যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, দেশটির অস্ত্রভান্ডারে এখনো প্রায় ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। নতুন করে সংঘাত শুরু হলে এসব অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের। এমন পরিস্থিতি ওয়াশিংটন ও তেল আবিবের কর্মকর্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
শনিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে একাধিকবার দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে গোয়েন্দা সংস্থাগুলোর বর্তমান মূল্যায়ন সেই দাবির সঙ্গে পুরোপুরি মিলছে না।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের কাছে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিক উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে দেশটির হাতে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। পাশাপাশি ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের ভান্ডারও যথেষ্ট শক্তিশালী।
তাদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও দেশটি অস্ত্র উৎপাদন ও সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে এখনো দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যবিষয়ক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সিমোন লিডিন বলেন, এত বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত থাকার অর্থ, যুদ্ধের আগে ইরানের হাতে থাকা অস্ত্রের অর্ধেকেরও বেশি তারা আবার সংগ্রহ করতে পেরেছে।
তার মতে, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সংঘাত শুরুর মধ্যবর্তী সময়ে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্রভান্ডার আগের অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিল।
এর আগে গত এপ্রিলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হাজার হাজার স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অক্ষত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এসব স্থাপনার প্রবেশপথ ধসে পড়লেও ভেতরে থাকা অস্ত্রগুলো পুরোপুরি অকেজো হয়নি।
ইরানের এই সামরিক সক্ষমতা নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিনির্ধারকদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। দেশটির বিরুদ্ধে আবারও যৌথ সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনাতেও বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
এদিকে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর পক্ষে অবস্থান নিয়েছেন। তবে ট্রাম্প আপাতত বড় ধরনের হামলার পরিবর্তে অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে চান।
ফলে ইরানের পুনর্গঠিত ক্ষেপণাস্ত্রভান্ডারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

