Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে যেসব বিষয়ে কাজ করতে চান ডেমোক্র্যাটরা
    আন্তর্জাতিক

    বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে যেসব বিষয়ে কাজ করতে চান ডেমোক্র্যাটরা

    নিউজ ডেস্কনভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দলীয় বিরোধ দীর্ঘদিনের। তবে এবার সেই বিভাজন কিছুটা কমিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন ডেমোক্র্যাটদের নতুন প্রজন্মের নেতারা। তাঁদের লক্ষ্য, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছানো।

    টেক্সাস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর জেমস তালারিকো মনে করেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময়কে তাঁর প্রেসিডেন্সির সবচেয়ে কার্যকর সময়ে পরিণত করা সম্ভব। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, পরিবর্তনের জন্য মার্কিন জনগণকে আরও দুই বছর অপেক্ষা করানো যায় না। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করা প্রয়োজন।

    মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদও সমঝোতার একটি অভিনব প্রস্তাব দিয়েছেন। তিনি জাতীয় স্বাস্থ্যসেবা পরিকল্পনার নাম ‘ট্রাম্পকেয়ার ফর অল’ রাখার ধারণা সামনে এনেছেন। তাঁর উদ্দেশ্য, নিজের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে আগ্রহী ট্রাম্পকে আলোচনায় আগ্রহী করে তোলা।

    তবে ডেমোক্র্যাটদের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় কমানো এবং সরকারি কার্যক্রম আরও কার্যকর করার নির্বাচনী প্রতিশ্রুতিও বাস্তবায়ন করতে হবে। এসব ক্ষেত্রে ট্রাম্পের সহযোগিতা প্রয়োজন হলেও তিনি নিজের ভেটো ক্ষমতা ব্যবহারের হুমকি দিয়ে রেখেছেন।

    অন্যদিকে ট্রাম্পও বিভিন্ন সময়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে একই সময়ে তিনি কঠোর অবস্থানের জন্য পরিচিত সহযোগী স্টিফেন মিলারকে নিজের নতুন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব দিয়েছেন। ফলে দুই দলের মধ্যে সমঝোতার সম্ভাবনা থাকলেও রাজনৈতিক বিরোধ পুরোপুরি কাটবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

    ১১ ডিসেম্বরের মধ্যে সরকারি অর্থায়ন নিশ্চিত করা

    ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সামনে প্রথম বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন নিশ্চিত করা। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি ব্যয় অনুমোদন নিয়ে অচলাবস্থার কারণে বিভিন্ন সরকারি কার্যক্রমে অর্থায়ন বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

    এ বছর নির্বাচনের আগে রিপাবলিকানরা সরকারের বিভিন্ন বিভাগের বাজেট অনুমোদনের কাজ পিছিয়ে দিয়েছিল। এখন বর্তমান কংগ্রেসে ডেমোক্র্যাটদের সহযোগিতা নিয়েই সিদ্ধান্ত নিতে হবে, সরকার পরিচালনার জন্য অস্থায়ী অর্থায়নের ব্যবস্থা করা হবে, নাকি আগামী বছরের শরৎকাল পর্যন্ত অর্থায়ন নিশ্চিত করতে পূর্ণাঙ্গ বাজেট পাস করা হবে।

    অভিবাসননীতির বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান বজায় রাখতে রিপাবলিকানরা আগে থেকেই অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা করেছে। তবে জানুয়ারির ৩ তারিখ থেকে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার চেষ্টা করতে পারেন।

    এ ছাড়া দেশজুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার মতো একটি বড় ঘটনার পর বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিক করতে প্রশাসন অতিরিক্ত ৫০ বিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব দিয়েছে। সরকারি ব্যয় নিয়ে চলমান আলোচনায় এটিও নতুন চাপ তৈরি করতে পারে।

    ইরান যুদ্ধের অবসান

    ইরান যুদ্ধ নিয়েও দুই দলের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ট্রাম্প রিপাবলিকানদের মাধ্যমে ডেমোক্র্যাটদের সহযোগিতা ছাড়াই প্রতিরক্ষা খাতে ৩৫০ বিলিয়ন ডলার বরাদ্দ করতে চান। তবে নির্ধারিত সময়ের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা রিপাবলিকানদের জন্য কঠিন হতে পারে।

    অন্যদিকে ডেমোক্র্যাটরা প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দের বিষয়টিকে কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করতে পারেন।

    তবে প্রেসিডেন্টকে সরাসরি যুদ্ধ বন্ধে বাধ্য করা সহজ হবে না। দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ক্ষেত্রে যুদ্ধক্ষমতা-সংক্রান্ত আইনে কংগ্রেসের অনুমোদনের বিধান থাকলেও ট্রাম্প বিভিন্নভাবে সেই বিধিনিষেধ এড়িয়ে চলেছেন। তাছাড়া প্রেসিডেন্টের ভেটো বাতিল করতে সিনেটে ৬৭টি ভোট প্রয়োজন, যার জন্য রিপাবলিকানদের একটি অংশের সমর্থনও লাগবে।

    জ্বালানির দাম কমাতে পরিবেশ আইন সংস্কার

    জ্বালানির মূল্য নিয়ন্ত্রণেও দুই দলের মধ্যে সমঝোতার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে কয়েকজন সিনেটর এমন একটি সমঝোতা বিল নিয়ে কাজ করছেন, যার মাধ্যমে পরিবেশসংক্রান্ত আইন সংস্কার করে নতুন জ্বালানি প্রকল্প নির্মাণ সহজ করা হবে।

    এতে তেল ও গ্যাসভিত্তিক প্রকল্পের পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনকেন্দ্র নির্মাণের সুযোগও বাড়বে। ট্রাম্প এ উদ্যোগের পক্ষে থাকলেও ডেমোক্র্যাটদের একটি অংশ আগামী বছর বিলটি নতুনভাবে সাজাতে চান।

    জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে নিজেদের রাজনৈতিক অবস্থান ও আইন প্রণয়নে প্রভাব বজায় রাখার বিষয়টিও ডেমোক্র্যাটদের বিবেচনায় রাখতে হবে।

    স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যয় নিয়ে সমঝোতা

    স্বাস্থ্যসেবা খাতেও ট্রাম্প প্রশাসনের নেওয়া কিছু সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করবেন ডেমোক্র্যাটরা। গত বছর কর কমানোর ব্যয় মেটাতে রিপাবলিকানরা স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং সাশ্রয়ী স্বাস্থ্যবিমা ব্যবস্থায় বড় ধরনের বরাদ্দ কমিয়েছিল।

    নতুন প্রতিনিধি পরিষদের স্পিকার হাকিম জেফরিসের অন্যতম অগ্রাধিকার হতে পারে স্বাস্থ্যবিমায় অতিরিক্ত সরকারি ভর্তুকি ফিরিয়ে আনা এবং সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচিতে কমানো অর্থের কিছু অংশ পুনর্বহাল করা।

    ডেমোক্র্যাটরা পুরোপুরি সফল না হলেও গুরুত্বপূর্ণ কিছু সরকারি বিলের সঙ্গে যুক্ত করে স্বাস্থ্যবিমার ভর্তুকি আংশিকভাবে বাড়ানোর বিষয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেন।

    এ ছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ওপর আরোপিত করসংক্রান্ত বিধিনিষেধ কিছু সময়ের জন্য স্থগিত করার চেষ্টা হতে পারে। কারণ, এসব বিধান লাল ও নীল—উভয় রাজনৈতিক অবস্থানের অঙ্গরাজ্যেই অর্থায়ন নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

    তবে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ পুনর্বহাল করতে বিপুল অর্থ প্রয়োজন হবে। এ কারণে ডেমোক্র্যাটদের মধ্যেও এ বিষয়ে মতৈক্য তৈরি করা কঠিন হতে পারে।

    বিশেষ করে আগামী জানুয়ারি থেকে অধিকাংশ অঙ্গরাজ্যে স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়ার ক্ষেত্রে কর্মসংস্থানসংক্রান্ত শর্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। ডেমোক্র্যাটরা এ ব্যবস্থার বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন এবং সাধারণ মানুষ, হাসপাতাল ও অঙ্গরাজ্যগুলোর ওপর এর প্রভাব তুলে ধরবেন।

    ট্রাম্পের শুল্কনীতি বাতিলের চেষ্টা

    ট্রাম্পের শুল্কনীতি নিয়েও বড় ধরনের রাজনৈতিক বিরোধ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী শুল্ক ও বাণিজ্যনীতির ওপর মূল কর্তৃত্ব কংগ্রেসের। তবে গত শতাব্দীতে ধীরে ধীরে এ ক্ষমতার বড় অংশ প্রেসিডেন্টের হাতে চলে গেছে।

    ডেমোক্র্যাটরা কংগ্রেসের সেই ক্ষমতা পুনরুদ্ধার করে ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল বা পরিবর্তনের উদ্যোগ নিতে পারেন। তবে এ জন্য প্রেসিডেন্টের ভেটো অতিক্রম করার মতো পর্যাপ্ত ভোট অথবা ট্রাম্পের সম্মতি প্রয়োজন হবে।

    সরকারি ঋণের সীমা বাড়ানো

    যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ ইতিমধ্যে ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত বছর ট্রাম্পের বড় করছাড়সংক্রান্ত আইন পাসের সময় রিপাবলিকানরা সরকারি ঋণ নেওয়ার সীমা ৫ ট্রিলিয়ন ডলার বাড়িয়েছিল।

    তবে বর্তমান পরিস্থিতিতে ২০২৭ সালে আবারও ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা বাড়ানোর প্রয়োজন হতে পারে। এ বিষয়ে দুই দলের মধ্যে সমঝোতা জরুরি হয়ে উঠবে।

    ওয়াশিংটনের উন্নয়ন প্রকল্পে বাধা দিতে পারেন ডেমোক্র্যাটরা

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েও বিরোধ তৈরি হতে পারে। ট্রাম্প রাজধানীর সৌন্দর্য বাড়ানোর যুক্তিতে কয়েকটি বড় প্রকল্প হাতে নিতে চান। এর মধ্যে রয়েছে বিশাল বিজয় তোরণ নির্মাণ এবং আন্তর্জাতিক মানের গলফ মাঠ তৈরি।

    এসব প্রকল্পে সরকারি অর্থ ব্যয়ের পরিকল্পনা থাকলেও ডেমোক্র্যাটরা এগুলোকে প্রেসিডেন্টের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার প্রকল্প হিসেবে দেখছেন। তাই সরকারি অর্থ বরাদ্দের ক্ষমতা ব্যবহার করে প্রকল্পগুলো আটকে দেওয়ার চেষ্টা করতে পারেন তাঁরা।

    ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত

    কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ডেমোক্র্যাটদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলোর একটি হবে প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর তদন্ত পরিচালনা করা। এ জন্য তাঁরা শুনানি আয়োজন করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করতে পারবেন।

    বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনের গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সম্পর্ক নিয়ে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যে বিতর্ক তৈরি হয়েছে, তা তদন্তের আওতায় আসতে পারে।

    এ ছাড়া ধনকুবের ইলন মাস্কের কর্মকাণ্ডও ডেমোক্র্যাটদের নজরে থাকবে। ট্রাম্পের সমর্থনে তিনি যে সরকারি দক্ষতা বিভাগ চালু করেছিলেন, তার কার্যক্রম এবং মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের পাওয়া সরকারি চুক্তি খতিয়ে দেখা হতে পারে।

    যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরো এবং শিক্ষা বিভাগের মতো কংগ্রেসের মাধ্যমে প্রতিষ্ঠিত সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ বা সীমিত করার ট্রাম্পের উদ্যোগও তদন্তের মুখে পড়তে পারে।

    ট্রাম্পের পরিবারের সদস্যদের ব্যবসায়িক কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলতে পারেন ডেমোক্র্যাটরা। বিশেষ করে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় তাঁর সন্তানদের ব্যবসায়িক আয় এবং ক্রিপ্টোকারেন্সি খাত থেকে ট্রাম্পের অর্জিত ১ বিলিয়ন ডলারের বেশি অর্থের বিষয়টি আলোচনায় আসতে পারে।

    ইরান যুদ্ধ, ব্যাপক অভিবাসী বহিষ্কার এবং শুল্কনীতির মতো বিতর্কিত সিদ্ধান্তও কংগ্রেসের তদন্তের আওতায় আসতে পারে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম, অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মুলিন এবং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকেও বিভিন্ন শুনানিতে জবাবদিহি করতে হতে পারে।

    এ ছাড়া ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা বিশেষ মূল্যসংক্রান্ত চুক্তি নিয়েও বিস্তারিত জানতে চাইবেন ডেমোক্র্যাটরা। এসব চুক্তির ফলে রোগীদের চিকিৎসা ব্যয় সত্যিই কমেছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

    কৃষি আইন ও খাদ্য সহায়তা কর্মসূচি

    কৃষি আইন পাস এবং খাদ্য সহায়তা কর্মসূচিতে কমানো অর্থের প্রভাব নিয়েও দুই দলের মধ্যে আলোচনা হতে পারে।

    নতুন আইনে খাদ্য সহায়তা কর্মসূচির ব্যয়ের একটি অংশ অঙ্গরাজ্যগুলোর ওপর চাপানোর বিধান রয়েছে। বিশেষ করে যেসব অঙ্গরাজ্যে সুবিধা প্রদানের ক্ষেত্রে ভুলের হার বেশি, তাদের অতিরিক্ত আর্থিক দায় নিতে হবে।

    ডেমোক্র্যাটরা এ বিধান কার্যকরের সময় দুই বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। আগামী অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা। তবে সিনেটের কৃষি কমিটি ইতিমধ্যে এক বছর সময় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। একই সঙ্গে যেসব অঙ্গরাজ্যে ভুলের হার বেশি, তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে, যার বিরোধিতা করছেন ডেমোক্র্যাটরা।

    ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প আইনে স্বাক্ষর করার পর থেকে খাদ্য সহায়তা কর্মসূচির সুবিধা হারিয়েছেন ৫৫ লাখের বেশি মানুষ বলে জানিয়েছে ফুড রিসার্চ অ্যান্ড অ্যাকশন সেন্টার। নতুন বিধান কার্যকর হলে আরও অনেক মানুষ এ সুবিধা হারাতে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

    সামাজিক নিরাপত্তা ও চিকিৎসা সুবিধা রক্ষা

    সামাজিক নিরাপত্তা এবং প্রবীণদের চিকিৎসাসেবা কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে আলোচনা হতে পারে। এসব কর্মসূচির অর্থায়নে ব্যবহৃত তহবিল ২০৩০-এর দশকের শুরুতে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    ডেমোক্র্যাটরা সামাজিক নিরাপত্তা খাতে উচ্চ আয়ের মানুষের বেতনের ওপর কর আরোপের সীমা বাড়ানোর পক্ষে। এতে সরকারের আয় বাড়বে এবং কর্মসূচিটির আর্থিক সক্ষমতা ধরে রাখা সহজ হবে।

    এ ছাড়া বার্ষিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতা বাড়ানো এবং সর্বনিম্ন মাসিক সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাবও দিতে পারেন তাঁরা।

    অন্যদিকে রিপাবলিকানদের একটি অংশ অবসরের বয়স বাড়ানো, বার্ষিক ভাতা বৃদ্ধির হার কমানো এবং উচ্চ আয়ের সুবিধাভোগীদের জন্য সরকারি সুবিধা সীমিত করার পক্ষে।

    প্রবীণদের চিকিৎসাসেবা কর্মসূচি নিয়েও ডেমোক্র্যাটরা নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব দিতে পারেন। এর মধ্যে দাঁত, চোখ ও শ্রবণসংক্রান্ত চিকিৎসা অন্তর্ভুক্ত করার বিষয় রয়েছে।

    অভিবাসন ও আবাসন সমস্যা সমাধান

    অভিবাসননীতি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থাকলেও এ বিষয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প দাবি করেছেন, তাঁর প্রশাসন সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সফল হয়েছে। এখন অভিবাসনব্যবস্থার সামগ্রিক সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হতে পারে।

    সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, কিন্তু বৈধ কাগজপত্র নেই—এমন কিছু অভিবাসীর দেশটিতে থাকার সুযোগ দেওয়ার সম্ভাবনার কথা বলেছেন। এটি তাঁর আগের কঠোর অভিবাসন অবস্থানের তুলনায় কিছুটা ভিন্ন ইঙ্গিত।

    আবাসন খাতেও দুই দলের মধ্যে সমঝোতা হতে পারে। প্রতিনিধি পরিষদের সম্ভাব্য স্পিকার হাকিম জেফরিস এর আগে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আবাসন ও বিচারব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা করেছেন।

    এ ছাড়া নিউইয়র্কের ডেমোক্র্যাট মেয়র জোহরান মামদানির সঙ্গেও আবাসন ও অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলেছেন ট্রাম্প।

    এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর দুই দলের সমঝোতায় বিচারব্যবস্থার সংস্কারসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আইন পাস হয়েছিল। সেই অভিজ্ঞতা এবারও দুই দলের মধ্যে সহযোগিতার পথ তৈরি করতে পারে।

    সব মিলিয়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময়ে ডেমোক্র্যাটদের সামনে যেমন প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার চ্যালেঞ্জ রয়েছে, তেমনি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা, অভিবাসন ও কর্মসংস্থানের মতো বিষয়েও বাস্তব পরিবর্তন আনার সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে দুই দল কতটা সমঝোতায় পৌঁছাতে পারে, তার ওপরই নির্ভর করবে এসব উদ্যোগের সাফল্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান কোথা থেকে অস্ত্র পায় এবং যুক্তরাষ্ট্র কি সত্যিই সেই সরবরাহ বন্ধ করতে পারবে?

    নভেম্বর 17, 2026
    আন্তর্জাতিক

    বৃহস্পতিবার মুখোমুখি শি, পুতিন ও ট্রাম্প: বৈঠকে কী আলোচনা হবে?

    নভেম্বর 17, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ অবসানে শি-পুতিনের সহায়তা চাইবেন ট্রাম্প

    নভেম্বর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.