যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই উপসাগরীয় দেশ কুয়েত ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। শান্তি আলোচনায় অগ্রগতি না থাকায় উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: আল জাজিরা
মঙ্গলবার রাতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘শত্রুতামূলক ড্রোন হামলা’ প্রতিহত করছে এবং জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেনাবাহিনী জানায়, দেশে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার ফল। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছিল এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
বাহরাইনে ইরানি ড্রোন, কেশমে মার্কিন পাল্টা হামলা
কুয়েতের ঘটনার আগে বাহরাইনের একটি মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করে ইরান। এর কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইরনা দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের খবর দেয়।
একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, বাহরাইনে মার্কিন স্থাপনায় ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হানা হয়েছে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে এবং এতে মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষতি হয়নি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন সামরিক ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের জবাবে শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডার ব্যবস্থায় তারা ‘নির্ভুল অভিযান’ চালিয়েছে।
এএফপির বরাতে আল জাজিরা জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি থাকা বাহরাইন বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। এ সময় রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েক সপ্তাহের বিরতির পর পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি তৃতীয় ইরানি ড্রোন হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হরমুজে ট্যাংকার ক্ষতিগ্রস্ত, বাড়ছে নৌপথের ঝুঁকি
এদিকে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালি পার হওয়ার সময় তিনটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মার্কিন সামরিক বাহিনীর দাবি, প্রধান নৌপথগুলো ইতোমধ্যে মাইনমুক্ত করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে নৌচলাচল সীমিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এর পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে এবং বিভিন্ন ট্যাংকারকে সামরিক পাহারায় নিয়ে যাচ্ছে।
নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, সোমবার ওমানের খাসাব থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে পানামার পতাকাবাহী ট্যাংকার ‘তারা গ্যাস’ আক্রান্ত হলে এর ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়।

শুরুতে জাহাজটির ২৫ জন ক্রুর সবাই নিরাপদ রয়েছেন বলে জানানো হলেও পরে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, জাহাজটি দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে এবং ক্রুদের অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না। পরবর্তীতে ভারতের বন্দরমন্ত্রী জানান, দ্বিতীয় হামলার পর ক্রুরা জাহাজ ত্যাগ করেছেন এবং একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন।
একই দিন ওমান উপকূলে পানামার পতাকাবাহী আরেকটি ট্যাংকার ‘অন ফিনিক্স’ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
কূটনৈতিক তৎপরতাও চলছে
সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মাস্কাটে বৈঠক করে নৌচলাচলের নিরাপত্তা এবং সংঘাত নিরসনের কূটনৈতিক বিকল্প নিয়ে আলোচনা করেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ সোমবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।
একই সময়ে চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ত্রিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। ওই আলোচনায় ইরান যুদ্ধও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে থাকার কথা।
কুয়েত, বাহরাইন ও কেশম দ্বীপে প্রায় একই সময়ে ঘটে যাওয়া এসব হামলা দেখাচ্ছে যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এখন আর শুধু ইরান ও তার আশপাশে সীমাবদ্ধ নেই; উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও সরাসরি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

