ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও প্রশংসায় ভাসিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চার দেশের জোট কোয়াডের শীর্ষ সম্মেলনে মোদিকে ‘অত্যন্ত কঠিন মানুষ’ এবং ‘শক্ত মনের মানুষ’ বলে অভিহিত করেছেন তিনি। সূত্র: এনডিটিভি
মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত কোয়াড নেতাদের সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প।
মোদির পাশে দাঁড়িয়ে তাঁর দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি খুব শক্ত মনের মানুষ।’ এরপর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইশারা করে ট্রাম্প বলেন, ‘তিনি সম্ভবত আরও বেশি কঠিন।’
ভারতের প্রধানমন্ত্রী মোদি, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘এই মানুষ এবং দেশগুলোর সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে। একেবারে শুরু থেকেই। আমি এই তিনজনের সঙ্গেই দীর্ঘ সময় ধরে আছি এবং তারা অসাধারণ মানুষ। তারা আমার বন্ধু।’
পরে আরেকটি বৈঠকেও মোদির প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী তাঁর বন্ধু, একজন মহান নেতা এবং সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত সম্মানিত।
আগেও মোদিকে নিয়ে প্রশংসা করেছেন ট্রাম্প
মোদির প্রতি ট্রাম্পের এমন প্রশংসা অবশ্য নতুন নয়। এর আগে চলতি বছরের জুনে অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারেও তাঁকে ‘মহান নেতা’ ও ‘খুব শক্ত মনের মানুষ’ বলে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ওই সাক্ষাৎকারে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা নেতার উদাহরণ হিসেবে মোদির কথা উল্লেখ করেন ট্রাম্প।
তিনি বলেছিলেন, ‘সারাজীবন আমি ভারতের দিকে তাকিয়ে দেখেছি, তারা শুধু পরিবর্তনই করে গেছে। কেউ থাকত, ছয় মাস বা এক বছরের জন্য থাকত। আর তারপর হঠাৎ করেই প্রধানমন্ত্রী মোদি সেখানে চলে আসেন। তিনি ১২ বছরেরও বেশি সময় ধরে সেখানে আছেন, অত্যন্ত কঠিন।’
ম্যানিলায় কোয়াড সম্মেলন
ফিলিপাইন এ বছর দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনের পাশাপাশি ২০২৪ সালের পর প্রথম সশরীর কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করছে।
সর্বশেষ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে সশরীর কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনের আয়োজক ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কোয়াডে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক জোরদার করাই এই চার দেশের জোটের অন্যতম লক্ষ্য।

