এশিয়া টাইমস
গত অর্ধশতাব্দী ধরে ওয়াশিংটন ও জেরুজালেম তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রায় ধর্মীয় আনুগত্যের ভাষায় বর্ণনা করে এসেছে। এই সম্পর্ককে বলা হয়েছে ‘অটুট’, ‘লৌহদৃঢ়’ এবং ‘অভিন্ন মূল্যবোধের বন্ধন’—যে বন্ধন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যকার সাময়িক মতবিরোধের ঊর্ধ্বে। কিন্তু বারবার উচ্চারিত এসব আনুষ্ঠানিক বাক্য কোনো বিশ্লেষণ নয়। বরং মানুষ যখন নিজের বিশ্বাসের ভিত্তি নিয়ে গভীরভাবে ভাবতে চায় না, তখনই এমন কথার পুনরাবৃত্তি করে।
২০২৬ সালের নভেম্বরের প্রথম সপ্তাহেই এই পুরোনো কথার পুনরাবৃত্তি বন্ধ হওয়া উচিত ছিল। মধ্যবর্তী নির্বাচনের দিন সকালে ফক্স নিউজকে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ও বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস আগেই একমত হয়েছেন যে চলতি বছরের পর ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রায় ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করা হবে। তবে তিনি এটাও বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করবে। এ ধরনের আশ্বাস সাধারণত কোনো সমমর্যাদার মিত্রকে নয়, বরং নিজের ওপর নির্ভরশীল কোনো রাষ্ট্রকে দেওয়া হয়।
সেদিন রাতেই মার্কিন ভোটাররা কংগ্রেসের নিয়ন্ত্রণ তুলে দেন ডেমোক্র্যাটদের হাতে। ইরান, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে চান এই ডেমোক্র্যাটরা। মিশিগান থেকে সিনেটে নির্বাচিত হন আবদুল এল-সাঈদ, যিনি গাজার ধ্বংসযজ্ঞকে গণহত্যা বলে অভিহিত করেন। অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজ দলের নির্বাচনী পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ধরন পরিবর্তন করাও রিপাবলিকানদের ভোটারদের আস্থা ফিরে পাওয়ার একটি উপায় হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের এক সপ্তাহ আগে ইসরায়েলেও ভোট হয়েছে। কিন্তু সেই নির্বাচন কোনো স্পষ্ট ফলাফল দিতে পারেনি। নেতানিয়াহুর সামনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কোনো পরিষ্কার পথ নেই। অন্যদিকে গাদি আইজেনকট একটি জোট গঠনের চেষ্টা করছেন। তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরছেন, যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত করতে পারবেন।
সংক্ষিপ্ত উত্তর: মিত্র থাকবে, তবে ‘বিশেষ’ সম্পর্ক আর নয়
তাহলে ২০৩৬ সালেও কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিত্র থাকবে?
শব্দটির সীমিত অর্থ বিবেচনায় উত্তর প্রায় নিশ্চিতভাবেই হ্যাঁ। গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি, অস্ত্র বিক্রি এবং নিয়মিত কূটনৈতিক পরামর্শের অভ্যাস- এসব দুই দেশের রাষ্ট্রীয় ও সামরিক প্রতিষ্ঠানের গভীরে এতটাই প্রোথিত যে মাত্র এক দশকের মধ্যে সেগুলো পুরোপুরি হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
কিন্তু অধিকাংশ মানুষ আসলে অন্য একটি প্রশ্নের উত্তর জানতে চান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই বহুল আলোচিত ‘বিশেষ সম্পর্ক’ কি টিকে থাকবে?
অর্থাৎ এমন একটি সম্পর্ক, যেখানে ওয়াশিংটন প্রায় সীমাহীন অর্থায়নের মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্ভরযোগ্যভাবে ভেটো দিয়েছে এবং মার্কিন দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে এমন একটি ঐকমত্য বজায় ছিল, যেখানে ইসরায়েলের সমালোচনাকে প্রায় ধর্মদ্রোহিতার মতো বিবেচনা করা হতো।
আমার উত্তর, না।
সেই সম্পর্ক ইতিমধ্যে শেষ হওয়ার পথে। তবে এর সমাপ্তি আকস্মিক বিচ্ছেদের মাধ্যমে নয়, বরং সম্পর্কের শর্ত নতুন করে নির্ধারণের মধ্য দিয়ে ঘটছে।
এর পরিবর্তে যে সম্পর্ক তৈরি হবে, তা বিবাহবন্ধনের চেয়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য সাধারণ আন্তর্জাতিক অংশীদারত্বের মতো হবে। সেখানে লেনদেন, শর্ত এবং নির্দিষ্ট মুহূর্তে দুই দেশের স্বার্থ কতটা মিলে যাচ্ছে, সেটিই হবে সম্পর্কের প্রধান ভিত্তি।
ইসরায়েলের জন্য এই পরিবর্তন অস্বস্তিকর হবে। তবে দীর্ঘ মেয়াদে তা দেশটির জন্য উপকারীও হতে পারে।
সম্পর্ক কখনোই নিঃশর্ত ছিল না
প্রচলিত ধারণা হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইতিহাস অন্য কথা বলে।
হ্যারি ট্রুম্যান নতুন রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু অস্ত্র দিতে রাজি হননি। ১৯৫৭ সালে ডোয়াইট আইজেনহাওয়ার নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ইসরায়েলকে সিনাই উপদ্বীপ থেকে সরে যেতে বাধ্য করেন।
১৯৭৩ সালে রিচার্ড নিক্সন ও হেনরি কিসিঞ্জার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে পুনরায় অস্ত্র সরবরাহ করেন। কিন্তু পরে তাঁরা ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে যুদ্ধবিরতির ব্যবস্থা করেন। এর উদ্দেশ্য ছিল মিসরকে এমন একটি কূটনৈতিক সুযোগ দেওয়া, যাতে দেশটি স্নায়ুযুদ্ধে পক্ষ পরিবর্তনে আগ্রহী হয়।
১৯৯১ সালে জর্জ এইচ ডব্লিউ বুশ ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধ করতে ঋণের নিশ্চয়তা আটকে দিয়েছিলেন।
ইতিহাসের এই ঘটনাগুলোতে একটি অভিন্ন প্রবণতা স্পষ্ট। যখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের মধ্যে বিরোধ তৈরি হয়েছে, ওয়াশিংটন নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে এবং ইসরায়েলকে সেই সিদ্ধান্ত মেনে নিতে বলা হয়েছে।
প্রকৃতপক্ষে ‘বিশেষ সম্পর্ক’ ছিল একটি নির্দিষ্ট ঐতিহাসিক সময়ের সৃষ্টি। স্নায়ুযুদ্ধের সময় ইসরায়েলকে সোভিয়েত ইউনিয়নের মিত্র রাষ্ট্রগুলোর বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধশক্তি হিসেবে তুলে ধরা সম্ভব ছিল। এরপর যুক্তরাষ্ট্রের একক পরাশক্তি হিসেবে আধিপত্যের যুগে আঞ্চলিক মিত্রদের বিপুল অর্থনৈতিক সহায়তা দেওয়ার সামর্থ্যও ছিল ওয়াশিংটনের। তখন এই সহায়তার ব্যয় নিয়ে খুব বেশি ভাবতে হতো না।
আমি বহু বছর ধরেই যুক্তি দিয়ে আসছি, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত সম্পদ’ হিসেবে দেখার ধারণাটি আংশিকভাবে একটি মিথ।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা এবং ইরাক যুদ্ধের পর ইসরায়েলকে অনেক ক্ষেত্রেই কৌশলগত সম্পদের চেয়ে কৌশলগত বোঝা হিসেবে দেখা যেতে শুরু করে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ঘিরে তৈরি হওয়া অসন্তোষ সামাল দিতে মার্কিন কূটনীতিকদের বাড়তি প্রচেষ্টা চালাতে হতো।
এখন পার্থক্য হলো, এই যুক্তি আর কেবল বাস্তববাদী পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করা গবেষণাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নিজেই এখন সেই যুক্তি তুলে ধরছেন।
দুই রাজনৈতিক দলেই পুরোনো ঐকমত্য ভেঙে পড়েছে
সবচেয়ে গভীর পরিবর্তনটি হোয়াইট হাউসে নয়, বরং মার্কিন ভোটারদের মধ্যে ঘটছে।
একসময় ইসরায়েলের প্রতি সমর্থন ছিল মার্কিন রাজনীতির এমন একটি বিষয়, যেখানে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে দৃঢ় ঐকমত্য ছিল। সেই ঐকমত্য এখন আর নেই। জনমত জরিপের পরিসংখ্যান এই পরিবর্তনের কঠিন বাস্তবতা তুলে ধরছে।
২০২৬ সালের শুরুর দিকে এনবিসি নিউজের এক জরিপে দেখা যায়, ৩৯ শতাংশ মার্কিন ভোটার ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখেন, আর ইতিবাচক মনোভাব পোষণ করেন ৩২ শতাংশ। ২০২৩ সালের তুলনায় এটি সম্পূর্ণ বিপরীত চিত্র।
ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ১৩ শতাংশ ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। আর ১৮ থেকে ৩৪ বছর বয়সী মার্কিনদের মধ্যে মাত্র ১৩ শতাংশ ইসরায়েলকে ইতিবাচকভাবে দেখেন, বিপরীতে ৬৩ শতাংশের মনোভাব নেতিবাচক।
প্রথমবারের মতো সামগ্রিকভাবে মার্কিন জনগণের সহানুভূতি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে প্রায় সমানভাবে বিভক্ত হয়ে পড়েছে।
জুলাইয়ে এপি-এনওআরসির এক জরিপে দেখা যায়, ৫৮ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন, ওয়াশিংটন ইসরায়েলকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সমর্থন দিচ্ছে। তাঁদের মধ্যে প্রায় অর্ধেক ইহুদি ডেমোক্র্যাটও রয়েছেন।
ইসরায়েলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে নিজেদের এই বলে আশ্বস্ত করেছেন যে রিপাবলিকান ও ইভানজেলিক্যাল খ্রিষ্টানরা সব সময় তাঁদের জন্য রাজনৈতিক রক্ষাকবচ হিসেবে থাকবেন।
কিন্তু ৪৫ বছরের কম বয়সী রিপাবলিকানরা তাঁদের মা-বাবার প্রজন্মের তুলনায় ইসরায়েলের প্রতি অনেক কম সহানুভূতিশীল।
ট্রাম্প ও ভ্যান্সকে ক্ষমতায় আনা ‘আমেরিকা ফার্স্ট’ আন্দোলন যেকোনো ধরনের বৈদেশিক সহায়তাকেই সন্দেহের চোখে দেখে। তাদের কাছে ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের এমন এক সংঘাতে জড়িয়ে পড়ার উদাহরণ, যা এড়ানোর প্রতিশ্রুতি দিয়েই তারা ক্ষমতায় এসেছিল।
যখন প্রগতিশীল বামপন্থী এবং জাতীয়তাবাদী ডানপন্থীরা একই ধরনের সংশয় প্রকাশ করতে শুরু করে, তখন একটি নতুন রাজনৈতিক ঐকমত্য তৈরির ভিত্তি সৃষ্টি হয়।
আগামী দশ বছরের মধ্যে আজ যাঁদের বয়স বিশ বা ত্রিশের কোঠায়, তাঁরাই কংগ্রেসের গুরুত্বপূর্ণ কমিটি পরিচালনা করবেন, জাতীয় নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করবেন এবং বৈদেশিক সহায়তার বরাদ্দ নির্ধারণ করবেন।
ফলে ২০৩৬ সালের যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক গড়ে উঠবে তাঁদের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে, ১৯৬৭ সালের যুদ্ধের স্মৃতি বহনকারী প্রজন্মের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে নয়।
অর্থের প্রবাহ অনুসরণ করুন, যা ক্রমেই কমছে
ট্রাম্পের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা শেষ পর্যন্ত বাস্তব নীতির চেয়ে রাজনৈতিক নাটকীয়তা হিসেবেই বেশি প্রতীয়মান হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের তথ্য অনুযায়ী, দুই সরকার একটি নতুন সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ করছে।
বর্তমান দশ বছর মেয়াদি চুক্তি ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা। এরপর ইসরায়েল আরও পাঁচ বছর বছরে প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার সরাসরি সামরিক অর্থায়ন পাবে। পাঁচ বছরে মোট সহায়তার পরিমাণ হবে প্রায় ১ হাজার ৬৫০ কোটি ডলার। এরপর আর কোনো সহায়তা থাকবে না।
অর্থাৎ নতুন চুক্তিটি কার্যকর থাকলে ২০৩৩ সালের দিকে ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার যুগ শেষ হবে। সেটি এই নিবন্ধে আলোচিত ২০৩৬ সালের তিন বছর আগের ঘটনা।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি আলোচকেরা চান জানুয়ারিতে নতুন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই চুক্তিটি স্বাক্ষরিত হোক। ক্যাপিটল হিলের রাজনৈতিক পরিস্থিতির ওপর তাঁদের আস্থা কতটা কম, তা থেকেই বোঝা যায়।
নেতানিয়াহু এই পরিবর্তনকে ইসরায়েলের ‘পরিণত রাষ্ট্রে’ উত্তরণের নিদর্শন হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ভবিষ্যতের সম্পর্ককে সহায়তার পরিবর্তে বাণিজ্যভিত্তিক সম্পর্ক হিসেবে বর্ণনা করেছেন।
এই বক্তব্যে কিছুটা সত্যতা রয়েছে।
ইসরায়েল একটি ধনী রাষ্ট্র। দেশটির শক্তিশালী প্রতিরক্ষা শিল্পও রয়েছে। ফলে দীর্ঘদিনের ভর্তুকিনির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার সময় অনেক আগেই হয়েছে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
অর্থনৈতিক সহায়তার ওপর দাঁড়িয়ে থাকা মিত্রতায় সাহায্যদাতা রাষ্ট্রের সঙ্গে সাহায্যগ্রহীতা রাষ্ট্রের টিকে থাকার স্বার্থও জড়িয়ে থাকে। কিন্তু বাণিজ্যভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে ক্রেতা অন্য সরবরাহকারীর কাছে যেতে পারে, আবার বিক্রেতাও অস্ত্র বিক্রির সঙ্গে শর্ত জুড়ে দিতে পারে।
২০২৬ সালে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের একটি প্রস্তাব মার্কিন সিনেটে ৪০ ভোট পেয়েছিল। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে পরবর্তী অনুরূপ প্রস্তাব পাসও হয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের মনোযোগ এখন পূর্বদিকে
মার্কিন জনমত অপরিবর্তিত থাকলেও কৌশলগত বাস্তবতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ধীরে ধীরে ভিন্ন পথে নিয়ে যেত।
কারণ আগামী দশকে মার্কিন পররাষ্ট্রনীতির প্রধান চ্যালেঞ্জ হবে চীন।
পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা প্রতিটি বিমানবাহী রণতরি কিংবা লোহিত সাগরে নিক্ষেপ করা প্রতিটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এমন একটি সামরিক সম্পদ, যা একই সময়ে তাইওয়ান প্রণালিতে ব্যবহার করা সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের কৌশলবিদেরাই বিষয়টি বোঝেন, যদিও তাঁরা সব সময় প্রকাশ্যে তা স্বীকার করেন না।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের মাধ্যমে উল্টো একটি বিষয় প্রমাণ করার চেষ্টা হয়েছিল। দেখানোর চেষ্টা হয়েছিল, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার মতো একটি আঞ্চলিক শক্তি, যে নিজেই মধ্যপ্রাচ্যের বড় সামরিক দায়িত্ব পালন করতে পারে। ফলে যুক্তরাষ্ট্রকে সরাসরি অতিরিক্ত দায়িত্ব নিতে হয় না।
কিন্তু যুদ্ধটি শেষ পর্যন্ত দুই মিত্রের লক্ষ্যের মধ্যকার পার্থক্যই উন্মোচিত করেছে।
ইসরায়েল চেয়েছিল তেহরানে শাসনব্যবস্থার পরিবর্তন। অন্যদিকে ওয়াশিংটন চেয়েছিল একটি চুক্তি। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন।
দুই দেশ একই যুদ্ধে অংশ নিয়েছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আলাদা। শেষ পর্যন্ত যুদ্ধের সমাপ্তি ঘটেছে যুক্তরাষ্ট্রের নির্ধারিত শর্তে।
আগামী দশকে সম্পর্কের ধরন কেমন হবে, এই ঘটনাই তার একটি নমুনা।
ওয়াশিংটন চাইবে পারস্য উপসাগরে স্থিতিশীলতা, সাশ্রয়ী জ্বালানি এবং তুলনামূলক শান্ত মধ্যপ্রাচ্য, যাতে এশিয়ার দিকে বেশি মনোযোগ দেওয়া যায়।
এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। কারণ এসব দেশ বিনিয়োগ, জ্বালানি এবং কূটনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দিতে পারে।
ইসরায়েল তখনই গুরুত্বপূর্ণ বিবেচিত হবে, যখন দেশটি মার্কিন কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তা করবে। আর সেই লক্ষ্য বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ালে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা হবে।
কোনো মার্কিন প্রেসিডেন্ট যদি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চান, তাহলে সেই লক্ষ্য অর্জনে ইসরায়েলকে দর-কষাকষির উপাদান হিসেবে ব্যবহার করতে দ্বিধা করবেন না।
পরাশক্তিগুলো সাধারণত এভাবেই আচরণ করে। বিস্ময়ের বিষয় শুধু এটুকুই যে ইসরায়েলিরা কখনো এর ব্যতিক্রম আশা করেছিলেন।
২০৩৬ সালে সম্পর্কের সম্ভাব্য তিনটি চিত্র
১. স্বাভাবিক অংশীদারত্ব: সবচেয়ে সম্ভাবনাময় পরিস্থিতি
মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে গেছে। ইসরায়েল নিজের অর্থে মার্কিন অস্ত্র কিনছে, যৌথভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করছে এবং ইরান ও জিহাদি সংগঠনগুলোর বিষয়ে গোয়েন্দা তথ্য বিনিময় করছে।
প্রয়োজনে ওয়াশিংটন জাতিসংঘে ইসরায়েলের বিপক্ষে ভোট দিচ্ছে। পশ্চিম তীরে ইসরায়েলের আচরণের ভিত্তিতে কিছু অস্ত্র বিক্রির ওপর শর্ত আরোপ করছে। একই সঙ্গে জেরুজালেমের অনুমতি ছাড়াই উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যবসা করছে।
এ ধরনের সম্পর্ক অনেকটা ভালো সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক কিংবা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মতো হবে—উষ্ণ, পারস্পরিকভাবে লাভজনক, কিন্তু আবেগনির্ভর নয়।
২. মেরামত হওয়া মিত্রতা: সম্ভব, তবে শর্তসাপেক্ষ
আইজেনকট কিংবা তাঁর কোনো উত্তরসূরির নেতৃত্বে ইসরায়েলে একটি মধ্যপন্থী সরকার ক্ষমতায় এসেছে।
সেই সরকার পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ করেছে, ফিলিস্তিনিদের জন্য একটি রাজনৈতিক ভবিষ্যতের সম্ভাবনা মেনে নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবকে নিয়ে গড়ে ওঠা নতুন আঞ্চলিক নিরাপত্তাকাঠামোয় যুক্ত হয়েছে।
এমন পরিস্থিতিতে ডেমোক্র্যাটরা স্বস্তি পাবেন। কারণ তাঁরা এমন একজন মিত্রকে সমর্থন করার সুযোগ পাবেন, যার নীতির পক্ষে যুক্তি দেওয়া সম্ভব।
ফলে দুই দেশের সম্পর্কে কিছুটা উষ্ণতা ফিরে আসতে পারে।
তবে এখানেও সম্পর্কটি ২০১৬ সালের তুলনায় অনেক বেশি শর্তনির্ভর হবে। কারণ সেই সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব যেসব মার্কিন ভোটারের ওপর থাকবে, তাঁদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ইতিমধ্যে বদলে গেছে।
৩. সম্পর্কের দূরত্ব বৃদ্ধি: সম্ভাবনা কম, তবে এখন আর অকল্পনীয় নয়
ইসরায়েল পশ্চিম তীরের কিছু ভূখণ্ড আনুষ্ঠানিকভাবে নিজেদের সঙ্গে যুক্ত করেছে। অথবা গাজা কিংবা লেবাননে নতুন কোনো যুদ্ধের ভয়াবহ দৃশ্য মার্কিন জনমতকে এমনভাবে প্রভাবিত করেছে যে ইসরায়েলকে সমর্থন করা রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় ডেমোক্র্যাট বা রিপাবলিকান—যেকোনো দলের ভবিষ্যৎ প্রেসিডেন্ট দীর্ঘ সময়ের জন্য অস্ত্র সরবরাহ স্থগিত করতে পারেন।
ইসরায়েল তখন বিকল্প অংশীদার হিসেবে ভারত, চীন ও উপসাগরীয় দেশগুলোর দিকে আরও বেশি ঝুঁকতে পারে।
দুই দেশের আনুষ্ঠানিক বন্ধুত্ব বজায় থাকবে। কিন্তু সেটি এমন অনেক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মতো হবে, যাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক থাকলেও পারস্পরিক আস্থা আর আগের মতো নেই।
তবে এই তিনটি সম্ভাব্য পরিস্থিতির কোনোটিতেই ১৯৯০ কিংবা ২০০০-এর দশকের বিশেষ সম্পর্ক ফিরে আসার বাস্তব সুযোগ নেই।
কারণ সেই সম্পর্ক তৈরির ঐতিহাসিক শর্তগুলো আর বিদ্যমান নেই।
নিরাপত্তার নিশ্চয়তাদাতা নয়, অংশীদার
নেতানিয়াহু তাঁর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎকে একজন মার্কিন প্রেসিডেন্ট এবং একটি মার্কিন রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল করে তুলেছিলেন।
এখন সেই দুটি রাজনৈতিক বাজিরই ফল সামনে এসেছে।
দেখা যাচ্ছে, ট্রাম্প ইসরায়েলকেও অন্য সব মিত্রের মতো বিবেচনা করেন। তাঁর কাছে এটি এমন একটি সম্পর্ক, যার শর্ত রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে নতুন করে নির্ধারণ করা যায়।
রিপাবলিকান পার্টিও এখন আর ইসরায়েলের জন্য নির্ভরযোগ্য রাজনৈতিক রক্ষাকবচ নয়।
অন্যদিকে জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্র্যাটদেরও এমন একজন প্রধানমন্ত্রীর প্রতি কোনো রাজনৈতিক দায়বদ্ধতা নেই, যিনি গত ১৫ বছর ধরে তাঁদের নিজের রাজনৈতিক লক্ষ্য অর্জনের পথে বাধা হিসেবে বিবেচনা করেছেন।
জেরুজালেমে পরবর্তী সময়ে যিনিই ক্ষমতায় আসুন না কেন, তাঁর এমন একটি বাস্তবতা স্বীকার করা উচিত, যা ইসরায়েলি কৌশলবিদেরা কয়েক দশক ধরে এড়িয়ে গেছেন।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের অংশীদার থাকবে এবং গুরুত্বপূর্ণ অংশীদারই থাকবে। কিন্তু দেশটির নিরাপত্তার নিঃশর্ত নিশ্চয়তাদাতা থাকবে না।
ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা তখন ওয়াশিংটনে রাজনৈতিক তদবিরের চেয়ে অনেক বেশি নির্ভর করবে দেশটির নিজস্ব সিদ্ধান্তের ওপর।
সেই সিদ্ধান্তগুলোর মধ্যে থাকবে এমন একটি প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা বিদেশি ভর্তুকি ছাড়াই টিকিয়ে রাখা সম্ভব; আরব প্রতিবেশীদের সঙ্গে স্থায়ী ও কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠা করা; এবং ফিলিস্তিনিদের বিষয়ে এমন নীতি গ্রহণ করা, যার পক্ষে বিদেশি মিত্ররাও বিব্রত না হয়ে দাঁড়াতে পারবেন।
যেসব ছোট রাষ্ট্র নিজেদের নিরাপত্তার জন্য একটি মাত্র শক্তিশালী পৃষ্ঠপোষকের ওপর নির্ভর করে, তারা একসময় অনিবার্যভাবেই আবিষ্কার করে যে সেই পৃষ্ঠপোষক রাষ্ট্রের নিজস্ব অগ্রাধিকার রয়েছে।
ইসরায়েল এখন সেই শিক্ষা পাওয়ার দ্বারপ্রান্তে।
বিস্ময়কর কোনো পরিস্থিতির মুখোমুখি হয়ে বাধ্য হওয়ার চেয়ে নিজের সিদ্ধান্তেই এই বাস্তবতা মেনে নেওয়া দেশটির জন্য বেশি বিচক্ষণতার পরিচয় হবে।

