Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যেভাবে আফ্রিকায় ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠছে মরক্কো
    আন্তর্জাতিক

    যেভাবে আফ্রিকায় ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠছে মরক্কো

    নিউজ ডেস্কনভেম্বর 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গাজা সীমান্তের কাছে নজরদারির জন্য ব্যবহৃত একটি এলবিট মনুষ্যবিহীন আকাশযান উড্ডয়ন করাচ্ছেন একজন ইসরায়েলি সৈন্য। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত মাসে মরক্কোর মারাকেশ এয়ার শোতে দেশটির মাটিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্যাভিলিয়ন চালু করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    এই প্রদর্শনীতে ইসরায়েলের আটটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) ও রাফায়েল। প্রতিষ্ঠানগুলো ড্রোন, লক্ষ্যবস্তুর আশপাশে উড়ে আঘাত হানার সুযোগ খোঁজে এমন অস্ত্র বা লয়টারিং মিউনিশন এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রদর্শন করে। অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিটের মরক্কোভিত্তিক যৌথ উদ্যোগ ঘোষণা দেয়, ২০২৭ সালের মার্চ থেকে তারা মরক্কোর সেনাবাহিনীকে অস্ত্রসজ্জিত টারেট সরবরাহ করবে।

    একই প্রদর্শনীতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজ মরক্কোর ড্রোনে অস্ত্র সংযোজনের একটি চুক্তি স্বাক্ষর করে।

    প্রদর্শনীটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়, যখন ৭ অক্টোবরের বার্ষিকী উপলক্ষে মরক্কোর রাজধানী রাবাতে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীরা প্রতিবাদ সমাবেশ করেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক করার লক্ষ্যে নেওয়া নতুন পদক্ষেপ বাতিলের দাবিতে মরক্কোর প্রায় ৩০টি শহরে কর্মসূচির ডাক দেওয়া হয়। বিডিএস মরক্কোও মারাকেশের ওই প্রতিরক্ষা প্রদর্শনী বর্জনের আহ্বান জানায়।

    এই প্রদর্শনী থেকে স্পষ্ট হয়ে উঠেছে, ২০২০ সালে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার পর মরক্কো কীভাবে ইসরায়েলি অস্ত্রের ক্রেতা থেকে ধীরে ধীরে উৎপাদনকারীতে পরিণত হচ্ছে। গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বয়কট ও নিষেধাজ্ঞা বাড়তে থাকায় দুই দেশের এই সামরিক অংশীদারত্ব আরও গতি পেয়েছে।

    ইউরোপে স্পেন ইসরায়েলের সঙ্গে ১২০ কোটি ইউরোর (প্রায় ১৩০ কোটি ডলার) সামরিক চুক্তি বাতিল করেছে। অন্যদিকে, ফ্রান্স ইউরোসেটরি প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে।

    ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা শিল্পের ঝুঁকিও আরও স্পষ্ট করে তুলেছে। ইরান দাবি করেছে, তারা রাফায়েল ও আইএআইয়ের স্থাপনার পাশাপাশি একটি ড্রোন সরবরাহকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এ ছাড়া আবুধাবিতে এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামের কারখানাও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

    এমন পরিস্থিতিতে মরক্কো আব্রাহাম চুক্তির অংশীদারদের জন্য ক্ষেপণাস্ত্র হামলা ও নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে তুলনামূলক নিরাপদ একটি শিল্প উৎপাদনকেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। ইসরায়েলের সঙ্গে দেশটির সহযোগিতা এখন শুধু অস্ত্র উৎপাদনেই সীমাবদ্ধ নেই। গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক প্রশিক্ষণ, অস্ত্র পরীক্ষা, সামরিক সরঞ্জাম পরিবহন এবং গাজায় নিরাপত্তা কার্যক্রমেও এই সমন্বয় বিস্তৃত হয়েছে।

    ফলে মরক্কো ক্রমেই ইসরায়েলের বৃহত্তর নিরাপত্তা কৌশলের একটি সম্প্রসারিত অংশ হয়ে উঠছে।

    সামরিক সম্পর্কের নতুন মাত্রা

    গাজায় যুদ্ধ শুরুর পর কিছু সময়ের জন্য মরক্কো ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে পড়ে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের যোগাযোগ কার্যালয়ের কর্মীরা রাবাত ছেড়ে যান। ২০২৪ সালের আগস্ট পর্যন্ত কার্যালয়টি বন্ধ ছিল। এর মধ্যে ২০২৩ সালে ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানিতে আব্রাহাম চুক্তিভুক্ত দেশগুলোর অংশ কমে মাত্র ৩ শতাংশে নেমে আসে।

    তবে অল্প সময়ের মধ্যেই দুই দেশের সামরিক সম্পর্ক আবার সম্প্রসারিত হতে শুরু করে।

    ২০২৪ সালের জুলাইয়ে মরক্কো প্রায় ১০০ কোটি ডলারে ইসরায়েলের একটি গোয়েন্দা স্যাটেলাইট কেনে। পরের বছর দেশটি ফ্রান্সের সিজার কামানের পরিবর্তে এলবিটের অ্যাটমস স্বচালিত হাউইটজার কামান বেছে নেয়। একই সময়ে মরক্কোর বিশেষ বাহিনীর সদস্যরা ইসরায়েলি সেনাদের সঙ্গে সুড়ঙ্গযুদ্ধের প্রশিক্ষণ নেন।

    ২০২৫ সালের জুনে ইরান দাবি করে, তাদের ক্ষেপণাস্ত্র হাইফায় রাফায়েলের স্থাপনায় আঘাত হেনেছে। এর পাঁচ মাস পর আইএআইয়ের সহযোগী প্রতিষ্ঠান ব্লুবার্ড মরক্কোর বেনস্লিমানে লয়টারিং মিউনিশন উৎপাদনের একটি কারখানা চালু করে।

    এরপর ২০২৬ সালের জন্য ইসরায়েল ও মরক্কোর একটি যৌথ প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি এলবিটের সঙ্গে ২৭ কোটি ৭০ লাখ ডলারের টারেট সরবরাহ চুক্তি হয়।

    চলতি বছরের মার্চে রাফায়েল ও আইএআইয়ের ওপর ড্রোন হামলার ঘোষণা দেয় ইরান। এরপর মরক্কো ও ইসরায়েলের সহযোগিতা অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে আরও গভীর হয়। জুন নাগাদ মরক্কোর সিদি ইয়াহিয়ার একটি কারখানায় এলবিটের গোলাবারুদ উৎপাদন শুরু হয়েছে বলে খবর প্রকাশিত হয়।

    সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের আয়োজনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সম্মত হন, দুই দেশের যোগাযোগ কার্যালয়কে দূতাবাসে উন্নীত করা হবে, রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে এবং বছরের শেষ নাগাদ বিনিয়োগ ও করসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হবে।

    এই সহযোগিতার পরিধি গাজার যুদ্ধের বাইরেও বিস্তৃত।

    আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে মরক্কোই প্রথম ইসরায়েলের সঙ্গে সাইবার প্রতিরক্ষা চুক্তি করে। মরক্কোর গোয়েন্দা সংস্থাও ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার সংগ্রহ করে। অভিযোগ রয়েছে, স্পেন ও ফ্রান্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর নজরদারিতে এই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।

    আনুষ্ঠানিকভাবে মরক্কোয় উৎপাদিত অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেশটির সেনাবাহিনীর জন্য তৈরি করা হচ্ছে। তবে উৎপাদনের একটি অংশ রপ্তানির জন্যও সংরক্ষিত রাখা হয়। এসব রপ্তানি রাষ্ট্রীয় অনুমোদনের আওতায় হলেও মরক্কোর আইনে সংশ্লিষ্ট অনুমোদনের তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয়।

    বাস্তবে এসব অস্ত্রের একটি অংশ শেষ পর্যন্ত ইসরায়েলেও পৌঁছাতে পারে।

    খবরে বলা হয়েছে, সিদি ইয়াহিয়ার কারখানায় বছরে আড়াই লাখের বেশি গোলাবারুদ তৈরি হয়। এর মধ্যে এলবিটের পণ্যতালিকায় থাকা ১৫৫ মিলিমিটার ও ৩০ মিলিমিটার ক্যালিবারের গোলাবারুদও রয়েছে। ইতিমধ্যে ইসরায়েল ভারত থেকে ১৫৫ মিলিমিটার গোলাবারুদ কিনছে এবং নিজেদের দেশেও হাজার হাজার গোলাবারুদ উৎপাদনের আদেশ দিচ্ছে।

    মরক্কোর একমাত্র সক্রিয় যুদ্ধক্ষেত্র পশ্চিম সাহারায় পলিসারিও ফ্রন্টের বিরুদ্ধে। সেখানে মূলত ড্রোন ব্যবহার করে যুদ্ধ পরিচালিত হয়। ফলে এত বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

    এলবিটের যৌথ উদ্যোগ জানিয়েছে, তারা ন্যাটোর সদস্য একটি ইউরোপীয় দেশে পণ্য রপ্তানির পরিকল্পনা করছে। তবে দেশটির নাম প্রকাশ করা হয়নি। অন্যদিকে, ইসরায়েল নিয়মিত তৃতীয় দেশের মাধ্যমে সামরিক সরঞ্জাম পরিবহন করে থাকে।

    আফ্রিকায় সামরিক প্রযুক্তির কেন্দ্র

    ইসরায়েল শুধু মরক্কোতেই অস্ত্র উৎপাদন স্থানান্তর করছে না।

    গত মাসে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে রেথিয়ন ও রাফায়েলের যৌথ কারখানা ইসরায়েলের বাইরে তৈরি প্রথম সম্পূর্ণ তামির ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সরবরাহ করেছে।

    এদিকে জার্মানির ওসনাব্রুকে ফক্সওয়াগনের একটি কারখানাকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উৎপাদনকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করছে রাফায়েল। সেখানে সম্পূর্ণ জার্মানিতে উৎপাদিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করা হবে।

    সার্বিয়ায় নতুন একটি ড্রোন কারখানার ৫১ শতাংশ মালিকানাও রয়েছে এলবিটের হাতে।

    এ ছাড়া ভারত ও মরক্কোয় গোলাবারুদ এবং অস্ত্রের যন্ত্রাংশ উৎপাদনের কাজ ছড়িয়ে দেওয়া হচ্ছে।

    অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারকদের কাছে ৯ হাজার ৬০০টি আর্টিলারি শেলের খোল, এক হাজার কামানের গোলা, ১২২টি বিস্ফোরক ওয়ারহেড এবং ৪০ হাজারের বেশি মেশিনগানের যন্ত্রাংশ পাঠিয়েছে।

    আফ্রিকায় এখন পর্যন্ত প্রকাশ্য তথ্য অনুযায়ী, মরক্কোই একমাত্র দেশ যেখানে ইসরায়েলি অস্ত্র উৎপাদন হচ্ছে। কার্যত দেশটি আফ্রিকা মহাদেশে ইসরায়েলের সামরিক প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠেছে।

    মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে মিডপার্ক শিল্পাঞ্চলে দক্ষ মহাকাশ ও বিমানপ্রযুক্তি কর্মী রয়েছে। এলবিটের যৌথ উদ্যোগের দাবি, তাদের কর্মীদের ৯৯ শতাংশই মরক্কোর নাগরিক।

    এ ছাড়া ২০২০ সালের একটি আইনের অধীনে মরক্কোয় প্রতিরক্ষা শিল্পাঞ্চল গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। এই আইনে রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া অস্ত্র রপ্তানি করা যায় না।

    ভৌগোলিক অবস্থানও মরক্কোকে ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ভূমধ্যসাগর পেরিয়ে অন্য কোনো দেশের ভূখণ্ড অতিক্রম না করেই এবং হুতিদের নিয়ন্ত্রিত সামুদ্রিক এলাকা এড়িয়ে ইসরায়েল মরক্কোয় পৌঁছাতে পারে।

    ২০২৫ সালের মে মাসে একটি সামুদ্রিক চুক্তির মাধ্যমে এই পরিবহনপথকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়। ইসরায়েল মরক্কোকে উত্তর ও পশ্চিম আফ্রিকায় প্রবেশের কৌশলগত দ্বার হিসেবেও বিবেচনা করে।

    ইসরায়েলের পথ অনুসরণ করছে আবুধাবিও।

    ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন একটি শিল্প অংশীদারত্বে যোগ দেয় মরক্কো। এই অংশীদারত্বে মিসর, জর্ডান ও বাহরাইনও রয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ব্যবহৃত ৩০টি মিরাজ যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে মরক্কোর।

    তবে এই সামরিক ও শিল্প সহযোগিতা এমন সময়ে বাড়ছে, যখন আব্রাহাম চুক্তির রাজনৈতিক অগ্রগতি থমকে গেছে।

    ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ এক বছর ধরে ইসরায়েলের কোনো রাজনীতিক মরক্কো সফর করেননি। অন্যদিকে, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের পরিকল্পনাও ইসরায়েল-সংক্রান্ত অংশে বাধাগ্রস্ত হয়েছে। অথচ এই করিডরকে আব্রাহাম চুক্তির অর্থনৈতিক ভিত্তি হিসেবে গড়ে তোলার কথা ছিল।

    কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্যপথে অচলাবস্থা থাকলেও সামরিক সম্পর্ক অব্যাহত থাকার বিষয়টি দেখিয়ে দিচ্ছে, নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে এই জোটের কার্যক্রম সচল রাখা সম্ভব।

    যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার নিচে মরক্কো

    ইসরায়েলের দিকে মরক্কোর নিরাপত্তা কৌশল ঝুঁকে পড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওয়াশিংটন।

    সম্প্রতি পেন্টাগনে ২০২৬ থেকে ২০৩৬ সাল পর্যন্ত একটি প্রতিরক্ষা রূপরেখা স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় মরক্কো ন্যাটোর সদস্যদেশগুলোর মতো একই ধরনের অস্ত্র কেনার সুযোগ পাবে।

    যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মরক্কোর কাছে হিমার্স ক্ষেপণাস্ত্রব্যবস্থা, ৬০০টি স্টিংগার ক্ষেপণাস্ত্র এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বোমা বিক্রির অনুমোদন দিয়েছে।

    এদিকে গত মাসে মরক্কোর প্রথম এফ-১৬ ব্লক ৭২ যুদ্ধবিমান উড্ডয়ন করেছে। এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার পথেও ইসরায়েলের সম্মতি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

    মরক্কোয় একটি অস্ত্র পরীক্ষাকেন্দ্রও চালু করেছে মার্কিন সেনাবাহিনী। গত আগস্টে প্রতিরক্ষা প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ কোভেন্যান্ট সেখানে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

    চলতি বছরের শুরুতে স্পেনের সঙ্গে সেউতা সীমান্ত সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরক্কোকে সমর্থন দেওয়ার এবং দেশটিতে শত শত কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে। গত বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদও ওই ভূখণ্ডের ওপর মরক্কোর দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

    একই সময়ে গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে মরক্কোর তৎপরতা নতুন একটি সমীকরণ তৈরি করেছে। একে বলা হচ্ছে, ‘অস্ত্রের বিনিময়ে শান্তি’।

    এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর জন্য রাজনৈতিক সমর্থন ও সেনা সরবরাহের বিনিময়ে মরক্কো মার্কিন অস্ত্র এবং ওয়াশিংটনের সমর্থন পাচ্ছে। গাজায় মোতায়েনের জন্য ইতিমধ্যে মরক্কোর সর্বোচ্চ ৫০০ সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

    জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ গাজায় গণহত্যায় সহযোগিতার অভিযোগে যে ৬৩টি দেশের নাম উল্লেখ করেছেন, মরক্কো তার একটি। তাঁর অভিযোগ, দেশটি নিজেদের সমুদ্রবন্দর ও বিমানবন্দর দিয়ে সামরিক সরঞ্জাম পরিবহনের সুযোগ দিয়ে এই গণহত্যায় সহযোগিতা করেছে।

    ২০২৫ সালের এপ্রিলে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি অনুযায়ী, ইসরায়েলের জন্য এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বহনকারী কয়েকটি জাহাজ মরক্কোর তানজিয়ার ও কাসাব্লাঙ্কা বন্দরে নোঙর করে।

    পুরো সময়জুড়ে মরক্কোর অর্থ ইসরায়েলের এলবিট ও আইএআইয়ের কাছে পৌঁছেছে। এখন এলবিটের যৌথ উদ্যোগে মরক্কোর প্রকৌশলীরাও বেতন পাচ্ছেন। এর ফলে দুই দেশের সামরিক ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর হচ্ছে।

    তবে সরকারি পর্যায়ে সম্পর্কের উন্নতি ঘটলেও মরক্কোর সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে সমর্থন ব্যাপকভাবে কমেছে।

    ২০২৩ সালের অক্টোবরের পর এই সমর্থন ৩১ শতাংশ থেকে নেমে ১৩ শতাংশে দাঁড়িয়েছে।

    মরক্কোয় ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ার কারণে কয়েকজন অধিকারকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইসরায়েলের সঙ্গে যোগাযোগ কার্যালয়কে দূতাবাসে উন্নীত করার উদ্যোগের বিরোধিতা করেছে।

    এর ফলে আব্রাহাম চুক্তি মরক্কোর অভ্যন্তরীণ অসন্তোষ আরও বাড়িয়ে তুলতে পারে।

    ২০২৫ সালে হাসপাতাল ও বিদ্যালয়ের দুরবস্থা নিয়ে ক্ষোভ থেকে মরক্কোর তরুণেরা রাজপথে নেমেছিলেন। সেই অসন্তোষের সঙ্গে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টি যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

    অন্যদিকে, ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ও অস্ত্র অবরোধের প্রভাব মরক্কোর ওপরও পড়তে পারে।

    ইউরোপীয় সরকারগুলো যদি বিদেশে উৎপাদিত ইসরায়েলি অস্ত্রের ক্ষেত্রেও নিজেদের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সম্প্রসারিত করে, তাহলে এলবিট ও আইএআইয়ের নকশায় মরক্কোয় নির্মিত কারখানাগুলোও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।

    এতে মরক্কোর অর্থনীতিকে উল্লেখযোগ্য মূল্য দিতে হতে পারে। কারণ, ইউরোপীয় ইউনিয়নই দেশটির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

    কার্যত মরক্কো ইসরায়েলের সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের পাশাপাশি দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকিও নিজেদের দেশে নিয়ে আসছে। ফলে আব্রাহাম চুক্তির আওতায় আফ্রিকায় ইসরায়েলের নিরাপত্তাকেন্দ্র হয়ে ওঠার যে পথ মরক্কো বেছে নিয়েছে, শেষ পর্যন্ত তার মূল্য দেশটিকে অনেক বেশি দিতে হতে পারে।


    • আহমেদ আলকারুত: একজন রাজনৈতিক অর্থনীতি বিশেষজ্ঞ, যিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (MENA) অঞ্চলের বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা এবং সংঘাতের রাজনৈতিক অর্থনীতির উপর গবেষণা করেন। সূত্র: মিডল ইস্ট আই
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    রবিন হত্যার ৩০ বছর পর ইসরায়েল আবারও রাজনৈতিক সহিংসতার দিকে ঝুঁকছে

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.