ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু অংশ দখল করে রেখেছে এবং মার্কিন গণমাধ্যম এই পরিস্থিতি নিয়ে যথেষ্ট সংবাদ প্রকাশ করছে না—এমন দাবি করেছেন মার্কিন রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন।
স্থানিীয় সময় বুধবার (১৭ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে তাঁর এই বক্তব্য তুলে ধরা হয়।
সোমবার প্রকাশিত একটি পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন বলেন, ‘হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সত্যিকার অর্থে হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারা এই মুহূর্তে সৌদির একটি অংশ দখল করে আছে… আমি জানি না এটি আমেরিকান মিডিয়ায় প্রচারিত হচ্ছে কি না, তবে এটি একটি সত্য ঘটনা। এটি অনেক বড় একটি বিষয়।’
কার্লসন আরও বলেন, ‘এই মুহূর্তে কি সৌদি মাটিতে হুথি বাহিনী আছে? হ্যাঁ, আছে।’
দাবির উৎস প্রকাশ করেননি কার্লসন
সৌদি ভূখণ্ড হুথিদের দখলে থাকার তথ্য তিনি কোথা থেকে পেয়েছেন, তা প্রকাশ করেননি কার্লসন।
তবে তিনি প্রায়ই আরব উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন। গত অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, ভূমধ্যসাগরে অবস্থানরত একটি প্রমোদতরীতে কয়েকজন আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যের সঙ্গে দেখা করেছিলেন কার্লসন।
সাক্ষাৎকারে তিনি দাবি করেন, চলতি সপ্তাহেও উপসাগরীয় অঞ্চলের কয়েকজন নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার সমালোচক হলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেন কার্লসন। ইরান ও ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
আগে হুথিদের সৌদি অভিযান নিয়ে প্রতিবেদন হয়েছিল
এর আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিল, হুথিরা সৌদি আরবের ভেতরে অভিযান চালাচ্ছে।
সূত্রগুলোর দাবি ছিল, অক্টোবরে ওই অভিযান চালানো হয়। তবে হুথিরা তখনো সৌদি ভূখণ্ডের কোনো অংশ দখলে রেখেছে কি না, তা সে সময় নিশ্চিত করা হয়নি।
ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের সীমান্ত দুর্গম পাহাড় ও বিস্তীর্ণ মরুভূমিতে গঠিত। ওই অঞ্চলে সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। আগের দফার যুদ্ধের পর সীমান্ত এলাকার বেশ কয়েকটি গ্রাম জনশূন্য হয়ে পড়েছিল।
বর্তমানে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও হুথিদের সংঘাত মূলত ইয়েমেনের ভেতরেই কেন্দ্রীভূত। হুথিরা সরকারের অস্থায়ী রাজধানী বন্দরনগরী এডেনের দিকেও অগ্রসর হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আসির, জাজান ও নাজরান নিয়ে হুথিদের পুরোনো দাবি
হুথিরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের তিনটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ—আসির, জাজান ও নাজরানের ওপর দাবি জানিয়ে আসছে।
১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে ইয়েমেন এসব অঞ্চল সৌদি আরবকে ছেড়ে দিয়েছিল।
ইয়েমেনের সাদা প্রদেশ থেকে উঠে আসা হুথি গোষ্ঠীটি শিয়া ইসলামের জায়েদি মতাবলম্বী। গোষ্ঠীটির নামকরণ করা হয়েছে তাদের প্রতিষ্ঠাতা হুসেইন বদরুদ্দিন আল-হুথির নামে। হুথিদের জ্যেষ্ঠ নেতৃত্বের অনেকে নিজেদের হাশেমি বংশধর হিসেবে দাবি করেন।
ইরান ছাড়াও অন্য সমর্থক আছে কি না, প্রশ্ন কার্লসনের
কার্লসন মনে করেন, সৌদি আরবকে দুর্বল দেখতে চাওয়া ইরান হুথিদের ওপর বড় প্রভাব রাখে। তবে তাঁর প্রশ্ন, তেহরানই কি তাদের একমাত্র বড় সমর্থক?
তিনি বলেন, ‘আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে হুথিদের কে নিয়ন্ত্রণ করছে। আমি মনে করি হুথিদের ওপর ইরানের বিশাল প্রভাব রয়েছে, তবে এর পেছনে কি কেবল এই একটি শক্তিই রয়েছে?’
কার্লসন নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।
তবে গত অক্টোবরে ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু নির্ধারণে হুথিদের গোপনে সহায়তা করছিল।
কার্লসনের সর্বশেষ বক্তব্য সৌদি-ইয়েমেন সীমান্তে হুথিদের উপস্থিতি ও প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তবে সৌদি ভূখণ্ডের কোনো অংশ এখনো হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।

