বিশ্বের নামী ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড ছড়িয়ে পড়ায় ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরির ঝুঁকি তৈরি হয়েছে। সোমবার জুম, বিবিসি, সিএনএন, এইচএসবিসি ও আইকিয়ার মতো প্রতিষ্ঠানের সাইটে ঢুকে যাঁরা কাজ করেছেন, তাঁরা এই ঝুঁকির মধ্যে পড়েন। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিপোর্ট ইউআরআই এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, হামলাকারীরা সরাসরি এসব প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে ঢোকেনি। তারা হ্যাক করেছে একটি তৃতীয় পক্ষের ওয়েব প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের মাধ্যমেই ক্ষতিকর কোড একসঙ্গে অনেক ওয়েবসাইটে পৌঁছে যায়। প্ল্যাটফর্মটির নাম অপ্টিমাইজলি ওয়েব, যা মূলত ওয়েবসাইটে পরীক্ষামূলক পরিবর্তন যাচাইয়ের কাজে ব্যবহৃত হয়।
সোমবারের পর মঙ্গলবারও একই প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ওয়েবসাইট হামলার শিকার হয়। রিপোর্ট ইউআরআইয়ের তথ্যমতে, এর মধ্যে রয়েছে সেলসফোর্স, গিটল্যাব, ইকুইফ্যাক্স, এয়ার ফ্রান্স-কেএলএম, ক্রিপ্টো হার্ডওয়্যার ওয়ালেট নির্মাতা লেজার এবং স্ট্রিমিং সেবা পিকক। অর্থাৎ হামলা একদিনে সীমাবদ্ধ থাকেনি, পরের দিনও তা অব্যাহত ছিল।
নিরাপত্তা বিশ্লেষকদের বর্ণনায়, এই ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যারটি একাধিক কাজের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এর প্রথম লক্ষ্য ছিল ব্যবহারকারীদের পেমেন্ট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া। দ্বিতীয়ত, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় ওয়ালেটের ঠিকানা বদলে সেখানে হ্যাকারদের নিয়ন্ত্রিত ঠিকানা বসিয়ে দেওয়া হতো। এর ফলে ব্যবহারকারী অজান্তেই নিজের অর্থ হামলাকারীদের হাতে পাঠিয়ে দিতে পারতেন। তৃতীয়ত, ব্রাউজারের কুকিজ ও স্ক্রিনশট চুরির চেষ্টাও করা হয়েছে। কুকিজ চুরি হলে অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড ছাড়াই কারও অনলাইন অ্যাকাউন্টে ঢুকে পড়া সম্ভব হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপলের আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের ডিভাইসে এই কোডের মাধ্যমে ‘করুনা’ ও ‘ডার্কসোর্ড’ নামের দুটি আইওএস এক্সপ্লয়েট কিট ঢোকানো হয়েছে। এক্সপ্লয়েট কিট হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সরঞ্জামসমষ্টি, যা ডিভাইসের নিরাপত্তা-দুর্বলতা খুঁজে বের করে তা কাজে লাগায়। ফলে মোবাইল ব্যবহারকারীদের ঝুঁকিও তুলনামূলক বেশি ছিল।
এই হামলায় ক্ষতি যে কেবল আশঙ্কার পর্যায়ে নেই, তারও প্রমাণ মিলেছে। রিপোর্ট ইউআরআই জানায়, যাচাই করা লেনদেনের তথ্যে ইতিমধ্যে হামলাকারীদের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কত অর্থ খোয়া গেছে বা কতজন ব্যবহারকারী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
স্বস্তির খবর হলো, বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই বেশির ভাগ ক্ষতিকর কোড দ্রুত সরিয়ে ফেলা হয়। ফলে হামলার প্রভাব আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা কিছুটা কমেছে। তবে যাঁরা এই সময়ের মধ্যে আক্রান্ত সাইটগুলোতে কেনাকাটা বা লেনদেন করেছেন, তাঁদের জন্য ঝুঁকি পুরোপুরি কেটে গেছে বলা যাচ্ছে না।
এই ঘটনা আবারও দেখিয়ে দিল, কোনো প্রতিষ্ঠান নিজের নিরাপত্তা যত শক্তই করুক, তৃতীয় পক্ষের সেবার ওপর নির্ভরতা বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। একটি প্ল্যাটফর্মে ঢুকতে পারলেই হামলাকারীরা একসঙ্গে শতাধিক প্রতিষ্ঠানের ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা ঠেকাতে প্রতিষ্ঠানগুলোকে বাইরের স্ক্রিপ্টের ওপর নিয়মিত নজরদারি রাখতে হয়। সাধারণ ব্যবহারকারীদের জন্যও সতর্ক থাকা জরুরি। সন্দেহজনক লেনদেন চোখে পড়লে ব্যাংক বা কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানকে দ্রুত জানানো, আইফোন ও আইপ্যাডের সফটওয়্যার হালনাগাদ রাখা এবং ক্রিপ্টো লেনদেনের আগে ওয়ালেট ঠিকানা মিলিয়ে নেওয়া এখন বাড়তি প্রয়োজন।

