সাম্প্রতিক ইসরায়েলি নির্বাচনের এক সপ্তাহ আগে আমি আমার ১০ বছর বয়সী ভাগনেকে নিয়ে পশ্চিম জেরুজালেমের একটি সিনেমা হলে গিয়েছিলাম। গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে লিফটে ওঠার সময় এম১৬ রাইফেল হাতে এক তরুণ ইসরায়েলি ইহুদি সেখানে প্রবেশ করেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন ইসরায়েলি ইহুদিও লিফটে ওঠেন।
সিনেমা হলের তলায় লিফট থেকে বেরিয়ে আমার ভাগনে হেসে বলল, ‘লিফটের ভেতর আরবিতে কথা বলার সাহস দেখাতে পারলে তোমাকে ১০০ শেকেল দেব।’
ইসরায়েলে এখন প্রকাশ্যে আরবি ভাষায় কথা বলা সত্যিকারের একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানগুলোতেও বিষয়টি উঠে আসছে। সেখানে আলোচকেরা ক্রমেই আরও চরমপন্থী বক্তব্য দেওয়ার প্রতিযোগিতায় নামছেন। ফিলিস্তিনি চিকিৎসক, বাসচালক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিচ্ছেন।
আরব ও ইহুদি জনগোষ্ঠীর বসবাস থাকা ইয়াফা শহরের এক নারী আমাকে জানিয়েছেন, নিজ শহরেই গণপরিবহন ব্যবহার করতে তিনি ভয় পান। তাঁর আশঙ্কা, ইসরায়েলি কোনো গোষ্ঠী তাঁকে আক্রমণ করতে পারে।
গত গ্রীষ্মে আফুলা শহরের একটি পোশাকের দোকান থেকে তিন আরব নারী কর্মীকে চাকরিচ্যুত করা হয়। কর্মক্ষেত্রে আরবি ভাষায় কথা বলার ওপর শাখা ব্যবস্থাপকের নিষেধাজ্ঞা মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন তাঁরা।
ইসরায়েলের জনজীবনে বিদ্বেষমূলক বক্তব্য ও বর্ণবাদ এখন এমন মাত্রায় পৌঁছেছে, যা আমি আগে কখনো দেখিনি। রাস্তায় আরবিতে কথা বলা ফিলিস্তিনি কিংবা মাথায় হিজাব পরা নারীদের ওপর ইসরায়েলি ইহুদি গোষ্ঠীগুলোর হামলা এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
তবে এই ঘৃণা শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই। সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় ধর্মনিরপেক্ষ ইসরায়েলিরা হারেদি বা অতিরক্ষণশীল ইহুদিদের আক্রমণ করছেন। অন্যদিকে, হারেদিরা ইহুদিদের ধর্মীয় বিশ্রামের দিন শাবাতে খোলা থাকা কফিশপগুলোতে হামলা চালাচ্ছেন।
চলতি মাসের শুরুতে আরিয়েল শহরের একটি শিশু দিবাযত্ন কেন্দ্রে তিন ইসরায়েলি নারীর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযুক্তদের মধ্যে কেন্দ্রটির পরিচালক ও দুই কর্মী রয়েছেন। তাঁদের বিরুদ্ধে শিশুদের মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সাবেক সদস্য ওরেন হাজান জানিয়েছেন, ওই কেন্দ্রে তাঁর দুই সন্তান ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে জানতে পেরে তিনি আবার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। নির্যাতনকারী শিশু পরিচর্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন তিনি।
ইসরায়েলে বিদ্বেষমূলক উসকানির প্রধান লক্ষ্য ফিলিস্তিনি নাগরিকেরা হলেও এর বিস্তার এখন তাঁদের বাইরেও ছড়িয়ে পড়েছে।
রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে প্রকাশ্য আলোচনা
সাম্প্রতিক নির্বাচনের সময় এবং নির্বাচন-পরবর্তী সময়ে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকেরা ব্যাপক বিদ্বেষমূলক প্রচারণার শিকার হয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নির্বাচনে জয়ী প্রার্থীরাও সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
জয়েন্ট লিস্টের প্রধান আহমাদ তিবি বলেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা যখন চিৎকার করে বলেন যে আরব পার্লামেন্ট সদস্যরা সন্ত্রাসবাদকে সমর্থন করেন, তখন তা আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কোনো চরমপন্থী আমাদের ওপর হামলাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে বিবেচনা করতে পারে।’
ইসরায়েলে রাজনৈতিক হত্যাকাণ্ডের সম্ভাবনা এখন প্রকাশ্য আলোচনার বিষয়। কেউ আর এই আশঙ্কাকে অতিরঞ্জিত আতঙ্ক বলে উড়িয়ে দিচ্ছেন না।
বিদ্বেষমূলক উসকানির সূচনা হচ্ছে ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে, স্বয়ং নেতানিয়াহুর কাছ থেকে।
নেতানিয়াহু অভিযোগ করেছেন, আরব রাজনৈতিক দলগুলো বিদেশি সমর্থন ব্যবহার করে সাম্প্রতিক নির্বাচন চুরি করেছে।
লিকুদ পার্টির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর আক্রমণ’ বলে বর্ণনা করেন। তাঁর দাবি, এর উদ্দেশ্য হলো বিদেশিদের হাতে নেসেটের নিয়ন্ত্রণ তুলে দেওয়া, ইসরায়েলকে ইসলামিকরণের পথে নেওয়া এবং ডানপন্থী শাসনের অবসান ঘটানো।
গত সপ্তাহান্তে চ্যানেল ১২-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের দপ্তরে যোগাযোগ করেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল রাম পার্টির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা। দলটির নেতা মনসুর আব্বাস প্রকাশ্যেই ইহুদিবাদপন্থী নীতি অনুসরণ করেন।
প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশকে একটি গোয়েন্দা তথ্যের উৎসের সন্ধান দেন। পরে জানা যায়, ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মী। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ রাম পার্টির কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালায় এবং পরোয়ানা ছাড়াই তাঁদের বাড়িতে তল্লাশি করে।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের ধর্মীয় ইহুদিবাদী প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন পাঁচ আরব নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চান। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই আবেদন প্রত্যাখ্যান করেন।
বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর বিরুদ্ধে ‘অভ্যুত্থানের চেষ্টা’র অভিযোগ তুলেছেন।
এসব ঘটনা মনে করিয়ে দিচ্ছে ৩০ বছর আগের সেই সময়ের কথা, যখন ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিন ডানপন্থী আইনের ছাত্র ইগাল আমিরের হাতে নিহত হয়েছিলেন।
রবিন হত্যার বার্ষিকীতে ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান বলেন, নেতানিয়াহু ‘এখন পরবর্তী ইগাল আমিরের আবির্ভাবের পরিস্থিতি তৈরি করছেন’।
এর কয়েক ঘণ্টা পরই তেল আবিবের কাছে রিশন লেজিওন শহরে গোলানের ছবি-সংবলিত একটি বিলবোর্ডে লিখে দেওয়া হয়, ‘জীবিত অথবা মৃত অবস্থায় চাই।’
অতীত ও বর্তমানের বিস্ময়কর মিল
রবিন হত্যাকাণ্ডের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টানা একমাত্র বিরোধী নেতা গোলান নন।
পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁরা ‘ইসরায়েলি গণতন্ত্রকে ধ্বংস করার, রাস্তায় সহিংসতা উসকে দেওয়ার, নির্বাচিত জনপ্রতিনিধিদের রক্ত ঝরানোকে বৈধ করে তোলার এবং ইসরায়েলের শাসন ও আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ভিত্তি দুর্বল করে দেওয়ার একটি সংগঠিত চেষ্টা’ চালাচ্ছেন।
সমর্থকদের উদ্দেশে আইজেনকোট বলেন, ‘রবিনের নেতৃত্বের কথা স্মরণ করুন এবং তা চোখের সামনে ধারণ করুন। সহিংসতা, উসকানি ও গণতন্ত্রের ভিত্তি ক্ষয়ের মুখে আমরা ভয় না পেয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকব।’
রবিনকে হত্যার পর পুলিশ ইগাল আমিরের কাছে জানতে চেয়েছিল, কেন তিনি প্রধানমন্ত্রীকে হত্যা করেছেন।
জবাবে আইনের ছাত্র আমির বলেছিলেন, রবিনের সরকার আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে—এই বাস্তবতা তিনি মেনে নিতে পারেননি।
আমিরের ভাষায়, ‘এই জনগোষ্ঠীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কীভাবে পাঁচজন আরব নেসেট সদস্যের সমর্থনের ওপর নির্ভর করে নেওয়া সম্ভব? বিশেষ করে যখন আমরা ভালো করেই জানি তাঁদের উদ্দেশ্য কী এবং তাঁরা কী চান? রবিন যখন তাঁদের সমর্থনের ওপর নির্ভর করতে শুরু করলেন, তখনই আমার চোখে তিনি অপরাধী হয়ে উঠলেন।’
তিনি আরও বলেছিলেন, ‘সরকার যদি ইহুদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গঠিত হতো, তাহলে আমি প্রথম থেকেই এমন কাজ করতাম না। কখনোই করতাম না।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সেই সময়ের মিল সত্যিই বিস্ময়কর।
১৯৯২ সালে ত্রয়োদশ নেসেট নির্বাচনের পর রবিন লেবার পার্টি, মেরেৎজ ও শাস পার্টিকে নিয়ে জোট সরকার গঠন করেন। বাইরে থেকে সেই সরকারকে সমর্থন দিয়েছিল আরব রাজনৈতিক দলগুলো।
পরে শাস পার্টি জোট থেকে বেরিয়ে গেলে সরকার সংখ্যালঘু সরকারে পরিণত হয়। তখন অনাস্থা ভোটে টিকে থাকা এবং অসলো চুক্তির মতো ঐতিহাসিক সিদ্ধান্ত অনুমোদনের জন্য সরকারকে আরব দলগুলোর পাঁচটি আসনের ওপর নির্ভর করতে হয়।
বর্তমানে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠিত হলে তাকে পাঁচটি নয়, বরং আরব দলগুলোর ১৯টি আসনের ওপর নির্ভর করতে হবে।
নেতানিয়াহু ও বেন গভিরের ভূমিকা
রবিন হত্যাকাণ্ডের আগের দুই বছরে ইসরায়েলের জনমত গঠনে দুজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
তাঁদের একজন ছিলেন নেতানিয়াহু। তখন তিনি লিকুদ পার্টির উদীয়মান নেতা।
তিনি ধারাবাহিকভাবে রবিন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করেছিলেন। আরব নেসেট সদস্যদের ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের ‘প্রতিনিধি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। একই সঙ্গে অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী একটি ‘অ-ইহুদিবাদী’ সংখ্যাগরিষ্ঠতার ওপর নির্ভর করছেন।
রবিন হত্যার প্রায় এক মাস আগে, ১৯৯৫ সালের ৫ অক্টোবর, জেরুজালেমের জিয়ন স্কয়ারে অসলো চুক্তির বিরোধিতায় জাতীয়তাবাদী শিবির একটি বড় সমাবেশের আয়োজন করে।
সেই সমাবেশে নেতানিয়াহু ভাষণ দেন। তাঁর সামনে এমন সব ব্যানার ছিল, যেখানে রবিনকে নাৎসি এসএস বাহিনীর পোশাকে কিংবা আরব পোশাকে দেখানো হয়েছিল। সমাবেশে উপস্থিত জনতা ‘বিশ্বাসঘাতক’ ও ‘খুনি’ বলে স্লোগান দিচ্ছিল।
সেই সময়ের আরেক আলোচিত ব্যক্তি ছিলেন ১৯ বছর বয়সী ইতামার বেন গভির।
টেলিভিশনে তাঁকে রবিনের সরকারি গাড়ি ক্যাডিলাক থেকে খুলে নেওয়া একটি অলংকার হাতে দেখা যায়।
বেন গভির বলেছিলেন, ‘আমরা তাঁর গাড়ি পর্যন্ত পৌঁছে গেছি। তাঁর কাছেও পৌঁছে যাব।’
সেই বেন গভির এখন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য। পুলিশ ও জাতীয় নিরাপত্তার দায়িত্ব তাঁর হাতে।
অন্যদিকে, রবিন হত্যাকারী ইগাল আমির এখন বেন গভিরের সমর্থকদের কাছে এক ধরনের আদর্শ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাঁদের অনেকেই এখন অস্ত্রধারী।
তবে আজকের বিদ্বেষ ৩০ বছর আগের তুলনায় অনেক বেশি ভয়াবহ।
রবিনের সময়ে সব আরবের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হতো না। তখন ‘সন্ত্রাসবাদের সমর্থক’ নয়, বরং ‘ইহুদিবাদবিরোধী’ শব্দটি বেশি ব্যবহার করা হতো।
কিন্তু এখন ‘সন্ত্রাসী’ শব্দটি দিয়ে পুরো একটি জনগোষ্ঠীকে আক্রমণ করা হচ্ছে। এর লক্ষ্য নেসেটের ১৯ জন আরব সদস্য এবং তাঁদের ভোট দেওয়া প্রত্যেক নাগরিক।
ইসরায়েলের প্রায় ৮ লাখ ৪০ হাজার আরব নাগরিক জয়েন্ট লিস্টকে ভোট দিয়েছেন।
চাপা ক্ষোভ থেকে সহিংসতার আশঙ্কা
ইসরায়েলের ডানপন্থীদের একটি অংশের মধ্যে এমন মানসিকতা তৈরি হয়েছে, যা মনসুর আব্বাস, ইউসেফ জাবারিন কিংবা আহমাদ তিবির মতো নেসেট সদস্যদের হত্যার চেষ্টা পর্যন্ত গড়াতে পারে।
শিন বেতের নিরাপত্তা না থাকায় তাঁদের জীবন গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে।
তবে অভিজ্ঞ রাজনৈতিক ভাষ্যকার মেরন রাপোপোর্টের মতে, রাজনৈতিক হত্যাকাণ্ডের লক্ষ্য কোনো ইহুদি নেতা হওয়ার আশঙ্কাই বেশি।
তাঁর যুক্তি, ডানপন্থী মানসিকতায় রাজনৈতিক প্রতিপক্ষের আনুগত্য যাচাইয়ের জন্য একধরনের ‘পরীক্ষা’ তৈরি করা হয়।
রাপোপোর্ট বলেন, ‘তাঁদের দৃষ্টিতে একজন আরব কেবলই আরব। তিনি জন্মগতভাবেই আরব, এ বিষয়ে তাঁর কিছু করার নেই। কিন্তু কোনো ইহুদি যদি আরবদের দিকে সহযোগিতার হাত বাড়ান, তাহলে তিনি বিশ্বাসঘাতক।’
এই মানসিকতা বিশেষভাবে প্রযোজ্য আইজেনকোটের মতো সাবেক সেনাপ্রধানের ক্ষেত্রে।
একজন জেনারেলের কাছ থেকে আরবদের বিরুদ্ধে লড়াই করার প্রত্যাশা করা হয়। অথচ সেই জেনারেলই এখন আরবদের দিকে হাত বাড়াচ্ছেন এবং তাঁদের বৈধ রাজনৈতিক অংশীদার হিসেবে স্বীকৃতি দিতেও প্রস্তুত।
ফলে তিনি রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রধান লক্ষ্য হয়ে উঠতে পারেন।
ডানপন্থী শিবিরে এখন ক্ষোভ জমে আছে। আরবদের সঙ্গে সহযোগিতা করা ব্যক্তিদের তাঁরা বিশ্বাসঘাতক বলে মনে করছেন। এই বর্ণবাদ রাষ্ট্রীয় ক্ষমতার সমর্থনও পাচ্ছে।
তাঁদের দৃষ্টিতে কোন পদক্ষেপ সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে?
ডানপন্থীদের চোখে রবিন হত্যাকাণ্ড অসলো চুক্তির অগ্রযাত্রা থামিয়ে দিয়েছিল। অতীতের ঘটনাগুলো থেকে তাঁদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে একজন ইহুদি নেতাকে হত্যা করা রাজনৈতিকভাবে বেশি কার্যকর হতে পারে।
এ ধরনের চিন্তা সহিংসতাকে উসকে দেয় এবং তার পথ তৈরি করে।
অনেকের আশঙ্কা, বিরোধী দলগুলোর মধ্যে সরকার গঠন নিয়ে আলোচনার ফল যা-ই হোক না কেন, ইসরায়েল এখন ঠিক সেই বিপজ্জনক পথেই এগিয়ে যাচ্ছে।
- লুবনা মাসারওয়া: একজন সাংবাদিক এবং মিডল ইস্ট আই-এর ফিলিস্তিন ও ইসরায়েল ব্যুরো প্রধান, যিনি জেরুজালেমে কর্মরত। সূত্র: মিডল ইস্ট আই

