হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপের দক্ষিণে উড়তে থাকা একটি মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বাহিনীটি এ তথ্য জানায়। সূত্র: মিডল ইস্ট আই
আইআরজিসি ড্রোনটিকে ‘এমকিউএম-১৭০’ হিসেবে শনাক্ত করেছে। তাদের দাবি, এটি তাদের হাতে আটক হওয়া নবম মার্কিন ড্রোন।
এর আগে সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির আকাশে একটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করেছে ইরানি সেনাবাহিনী।
ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি
সোমবার দিনের শুরুতে আইআরজিসির নৌবাহিনী জানিয়েছিল, কেশম দ্বীপের দক্ষিণে একটি ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়ে তারা এমকিউএম-১৭০ ড্রোনটি অক্ষত অবস্থায় জব্দ করেছে।
বাহিনীটির বিবৃতিতে বলা হয়, ইরানি সেনারা ড্রোনটির নির্দেশনা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অবতরণ করতে বাধ্য করেন।
আইআরজিসির দাবি, ড্রোনটি ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল।
তবে ড্রোনটি কীভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, এর প্রযুক্তিগত প্রক্রিয়া কী ছিল কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
হরমুজ ঘিরে নতুন করে উত্তেজনা
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
পরবর্তী সময়ে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে দুই পক্ষের মতবিরোধের কারণে সেই আলোচনা স্থবির হয়ে পড়ে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের কাছে পরপর দুটি মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়া ও ভূপাতিত করার দাবি নতুন করে ওয়াশিংটন ও তেহরানের সামরিক উত্তেজনার বিষয়টি সামনে এনেছে।

