ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ ২০২৭ সালের মধ্যে আফ্রিকার দেশ রুয়ান্ডায় অভিবাসীদের জন্য প্রত্যাবর্তন কেন্দ্র (রিটার্ন হাব) স্থাপনের পরিকল্পনা করছে। অবৈধভাবে অবস্থানকারী এবং বহিষ্কারের আদেশ পাওয়া অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করতেই এই উদ্যোগ। দেশ পাঁচটি হলো জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস। উদ্যোগটি ঘিরে ইউরোপের ভেতরে ও বাইরে সমালোচনাও শুরু হয়েছে।
নেদারল্যান্ডস ও ডেনমার্ক সরকারের বিবৃতি অনুযায়ী, যেসব অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে না, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে এসব কেন্দ্র কাজ করবে। রুয়ান্ডায় পাঠানো ব্যক্তিরা চাইলে সেখানকার সমাজে বসবাস করতে পারবেন, অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন। পরিকল্পনাটি শুধু সেই ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে, যাঁদের ওই পাঁচ দেশে বৈধভাবে থাকার সব সুযোগ শেষ হয়ে গেছে।
সোমবার ভিয়েনায় যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং মানব পাচারকারীদের প্রাণঘাতী সমুদ্রযাত্রার আয়োজন বন্ধ করাই এই উদ্যোগের লক্ষ্য।
নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, প্রথম পর্যায়ে শুধু অবিবাহিত পুরুষদের পাঠানো হবে। বিশেষ করে রুয়ান্ডার কাছাকাছি অঞ্চলের দেশগুলো থেকে আসা ব্যক্তিদের ওপর গুরুত্ব দেওয়া হবে। সেখানে পৌঁছানোর পর তাঁরা বসবাস, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার ও আইনি ব্যবস্থায় প্রবেশের সুযোগ পাবেন। ডাচ সরকার আরও জানিয়েছে, শিশুদের এই পরিকল্পনার আওতায় আনা হবে না।
কূটনৈতিক সূত্রের বরাতে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শুরুতে কেন্দ্রটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালানো হতে পারে। সেখানে প্রায় ১০০ জন থাকতে পারবেন। পাঁচটি দেশ থেকে ২০ জন করে অভিবাসী পাঠানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখতে পারে।
রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, অভিবাসীদের জন্য নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ সমাধান নিশ্চিত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে তাঁর দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
যুক্তরাজ্যের আগের রুয়ান্ডা পরিকল্পনার সঙ্গে এর পার্থক্য রয়েছে। যুক্তরাজ্যের সেই পরিকল্পনায় আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠিয়ে সেখানেই তাঁদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া করার কথা ছিল। আইনি জটিলতায় সেটি কার্যকর হয়নি। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর লেবার সরকার পরিকল্পনাটি বাতিল করে। তবে নতুন উদ্যোগে যুক্তরাজ্যের যুক্ত হওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি ডাউনিং স্ট্রিট। তারা বিষয়টি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে।
পরিকল্পনাটির কড়া সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুয়ান্ডায় এ ধরনের কেন্দ্র স্থাপনের মধ্যে তিনি কোনো ভবিষ্যৎ বা মানবিকতা দেখছেন না। তাঁর ভাষ্য, এটি কোনো সমাধান নয়।
মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের আফ্রিকা বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ক্লেমেন্টিন ডি মন্টজয়ে বলেন, রুয়ান্ডায় ভিন্নমত দমন, নির্বিচারে আটক ও বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রতিবেশী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সশস্ত্র বিদ্রোহীদের সহায়তার অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে। তাঁর মতে, অভিবাসীদের সেখানে পাঠাতে অর্থ দেওয়া হলে তা রুয়ান্ডা সরকারকে আর্থিক ও রাজনৈতিকভাবে সুবিধা দেবে।
ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকারবিষয়ক সংস্থা ইইউএএফআর বলেছে, তৃতীয় কোনো দেশে প্রত্যাবর্তন কেন্দ্র করা হলেও সেখানে মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে। যেখানে নিপীড়নের গুরুতর ঝুঁকি আছে, এমন দেশে কাউকে পাঠানো যাবে না। অভিভাবকহীন শিশুদের এ ধরনের কেন্দ্রে পাঠানো উচিত নয় বলেও সংস্থাটি মত দিয়েছে।
এদিকে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা শনাক্ত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ২৯ শতাংশ কম। অক্টোবরে সংখ্যাটি ছিল প্রায় ১৮ হাজার ১০০, যা গত বছরের একই মাসের চেয়ে ৬ শতাংশ কম। তবে সেপ্টেম্বরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের পথে অভিবাসীর আগমন বাড়াকেই এর প্রধান কারণ বলা হচ্ছে।
সীমান্ত অতিক্রমের সংখ্যা কমলেও ইউরোপের অভিবাসননীতি নিয়ে রাজনৈতিক চাপ কমেনি। বহিষ্কারের আদেশ পাওয়া অনেক মানুষকে নানা কারণে নিজ দেশে ফেরত পাঠানো যায় না। এই বাস্তবতা থেকেই তৃতীয় দেশে কেন্দ্র স্থাপনের ধারণা সামনে এসেছে। তবে মানবাধিকার সুরক্ষা, আইনি বৈধতা এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্নের জবাব না মিললে প্রকল্পটি বড় ধরনের বিতর্কের মুখে পড়তে পারে। এখন দেখার বিষয়, পরীক্ষামূলক পর্যায়ে কেন্দ্রটি কীভাবে পরিচালিত হয় এবং ইউরোপের অন্য দেশগুলো এতে যুক্ত হয় কি না।

