হো চি মিন সিটির একটি আদালত ভিয়েতনামের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ট্রুং মাই ল্যানকে (৬৮) মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। তার বিরুদ্ধে দেশটির ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। ল্যানের বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাংকিং ব্যবস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করে প্রায় ১২০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন, যা ভিয়েতনামের মোট জিডিপির প্রায় তিন শতাংশের সমান। তবে আদালত রায়ে উল্লেখ করেছেন, যদি তিনি এই অর্থের তিন-চতুর্থাংশ। অর্থাৎ অন্তত ৯০০ কোটি ডলার ফেরত দেন, তাহলে তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হতে পারে।
কেলেঙ্কারির সূত্রপাত ও ল্যানের উত্থান-
এক সময় ল্যান ভিয়েতনামের শীর্ষ ধনী ব্যবসায়ীদের একজন হিসেবে পরিচিত ছিলেন। বিলাসবহুল বাড়ি, হোটেল এবং বাণিজ্যিক সম্পত্তি ক্রয়ে তার সক্রিয়তা তাকে দেশের একজন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করে। কিন্তু তার এই সম্পদগাথার পেছনে ছিল ব্যাংকিং ব্যবস্থার অবৈধ ব্যবহার। অভিযোগ অনুযায়ী, ল্যান একাধিক ব্যাংককে কার্যত তার ব্যক্তিগত এটিএম হিসেবে ব্যবহার করেছেন।
২০২২ সালে তার গ্রেফতারের পর ব্যাংকিং খাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাংকগুলোর ওপর আস্থা সংকট তৈরি হয়। ব্যাংক থেকে দ্রুত অর্থ তোলার প্রবণতা শুরু হলে আর্থিক খাতে সংকট আরও গভীর হয়।
আর্থিক ব্যবস্থা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা-
বিশেষজ্ঞরা বলছেন, ল্যানের কর্মকাণ্ড ভিয়েতনামের আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক আঘাত। তার এই কেলেঙ্কারিতে শুধু তিনি একাই জড়িত ছিলেন না বরং এতে দেশটির উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সংশ্লিষ্টতারও অভিযোগ উঠেছে। এটি শুধু ভিয়েতনামের আর্থিক খাত নয়, সামগ্রিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়েও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
শাস্তির শর্ত এবং অর্থনীতির ভবিষ্যৎ-
আদালতের দেওয়া শর্ত অনুযায়ী, ল্যান যদি মৃত্যুদণ্ড এড়াতে চান তাহলে তাকে আত্মসাৎকৃত অর্থের একটি বড় অংশ, অন্তত ৯০০ কোটি ডলার পরিশোধ করতে হবে। যদিও এমন পরিমাণ অর্থ ফেরত দেওয়া তার পক্ষে আদৌ সম্ভব কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
এই ঘটনা শুধু ল্যানের ব্যক্তিগত দুর্নীতি নয় বরং একটি বৃহত্তর ব্যবস্থাগত দুর্নীতি ও ব্যবস্থাপনার সমস্যাকেও সামনে এনেছে। এতে করে ভিয়েতনামের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ট্রুং মাই ল্যানের ঘটনা ভিয়েতনামের অর্থনীতির ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত। এটি দেখিয়েছে কীভাবে ব্যক্তিগত লোভ একটি দেশের অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করতে পারে এবং আইনের শাসন নিশ্চিত না হলে কী পরিণতি হতে পারে।

