলপথ, ওয়াই-২০ পরিবহন বিমান এবং বিশেষ পণ্যবাহী জাহাজের মাধ্যমে সরঞ্জামগুলো মহড়াস্থলে নেওয়া হয়।
মহড়ায় এইচকিউ-৯বি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার পাশাপাশি এইচকিউ-১৯ এবং বায়ুমণ্ডলের বাইরের স্তরে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম এইচকিউ-২৯ ব্যবস্থা ব্যবহার করা হয়। চীনা সামরিক সূত্রের দাবি, লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর জন্য সেনাদের হাতে সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড। সতর্কবার্তা পাওয়া থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময়সীমা কখনো কখনো দুই মিনিটেরও কম হতে পারে।
চীনা সামরিক বিশ্লেষকদের মতে, এই মহড়া ক্ষেপণাস্ত্রের গতিপথ নিয়ন্ত্রণ, সক্রিয় রাডার নির্দেশনা এবং একাধিক প্রতিরক্ষাব্যবস্থার সমন্বিত পরিচালনায় দেশটির অগ্রগতি তুলে ধরেছে। এর মাধ্যমে গতিপথ পরিবর্তনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অতিদ্রুতগতির অস্ত্র, চালকবিহীন আকাশযানের বহর এবং শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমানের মতো হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে চীন।
তবে এই মহড়াকে কেবল নতুন ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ করে দেখছেন না বিশ্লেষকেরা। তাঁদের মতে, চীনের সামরিক ও পারমাণবিক কৌশলে বড় ধরনের পরিবর্তনের অংশ এই সমন্বিত প্রতিরক্ষাব্যবস্থা।
২০২৬ সালের মে মাসে প্রকাশিত কৌশলগত গবেষণা সাময়িকী জার্নাল অব স্ট্র্যাটেজিক স্টাডিজের একটি নিবন্ধে আলেকজান্ডার রিখটারসহ কয়েকজন গবেষক চীনের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। তাঁদের বিশ্লেষণে বলা হয়েছে, স্থলভিত্তিক এইচকিউ-২৯, শেষ পর্যায়ের প্রতিরক্ষায় ব্যবহৃত এইচকিউ-১৯, আগাম সতর্কবার্তা দেওয়ার উপগ্রহ এবং উন্নত রাডারব্যবস্থার সমন্বয়ে চীন এমন একটি প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলছে, যা যুক্তরাষ্ট্র ও ভারতের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ভূমিকা রাখতে পারে।
গবেষকদের মতে, আগে চীন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সম্প্রসারণের বিরোধিতা করলেও এখন নিজেদের নিরাপত্তার স্বার্থে সক্রিয় প্রতিরক্ষার দিকে ঝুঁকছে। এর উদ্দেশ্য শুধু সম্ভাব্য হামলা প্রতিহত করা নয়, বরং পারমাণবিক সংঘাতের ঝুঁকি নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষের পারমাণবিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি করা।
স্থলভিত্তিক প্রতিরক্ষার পাশাপাশি সমুদ্রেও এ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে চীনের। দেশটির লক্ষ্য, রাজনৈতিক নেতৃত্বকে আকস্মিক আক্রমণ থেকে রক্ষা করা, পাল্টা পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা অক্ষুণ্ন রাখা এবং দূরবর্তী সমুদ্র অঞ্চলে দায়িত্ব পালনকারী নৌবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা চীনের এই উদ্যোগের অন্যতম কারণ। বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত তৈরি হলে যুক্তরাষ্ট্র চীনের মূল ভূখণ্ডে দূরপাল্লার প্রচলিত অস্ত্র ব্যবহার করতে পারে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত র্যান্ড করপোরেশনের একটি প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হলে মার্কিন বাহিনী আকাশ, সমুদ্র ও স্থলপথ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চীনের মূল ভূখণ্ডে হামলা চালাতে পারে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে জেএএসএসএম-এক্সআর, টমাহক ব্লক-৫ এবং অতিদ্রুতগতির ক্ষেপণাস্ত্র। প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, এসব অস্ত্রের মাধ্যমে চীনের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুর প্রায় ৮০ শতাংশ হামলার আওতায় আসতে পারে।
২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত নিউ আমেরিকান সিকিউরিটির কেন্দ্রের আরেক গবেষণায় ফিলিপ শিয়ার্স ও স্টেসি পেটিজন জানান, চীনের মূল ভূখণ্ডে প্রায় ১ হাজার ৫০০টি স্থলভিত্তিক সামরিক লক্ষ্যবস্তু রয়েছে। এর মধ্যে ৮০০টি উপকূল থেকে ৩৭০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। উপকূলীয় লক্ষ্যবস্তুতে তুলনামূলক কম পাল্লার চালকবিহীন আকাশযান ব্যবহার করা সম্ভব হলেও দেশের অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে আরও দূরপাল্লার অস্ত্র প্রয়োজন।
তবে র্যান্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সংঘাতের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র চীনের মূল ভূখণ্ডে হামলা চালাবে, এমনটা নিশ্চিত নয়। বরং আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিতে চীনের হামলা অথবা সমুদ্রে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার পর পরিস্থিতি অনুযায়ী চীনের নৌবন্দর, বিমানঘাঁটি ও সরবরাহব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
অন্যদিকে ভারতের ক্রমবর্ধমান সমুদ্রভিত্তিক পারমাণবিক সক্ষমতাও চীনের নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় হ্যান্স ক্রিস্টেনসেনসহ কয়েকজন বিশ্লেষক জানিয়েছেন, ভারত এমন একটি পারমাণবিক প্রতিরোধব্যবস্থা গড়ে তুলছে, যার মাধ্যমে সমুদ্রের গভীর থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা তৈরি হবে।
বর্তমানে ভারতের আইএনএস অরিহন্ত সাবমেরিনে ৭০০ কিলোমিটার পাল্লার কে-১৫ ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে চীনের মূল ভূখণ্ডে আঘাত হানতে হলে সাবমেরিনটিকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত যেতে হবে। ইতিমধ্যে আইএনএস অরিঘাত যুক্ত হয়েছে ভারতের নৌবহরে। আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নলবিশিষ্ট আরও বড় আইএনএস অরিধমন এবং আইএনএস অরিসুদান ও এস-৫ শ্রেণির সাবমেরিন তৈরির কাজও এগোচ্ছে।
গবেষকদের মতে, ৩ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার কে-৪ সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে মোতায়েন করা হলে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল থেকেই ভারতের সাবমেরিনগুলো চীনের অধিকাংশ এলাকায় আঘাত হানতে পারবে। আর উন্নয়নাধীন ৫ হাজার কিলোমিটার পাল্লার কে-৫ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আরও বিস্তৃত হবে।
সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা ও পারমাণবিক সক্ষমতার পাশাপাশি নিজেদের বিমানবাহী রণতরিবহর সম্প্রসারণেও মনোযোগ দিচ্ছে চীন। ২০২৬ সালের অক্টোবর মাসে প্রকাশিত কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়, দেশটি বর্তমানে দালিয়ান জাহাজ নির্মাণকেন্দ্রে চতুর্থ বিমানবাহী রণতরি টাইপ-০০৪ তৈরি করছে। এটি চীনের তৃতীয় রণতরি ফুজিয়ানের চেয়েও বড় হবে বলে ধারণা করা হচ্ছে। এতে পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিন, তড়িৎচুম্বকীয় উড্ডয়ন ব্যবস্থা এবং তৃতীয় বিমান ওঠানামার লিফট থাকার সম্ভাবনা রয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মূল্যায়ন উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে চীন মোট ৯টি বিমানবাহী রণতরি মোতায়েনের লক্ষ্য নিয়েছে। এসব রণতরির সঙ্গে থাকবে উন্নত যুদ্ধজাহাজ ও জ্বালানি সরবরাহকারী নৌযান। এর ফলে চীনের নৌবাহিনী নিজেদের উপকূল থেকে অনেক দূরে দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা অর্জন করতে পারে।
তবে চীনের এই নৌ-শক্তি বৃদ্ধির বিপরীতে যুক্তরাষ্ট্র ও তার প্রশান্ত মহাসাগরীয় মিত্ররাও পাল্টা কৌশল তৈরি করছে। ২০২৬ সালের আগস্টে প্রকাশিত কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের আরেক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশ স্থল, আকাশ ও সমুদ্রপথে সমন্বিত জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নেটওয়ার্ক গড়ে তুলে চীনের বিমানবাহী রণতরিগুলোকে ঝুঁকির মধ্যে রাখতে পারে।
এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর চলমান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা এবং সেনাবাহিনীর টাইফন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জাপানের টাইপ-১২, ফিলিপাইনের ব্রাহ্মোস এবং অস্ট্রেলিয়ার নৌ-আঘাত হানার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এসব ব্যবস্থা প্রশান্ত মহাসাগরের প্রথম দ্বীপমালার গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে প্রতিরোধ গড়ে তুলতে পারে।
এ ছাড়া মার্কিন বোমারু বিমান, মিত্রদেশগুলোর এফ-৩৫ যুদ্ধবিমান এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার সাবমেরিন থেকেও দূরপাল্লার জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ভবিষ্যতের অতিদ্রুতগতির অস্ত্র ব্যবহার করা সম্ভব হতে পারে।
সব মিলিয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক প্রতিযোগিতা এখন নতুন পর্যায়ে প্রবেশ করছে। একদিকে চীন তার মূল ভূখণ্ড, পারমাণবিক সক্ষমতা ও নৌবহর রক্ষায় বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়ে তুলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ভারত ও তাদের মিত্ররা দূরপাল্লার আক্রমণাত্মক অস্ত্র এবং সমন্বিত নৌ-প্রতিরোধব্যবস্থা সম্প্রসারণ করছে। শেষ পর্যন্ত এই প্রতিরক্ষাব্যবস্থা কতটা কার্যকর হবে এবং পাল্টা আক্রমণাত্মক সক্ষমতার সঙ্গে কতটা ভারসাম্য রাখতে পারবে, তার ওপরই নির্ভর করবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ সামরিক সমীকরণ।

