Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান কোথা থেকে অস্ত্র পায় এবং যুক্তরাষ্ট্র কি সত্যিই সেই সরবরাহ বন্ধ করতে পারবে?
    আন্তর্জাতিক

    ইরান কোথা থেকে অস্ত্র পায় এবং যুক্তরাষ্ট্র কি সত্যিই সেই সরবরাহ বন্ধ করতে পারবে?

    নিউজ ডেস্কনভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ১২ নভেম্বর ২০২৬ তারিখে তেহরানের বাইরে জাতীয় মহাকাশ পার্কে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এক প্রদর্শনীতে প্রদর্শিত একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিডল ইস্ট আই

    ইরানের সামরিক সরঞ্জাম সরবরাহব্যবস্থা ভেঙে দিতে নতুন করে তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি নতুন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর উদ্দেশ্য হলো স্থলপথে এবং কাস্পিয়ান সাগর দিয়ে ইরানে প্রবেশ করা অস্ত্রের চালান আটকে দেওয়া।

    বর্তমানে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসেছে। আট মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে। তবে যুদ্ধের সমাপ্তি কবে নাগাদ ঘটবে, তা এখনো স্পষ্ট নয়।

    ইরান নিজেদের প্রয়োজনীয় অস্ত্রের বড় অংশই দেশে উৎপাদন করে। তবে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের কারণে স্বাভাবিক সামুদ্রিক বাণিজ্যপথ প্রায় অচল হয়ে পড়েছে। ফলে সামরিক সরঞ্জাম আমদানির জন্য ইরান ক্রমেই উত্তরের দেশগুলোর দিকে ঝুঁকছে।

    রাশিয়া ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ হয়ে ইরানে অস্ত্র ও অস্ত্রের যন্ত্রাংশ প্রবেশ করেছে। একই সঙ্গে চীনের কাছ থেকেও অস্ত্র বিক্রির বিষয়ে ক্রমবর্ধমান তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

    এমনকি ইরানের নিজস্ব উৎপাদিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশের সরবরাহ বিভিন্ন দেশের উৎপাদনকারীদের কাছ থেকে এসেছে। এসব দেশের মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরোধী দেশও রয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রও।

    ফ্লোরিডার টাম্পায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ২০ সদস্যের এই নতুন ইউনিটের উদ্বোধন করেছেন। তবে টাস্কফোর্সটি কীভাবে কাজ করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

    এই টাস্কফোর্সের আরেকটি লক্ষ্য হলো ইরানের রপ্তানি আরও কঠোরভাবে বাধাগ্রস্ত করা। এসব রপ্তানির মধ্যে সবচেয়ে লাভজনক হলো তেল। ইরানের কথিত ‘অবৈধ রাজস্বের উৎস’ বন্ধ করতে ওয়াশিংটন ইতিমধ্যে দেশটির তেল খাতের ওপর নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করেছে।

    ইরান কীভাবে অস্ত্র সংগ্রহ করে এবং সেই সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্র কী কৌশল নিয়েছে, তা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচে তুলে ধরা হলো।

    ২০২৪ সালের সেপ্টেম্বরে তেহরানের এক সামরিক কুচকাওয়াজে একটি শাহেদ ১৩৬-বি ড্রোন প্রদর্শনকালে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান (ডান) এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদেহ তা দেখছেন (এএফপি)।
    ২০২৪ সালের সেপ্টেম্বরে তেহরানের এক সামরিক কুচকাওয়াজে একটি শাহেদ ১৩৬-বি ড্রোন প্রদর্শনকালে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদেহ তা দেখছেন। ছবি: এএফপি

    ইরান কী ধরনের অস্ত্র ব্যবহার করছে?

    মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ইরানের। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর থেকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো, ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলা চালিয়েছে।

    ইরানের সেজ্জিল ক্ষেপণাস্ত্রসহ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার (১ হাজার ২৪০ মাইল)। এগুলো অন্তত ৫০০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চল এবং দক্ষিণ ইউরোপের কিছু অংশও এসব ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

    ইরানের মোট অস্ত্রভান্ডারের পরিমাণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে চলমান যুদ্ধ দেশটির অস্ত্রভান্ডারের ব্যাপকতা সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছে।

    যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ অন্যান্য কয়েকটি দেশের মতো ইরানের পারমাণবিক অস্ত্র নেই। তবে দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিরোধের কারণ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকেরা বলছেন, ইরানের কাছে এমন পরিমাণ ইউরেনিয়ামের মজুত রয়েছে, যা বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। এটি দেশটির সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচির দিকে ইঙ্গিত করে।

    তেহরানের কী ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রয়োজন?

    যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার কারণে ইরান নিজেদের অধিকাংশ অস্ত্র দেশের ভেতরেই উৎপাদন করে।

    স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) জ্যেষ্ঠ গবেষক পিটার ওয়েজম্যান বলেন, ‘ইরান জানে, বছরের পর বছর ধরে তাদের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে নিরাপদ অস্ত্র সরবরাহ নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায় হলো নিজেদের অস্ত্রশিল্পকে টিকিয়ে রাখা।’

    ইরানের নিজস্ব অস্ত্রশিল্পের বড় অংশই ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে কেন্দ্রীভূত। এই দুটি ক্ষেত্রে দেশটির উন্নয়ন সামরিক প্রযুক্তির অন্যান্য খাতের তুলনায় অনেক বেশি এগিয়েছে। বিশেষ করে যুদ্ধবিমান ও স্থলযুদ্ধের সরঞ্জাম উৎপাদনে ইরান তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। এসব ক্ষেত্রে ঘাটতি পূরণে দেশটি মাঝেমধ্যে বিদেশ থেকে সরঞ্জাম আমদানি করে।

    তবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জন্য প্রয়োজনীয় জটিল যন্ত্রাংশ, যেমন মোটর, মাইক্রোচিপ ও সেমিকন্ডাক্টর নিজেরা উৎপাদন করতে পারে না। এ কারণে এসব যন্ত্রাংশ আমদানির ওপর নির্ভর করতে হয়।

    এসব যন্ত্রাংশের অনেকগুলো বেসামরিক কাজেও ব্যবহার করা যায়। এ ধরনের পণ্যকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ বা ডুয়াল-ইউজ পণ্য বলা হয়। উত্তর আমেরিকা, ইউরোপ ও পূর্ব এশিয়ার মাত্র কয়েকটি দেশ এসব যন্ত্রাংশ উৎপাদন করে।

    রাশিয়া কি ইরানের কাছে অস্ত্র বিক্রি করছে?

    কয়েক দশক ধরেই রাশিয়া ইরানের প্রধান অস্ত্র বাণিজ্যিক অংশীদার। সোভিয়েত আমল এবং ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর তেহরান ও মস্কো যখন আন্তর্জাতিকভাবে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন থেকেই দুই দেশের মধ্যে অস্ত্র বাণিজ্যের সম্পর্ক গড়ে ওঠে।

    কাস্পিয়ান সাগর দিয়ে বিচ্ছিন্ন দুই দেশের মধ্যে অস্ত্র বাণিজ্যের প্রকৃত পরিমাণ কত, তা স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে তেহরান বেশ কয়েকটি চুক্তির বিষয়ে প্রকাশ্যে জানিয়েছে।

    ১০ মার্চ ২০২৩ তারিখে বেইজিং-এ চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই, সৌদি আরবের মুসাদ বিন মোহাম্মদ আল-আইবান এবং ইরানের আলী শামখানির সঙ্গে (রয়টার্স)
    ১০ মার্চ ২০২৩ তারিখে বেইজিং-এ চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই, সৌদি আরবের মুসাদ বিন মোহাম্মদ আল-আইবান এবং ইরানের আলী শামখানির সঙ্গে। ছবি: রয়টার্স

    গত ৩১ অক্টোবর ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ইসলামী প্রজাতন্ত্র রাশিয়ার কাছ থেকে অনির্দিষ্টসংখ্যক এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর এসব যুদ্ধবিমান সরবরাহের কথা রয়েছে।

    এ ছাড়া ২০২৩ সালে রাশিয়া ইরানের কাছে ছয়টি ইয়াক-১৩০ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্মত হয়েছিল বলে তথ্য-প্রমাণ রয়েছে। পাশাপাশি কাঁধে বহনযোগ্য উন্নত ক্ষেপণাস্ত্রের হাজার হাজার ইউনিট বিক্রির চুক্তিও হয়েছে। ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করার কথা রয়েছে।

    তবে ওয়েজম্যান জোর দিয়ে বলেছেন, রাশিয়ার এসব অস্ত্র বিক্রির পরিমাণ ইরানের নিজস্ব অস্ত্র উৎপাদনের তুলনায় অত্যন্ত নগণ্য।

    উদাহরণ হিসেবে বলা যায়, ২০২৪ ও ২০২৫ সালে মস্কো তেহরানের কাছে হেলিকপ্টারে সংযুক্ত করা যায়- এমন ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা বিক্রির ব্যবস্থা করেছিল।

    কিন্তু ওয়েজম্যান বলেন, ‘এগুলো আসলে মাত্র কয়েকটি তুলনামূলকভাবে ছোট পাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো আক্রমণকারী হেলিকপ্টারে সংযুক্ত করা যায়। ইরান সম্ভবত এসব হেলিকপ্টার উড়ানোর ঝুঁকি নিতেও চাইবে না। আবার এগুলো এরই মধ্যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গিয়ে থাকতে পারে।’

    তিনি আরও বলেন, ‘অর্থাৎ ইরান এখনো বিদেশ থেকে কিছু অস্ত্র সংগ্রহ করছে, তার প্রমাণ রয়েছে। তবে আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী, এসব অস্ত্রের পরিমাণ খুবই কম। ইরান যে বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তার তুলনায় এগুলো কিছুই নয়।’

    কাস্পিয়ান সাগর দিয়ে শুধু রাশিয়া থেকে ইরানে অস্ত্র আসছে না, উল্টো দিকেও অস্ত্র যাচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করেছে।

    এসব অস্ত্রের মধ্যে রয়েছে ইরানের শাহেদ আক্রমণকারী ড্রোন এবং ফাতাহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ২০২২ ও ২০২৩ সালে এসব অস্ত্র রাশিয়ার কাছে বিক্রি করা হয়েছিল।

    চীন কি তেহরানের কাছে অস্ত্র বিক্রি করছে?

    ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন দীর্ঘদিন ধরেই দেশটিকে অস্ত্র সরবরাহ করছে বলে ধারণা করা হয়। দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে বেইজিংকে সতর্কভাবে এগোতে হচ্ছে। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে চীনের সম্পর্ক গুরুত্বপূর্ণ। চলমান যুদ্ধে ইরান এসব দেশকেও লক্ষ্যবস্তু করেছে।

    ২৪ এপ্রিল ২০২৬ তারিখে ইরানের উপকূলে ইরান-পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজের বিরুদ্ধে ইউএসএস রাফায়েল পেরাল্টা একটি সামুদ্রিক অবরোধ কার্যকর করে (এএফপি/মার্কিন নৌবাহিনীর সৌজন্যে প্রাপ্ত)।
    ২৪ এপ্রিল ২০২৬ তারিখে ইরানের উপকূলে ইউএসএস রাফায়েল পেরাল্টা ইরানের পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ কার্যকর করে। ছবি: এএফপি

    বর্তমান যুদ্ধ শুরুর আগেই চীনের অস্ত্র বিক্রির বিষয়টি আলোচনায় এসেছিল। ২০২৫ সালের জুলাইয়ে মিডল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে জানায়, আগের মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর চীন ইরানকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের ব্যাটারি সরবরাহ করেছিল। সরবরাহের বিষয়ে অবগত একজন আরব কর্মকর্তা এ তথ্য জানিয়েছিলেন।

    চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র যখন যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানের চারপাশে সামরিক শক্তি জড়ো করছিল, তখন রয়টার্স জানায়, চীনের কাছ থেকে জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে তেহরান চুক্তির কাছাকাছি পৌঁছেছে। এ বিষয়ে আলোচনার সঙ্গে পরিচিত ছয়টি সূত্রের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

    নাম প্রকাশ না করার শর্তে আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তারাও জানান, চীন ইরানকে লয়টারিং মিউনিশন বা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে আকাশে চক্কর দিতে সক্ষম বিস্ফোরক ড্রোন সরবরাহ করেছে। এগুলো সাধারণত ‘কামিকাজে ড্রোন’ নামে পরিচিত।

    এরপর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির সময় রয়টার্স জানায়, হংকংভিত্তিক একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে তেহরান চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থার (ম্যানপ্যাডস) সর্বোচ্চ ৪০০টি উৎক্ষেপণযন্ত্র পেতে যাচ্ছে। ৬ কোটি থেকে ৭ কোটি ডলারের এই চুক্তি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।

    তবে এসব অস্ত্র সরবরাহের কোনো ঘটনাই স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। চীন প্রায়ই এ ধরনের অভিযোগ অস্বীকার করে। কারণ, ইরানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।

    ম্যানপ্যাডস বিক্রির প্রতিবেদন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তিটি হলে তিনি অবাক হবেন। কারণ, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে আশ্বস্ত করেছেন যে চীন যুদ্ধে অংশ নেবে না।

    তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আগের অবস্থানের অসংগতি রয়েছে। কারণ, এর মাত্র এক মাস আগে, জুন মাসে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরই ইরানের কাছে চীনের ম্যানপ্যাডস বিক্রির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

    ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহের জন্যও যুক্তরাষ্ট্র চীনের সমালোচনা করেছে। এসব প্রযুক্তির মধ্যে রয়েছে চিপ তৈরির সরঞ্জাম এবং সোডিয়াম পারক্লোরেটের মতো দ্বৈত ব্যবহারযোগ্য উপাদান। সোডিয়াম পারক্লোরেট রকেটের জ্বালানি তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান।

    তেহরান ও বেইজিংয়ের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ইরানের তেলের প্রধান ক্রেতা হিসেবে চীনের দীর্ঘদিনের ভূমিকা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও গোপনে এবং বাজারদরের তুলনায় কম দামে চীন ইরানের কাছ থেকে তেল কিনে আসছে।

    পশ্চিমা-নিয়ন্ত্রিত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন অবস্থায় এসব তেল বিক্রি ইরানকে অর্থনৈতিকভাবে টিকে থাকার সুযোগ দিয়েছে। তবে গত এপ্রিল থেকে ইরানের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে এই তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে।

    ইরান অন্য কোন পথে অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ করছে?

    ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় দ্বৈত ব্যবহারযোগ্য যন্ত্রাংশ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়।

    যুক্তরাষ্ট্রে তৈরি কিছু সস্তা সার্কিট বোর্ডও জটিল ও অস্বচ্ছ মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে ইরানে পৌঁছায়। এসব নেটওয়ার্ক কয়েক ডজন দেশে বিস্তৃত। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মতো ইরানের প্রতিপক্ষ দেশেও এসব মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে।

    ইরানের অস্ত্রের মধ্যে শনাক্ত করা যন্ত্রাংশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের তথ্য বিশ্লেষণ করেও জাপান, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশ থেকে এসব পণ্য সরবরাহের প্রমাণ পাওয়া গেছে।

    অনেক ক্ষেত্রে বেসামরিক ব্যবহারের কথা বলে এসব পণ্য আমদানি করা হয়। একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রকৃত ক্রেতা হিসেবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিচয় আড়াল করা হয়।

    অন্য কিছু ক্ষেত্রে জটিল সরবরাহব্যবস্থা এবং শুল্ক বিভাগের অসম্পূর্ণ তথ্যের কারণে ইলেকট্রনিক যন্ত্রাংশ ও অন্যান্য দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য কীভাবে ইরানে পৌঁছায়, তার পূর্ণ চিত্র পাওয়া কঠিন হয়ে পড়ে।

    তবে ককেশাস অঞ্চল, তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার অন্যান্য দেশ হয়ে স্থলপথে এসব পণ্য ইরানে প্রবেশের তথ্য-প্রমাণ রয়েছে। পাশাপাশি আকাশপথে এবং কাস্পিয়ান সাগর দিয়ে পণ্যবাহী জাহাজের মাধ্যমেও এসব সরঞ্জাম পরিবহন করা হয়।

    অস্ত্রের বাণিজ্য বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন পর্যন্ত কী করেছে?

    মার্কিন অস্ত্র অবরোধে ইরানের প্রতিবেশীরা সহযোগিতা করবে না বলেই মনে হচ্ছে: ইরাকের (বামে) বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল প্রয়োজন, অন্যদিকে পাকিস্তান কালোবাজারের পেট্রোলের ওপর নির্ভরশীল। ছবি: এএফপি

    ইরানের সমুদ্রবন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের পাশাপাশি দেশটির সাতটি স্থলসীমান্তবর্তী প্রতিবেশী—ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তানের ওপরও চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। এসব দেশের সঙ্গে ইরানের সীমান্ত দিয়ে পণ্য পরিবহন কমিয়ে আনাই ওয়াশিংটনের লক্ষ্য।

    আলোচনার সঙ্গে পরিচিত কূটনীতিকদের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে থাকা ১ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে ইরাকের প্রতি দাবি জানিয়েছে।

    গত মাসে পাকিস্তানও একই ধরনের মার্কিন চাপের কাছে কিছুটা নতি স্বীকার করেছে বলে মনে হয়েছে। দেশটি ইরানের সঙ্গে দুটি সীমান্তপথে বাণিজ্য বন্ধ করে দেয়। এতে সড়কপথে চলাচলকারী বহু যানবাহন আটকা পড়ে।

    ইরানের অভ্যন্তরীণ স্থলপথের পরিবহনব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। জুলাই মাসে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের একটি প্রত্যন্ত সেতুতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেতুটি ইরান ও তুর্কমেনিস্তানকে সংযুক্তকারী রেলপথের অংশ ছিল। ইরান দাবি করে, হামলার কয়েক দিনের মধ্যেই তারা সেতুটি পুনর্নির্মাণ করেছে।

    অন্যদিকে, কাস্পিয়ান সাগরেও হামলার ঘটনা ঘটেছে। মার্চ মাসে ইসরায়েল ইরানের বন্দর আনজালিতে হামলা চালায়। জুলাই মাসে ইউক্রেনও ইরান ও রাশিয়ার মধ্যে চলাচলকারী একটি ইরানি পণ্যবাহী জাহাজে হামলা করে। ইউক্রেনের দাবি, রাশিয়ার যুদ্ধে জাহাজটির ভূমিকা ছিল।

    ইরানে অস্ত্র বিক্রি বন্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাধা কোথায়?

    সেমিকন্ডাক্টরের মতো দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। শিশুদের খেলনা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রে এসব উপাদান ব্যবহৃত হয়। ফলে এসব পণ্যের প্রকৃত গন্তব্য শনাক্ত করা অত্যন্ত কঠিন।

    সরবরাহব্যবস্থা নিয়ে অনুসন্ধানকারী প্রতিষ্ঠান হেইমডালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যামিয়েন স্প্লিটার্স বলেন, ‘কোনো পণ্য একাধিক মধ্যস্থতাকারীর হাত ঘুরে যাওয়ার পর সেটির চূড়ান্ত ব্যবহারকারী কে, তা শনাক্ত করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রায়ই হিমশিম খায়।’

    তাঁর মতে, ইরানের প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা নিশ্চিত করাই সীমান্তপথে এসব পণ্যের অবৈধ সরবরাহ ঠেকাতে টাস্কফোর্সটির সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।

    তবে মারমারা বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামি দেশবিষয়ক ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সেরহান আফাচান বলেন, ইরানের সব প্রতিবেশীকে তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে রাজি করানোর মতো পর্যাপ্ত প্রভাব যুক্তরাষ্ট্রের নেই।

    তিনি বলেন, ‘নতুন এই টাস্কফোর্স কার্যত যুদ্ধের সময় ইচ্ছাকৃতভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখা দেশগুলোর ওপরও যুক্তরাষ্ট্রের চাপ সম্প্রসারিত করছে। এসব দেশের সেই অবস্থান থেকে সরে আসার তেমন কোনো প্রণোদনা নেই। বিশেষ করে এমন পদক্ষেপ নিলে তেহরানের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।’

    ইরানের সঙ্গে পাকিস্তানের ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দুই দেশের ছিদ্রযুক্ত সীমান্ত দিয়ে ইরানের পেট্রল ও ডিজেল কালোবাজারে আমদানি করার ওপর পাকিস্তানের নির্ভরতা ক্রমেই বাড়ছে।

    এছাড়া তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠারও চেষ্টা করছে ইসলামাবাদ।

    আফাচান বলেন, ‘আয়রন গেট উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিলে মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে।’ তাঁর মতে, ইরানকে অর্থনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে পরিচালিত কোনো অভিযানে সরাসরি জড়িত না হওয়ার জন্য পাকিস্তানের যথেষ্ট কারণ রয়েছে।

    ইরাক তার জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় গ্যাসের বড় অংশ ইরান থেকে আমদানি করে। তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং নিজ দেশের জনগণের বিরোধিতার আশঙ্কায় ইরাক এখন পর্যন্ত দেশটির সঙ্গে থাকা সব সীমান্তপথের মধ্যে মাত্র দুটি ছাড়া বাকিগুলো বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে।

    আফগানিস্তানের তালেবান সরকারকেও রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করতে রাজি করাতে পারবে না যুক্তরাষ্ট্র। দেশটির সীমান্তের ওপর তালেবানের নিয়ন্ত্রণ সীমিত। ২০২১ সালে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারেও বাধ্য হতে হয়েছিল।

    ইরানের অস্ত্র পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি নেই। ২০১৮ সালের একটি চুক্তি অনুযায়ী, কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশ ছাড়া অন্য কোনো দেশের সেখানে সামরিক অভিযান পরিচালনার অনুমতি নেই।

    আফাচান বলেন, কাস্পিয়ান সাগরের তীরবর্তী অন্যান্য দেশের মতো আজারবাইজানও সাগরটির নিরাপত্তা ও নজরদারির বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।

    তিনি বলেন, ‘ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার স্বার্থ আজারবাইজানের রয়েছে। তবে কাস্পিয়ান সাগরের প্রতিষ্ঠিত আইনি কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা ইরানের সঙ্গে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হতে পারে- এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলারও যথেষ্ট কারণ দেশটির রয়েছে।’

    কাস্পিয়ান সাগরে সামরিক উপস্থিতি গড়ে তোলার যেকোনো চেষ্টা রাশিয়াকে বিশেষভাবে ক্ষুব্ধ করবে।

    ওয়েজম্যান বলেন, ‘রাশিয়া কাস্পিয়ান সাগরকে নিজেদের প্রভাববলয়ের অংশ মনে করে। তাই সেখানে জাহাজে উঠে তল্লাশি চালানোর মতো কোনো অভিযান যুক্তরাষ্ট্র পরিচালনা করবে, এমনটা আমি সত্যিই মনে করি না। বিশেষ করে রাশিয়া থেকে সরাসরি আসা জাহাজের ক্ষেত্রে তো নয়ই।’

    আয়রন গেট ইরানের অস্ত্রভান্ডারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে কি না, তা নিয়েও তিনি সন্দিহান।

    বিদ্যমান অস্ত্র সংগ্রহের পথ বন্ধে আগে থেকেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার যতটুকু মনে হয়, অতিরিক্ত ২০ জন কর্মী দিয়ে খুব বেশি কিছু করা সম্ভব হবে না।’

    আয়রন গেট নিয়ে ইরান, রাশিয়া ও চীন কী বলেছে?

    যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স গঠনের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি গত ৮ নভেম্বর বলেন, ‘আয়রন গেট পরিকল্পনা নিছক শব্দের কারসাজি।’

    তিনি আরও বলেন, ‘এই পদ্ধতির মাধ্যমে ইরানের ওপর তীব্র অর্থনৈতিক চাপ সৃষ্টি করে দেশটির অর্থনীতি ধসিয়ে দেওয়ার লক্ষ্য যুক্তরাষ্ট্র অর্জন করতে পারবে না।’ যুদ্ধের শুরুতে ওয়াশিংটন দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে বলে যে পূর্বাভাস দিয়েছিল, সেটিও তিনি স্মরণ করিয়ে দেন।

    গত ১০ নভেম্বর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁর ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ এবং কথিত আয়রন গেট পরিকল্পনা কীভাবে মোকাবিলা করা যায়’, তা নিয়ে আলোচনা হয়।

    পরে ঘারিবাবাদি বলেন, ‘সাধারণ হুমকি মোকাবিলায় তেহরান ও মস্কো সমন্বয় ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছে।’

    এর পরদিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মস্কোর অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘ইরানি কর্তৃপক্ষের অবস্থানের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ উত্তেজনামূলক ও উসকানিমূলক পদক্ষেপকে আমরা আন্তর্জাতিক আইনের নীতিমালার নির্লজ্জ লঙ্ঘন বলে মনে করি।’

    অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা নিয়ে এখন পর্যন্ত চীন কোনো মন্তব্য করেনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে যেসব বিষয়ে কাজ করতে চান ডেমোক্র্যাটরা

    নভেম্বর 17, 2026
    আন্তর্জাতিক

    বৃহস্পতিবার মুখোমুখি শি, পুতিন ও ট্রাম্প: বৈঠকে কী আলোচনা হবে?

    নভেম্বর 17, 2026
    ব্যাংক

    ডিজিটাল মুদ্রা বনাম ঐতিহ্যবাহী ব্যাংকিং: ভবিষ্যৎ কোন পথে?

    নভেম্বর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.