রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নির্ধারিত ফ্লাইটে থাকা অবস্থায় বিমানটি কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে ক্রুসহ মোট ১৯ জন আরোহী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।
মন্ত্রণালয় আরও জানায়, প্রাথমিক তদন্তে কারিগরি ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বিমানটিতে প্রথমে আগুন ধরে যায়। এরপর সেটি দ্রুত নিচে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়।
কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, অঞ্চলের ইয়াগুনোভো জেলায় একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পরে এক ভিডিও বার্তায় তিনি জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ওই অঞ্চলের আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল।

