Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দাইগৌ: যে কালোবাজারি নেটওয়ার্ক এনভিডিয়ার চিপ পৌঁছে দিচ্ছে চীনে
    আন্তর্জাতিক

    দাইগৌ: যে কালোবাজারি নেটওয়ার্ক এনভিডিয়ার চিপ পৌঁছে দিচ্ছে চীনে

    নিউজ ডেস্কনভেম্বর 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীনের দিয়াগৌ এলাকার ক্রেতারা ক্ষুদ্র চোরাকারবারি হিসেবে কাজ করে। ছবি: সিএনটিভি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এশিয়া টাইমস

    অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের জেরে এনভিডিয়ার শীর্ষ নির্বাহীর পদ হারিয়েছেন জেনসেন হুয়াং। তবে এর চেয়েও বড় কেলেঙ্কারি হলো, তদন্তকারীদের ধারণা অনুযায়ী, অ্যালিস হুয়াং সিঙ্গাপুর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় থাকা চিপ চীনে পাচারের অন্যতম বৃহৎ অভিযান পরিচালনা করেছেন।

    নথিপত্রে দেখা গেছে, তাঁর প্রতিষ্ঠান মেগাস্পিড মাত্র ১৫ মাসে চীনা কোম্পানিগুলোর জন্য প্রায় ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের এনভিডিয়া চিপের ক্রয়ের ব্যবস্থা করেছিল। এসব চিপের একটি বড় অংশ চীনের মূল ভূখণ্ডে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। তবে মেগাস্পিড জানিয়েছে, অ্যালিস হুয়াং ২০২৫ সালের আগস্টে প্রতিষ্ঠানটি ছেড়ে গেছেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম আইনসম্মত।

    গত ১৬ নভেম্বর ওয়াশিংটন নতুন কিছু বিধিনিষেধ জারি করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোর উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ বন্ধ করাই এসব বিধিনিষেধের উদ্দেশ্য। কিন্তু এর ফলে অঞ্চলটির বৈধ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে অনুমোদন পেতে আরও বেশি সময় অপেক্ষা করতে হবে এবং বিনিয়োগকারীদের মধ্যেও সতর্কতা বাড়বে।

    তবে খুব কম মানুষই সম্ভবত বুঝতে পারছেন, অ্যালিস হুয়াংয়ের ব্যবহৃত পদ্ধতিটি কতটা সহজ ছিল এবং কেন নতুন রপ্তানি লাইসেন্স ও বিধিনিষেধ দিয়েও এই কার্যক্রম বন্ধ করা কঠিন হবে।

    এ ধরনের ব্যবসার জন্য সিঙ্গাপুর ছিল অত্যন্ত সুবিধাজনক একটি কেন্দ্র। পূর্ব ও পশ্চিমের মধ্যে সংযোগস্থল হিসেবে দেশটির শক্তিশালী আইনি ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যপূর্ণ অবস্থান চীনা কোম্পানিগুলোকে বিদেশে একটি বিশ্বাসযোগ্য ব্যবসায়িক ঠিকানা ব্যবহার করার সুযোগ দেয়। কিন্তু এই দ্বীপরাষ্ট্রের সুনামকে কাজে লাগানো হয়েছে, যার ফলে সিঙ্গাপুরের বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা এখন পরীক্ষার মুখে পড়েছে।

    এই ঘটনার প্রভাব ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার সরকারগুলোর ওপরও পড়েছে। মেগাস্পিডে নিজের ভূমিকা সম্পর্কে পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার বিষয়টি শনাক্ত হওয়ার পর অ্যালিস হুয়াংয়ের সিঙ্গাপুরে পুনঃপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সিঙ্গাপুর জানিয়েছে, এই তদন্তে মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে তারা খুব সীমিত সহযোগিতা পেয়েছে।

    অন্যদিকে, মেগাস্পিডের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় আনা চিপগুলো তৃতীয় কোনো দেশে পাঠানো হয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ। যদিও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, এখন পর্যন্ত চিপগুলো মালয়েশিয়ার বাইরে পাঠানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

    যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চিপসংক্রান্ত বিরোধ হিসেবে যে ঘটনার শুরু হয়েছিল, তা এখন দক্ষিণ-পূর্ব এশিয়াকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক তদন্তে পরিণত হয়েছে।

    সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক প্রায় ২ লাখ ৪০ হাজার উন্নত প্রযুক্তির চিপ চীনে পাচারে সহায়তা করেছে। এসব চিপের আনুমানিক মূল্য ৭৫০ কোটি মার্কিন ডলার।

    ওপেনএআইয়ের সাবেক গবেষক উইল ডিপিউ সম্প্রতি চীনের শীর্ষস্থানীয় কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের প্রকাশিত ‘ওয়েটস’ বা প্রশিক্ষণের মাধ্যমে নির্ধারিত গাণিতিক মান বিশ্লেষণ করেছেন। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী, ডিপসিক ভি৪ এবং মুনশটের কিমি কে৩ মডেল প্রশিক্ষণে এনভিডিয়ার ব্ল্যাকওয়েল চিপ ব্যবহারের ইঙ্গিত পাওয়া যায়। অথচ যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ অনুযায়ী এসব চিপ চীনে বিক্রি করা যায় না।

    ডিপিউয়ের ধারণা, পাচার হওয়া এনভিডিয়া চিপের কিছু অংশ এসব মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হয়ে থাকতে পারে।

    তাহলে এত বিপুলসংখ্যক চিপ কীভাবে চীনের মূল ভূখণ্ডে পৌঁছাল? দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টারগুলো থেকে সেগুলো কীভাবে কর্তৃপক্ষের নজর এড়িয়ে সরিয়ে নেওয়া সম্ভব হলো?

    এর সবচেয়ে সম্ভাব্য উত্তর হলো ‘দাইগৌ‘—চীনের বিশাল ও সুসংগঠিত ধূসর বাজার বা গ্রে মার্কেট।

    চীনা ভাষায় দাইগৌ শব্দের আক্ষরিক অর্থ ‘অন্যের হয়ে কেনাকাটা করা’। চীনের মূল ভূখণ্ডে যেসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, অথচ আইনগত বাধার কারণে সেগুলো আমদানি করা কঠিন, দাইগৌ নেটওয়ার্ক সেসব পণ্য সরবরাহ করে। শিশুখাদ্য থেকে শুরু করে প্রসাধনী ও বিলাসবহুল পণ্য—সবকিছুই এই বাজারের মাধ্যমে চীনে পৌঁছে যায়।

    যুক্তরাষ্ট্রে তৈরি চিপও দীর্ঘদিন ধরে এই বাণিজ্যের অংশ। বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের জন্য এই নেটওয়ার্ক মোটামুটি একই কৌশল অনুসরণ করে।

    প্রথমে পণ্যের মূল প্যাকেট খুলে ফেলা হয়। এরপর নতুন লেবেল লাগানো হয় এবং বড় চালানগুলো ছোট ছোট অংশে ভাগ করা হয়। সবশেষে সেগুলোকে সাধারণ বৈধ পণ্যের ছোট চালান হিসেবে দেখিয়ে সীমান্ত পার করা হয়।

    চীনের আর্থিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের শুরুর দিকে শিক্ষার্থী, পর্যটক এবং দাইগৌ নেটওয়ার্কের ক্রেতারা নিজেদের লাগেজে একটি করে চিপ বোর্ড বহন করে চীনে নিয়ে যেতেন।

    ওয়াল স্ট্রিট জার্নাল একসময় সিঙ্গাপুরে অবস্থানরত এক চীনা শিক্ষার্থীর ঘটনা প্রকাশ করেছিল। ওই শিক্ষার্থী প্রতিটি চিপ চীনে পৌঁছে দেওয়ার বিনিময়ে প্রায় ১০০ মার্কিন ডলার পেতেন।

    মেগাস্পিড সরাসরি এনভিডিয়ার কাছ থেকে চিপ কেনেনি। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার অংশীদার কোম্পানিগুলোর মাধ্যমে সম্পূর্ণ সার্ভার কিনেছিল। এসব সার্ভার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ডেটা সেন্টারের জন্য কেনা হয়েছিল।

    প্রায় ২ লাখ ৪০ হাজার চিপ দিয়ে আনুমানিক ৩০ হাজার সার্ভার তৈরি করা সম্ভব।

    এত বিপুলসংখ্যক সার্ভার বাণিজ্যিক পণ্যবাহী চালান হিসেবে চীনে পাঠানো এখন প্রায় অসম্ভব। কারণ, চীনা কোম্পানিগুলোকে দেশীয় প্রযুক্তির চিপ ব্যবহার ও উৎপাদনে উৎসাহিত করতে বেইজিং নিজেই বন্দরে আসা এনভিডিয়ার চালানগুলো পরীক্ষা করছে।

    কিন্তু চীনের এই পরীক্ষা মূলত পণ্যবাহী কনটেইনারকে লক্ষ্য করে পরিচালিত হয়, যাত্রীদের ব্যক্তিগত লাগেজকে নয়। এখানেই পাচারকারীদের জন্য বড় একটি সুযোগ তৈরি হয়েছে।

    পাচারকারীদের যা করতে হয়, তা হলো সার্ভারগুলো খুলে ফেলা, সেখান থেকে চিপ বোর্ড আলাদা করা এবং সেগুলো ছোট ছোট অংশে ভাগ করা। এরপর ব্যক্তিগত লাগেজে বহনের জন্য পৃথক বাহক নিয়োগ করা হয়।

    হাজার হাজার বাহক, কয়েক হাজারেরও বেশি যাত্রা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ থাকা কয়েক ডজন বিমানবন্দর ব্যবহার করলে কোনো একটি যাত্রা আলাদাভাবে নজরে পড়ার সম্ভাবনা খুবই কম।

    বড় চালান পরিবহনের জন্য অবশ্য আরেকটি পথও রয়েছে।

    পাচারকারীরা চিপ বোর্ড থেকে এনভিডিয়ার লোগো সরিয়ে ফেলেন। এরপর সেগুলোতে সাধারণ কম্পিউটার যন্ত্রাংশের লেবেল লাগিয়ে ট্রাকে করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে চীনের দুর্গম স্থলসীমান্ত দিয়ে পাঠানো হয়।

    এই বাণিজ্যের অবকাঠামো আগে থেকেই তৈরি ছিল।

    দক্ষিণ-পূর্ব এশিয়া, হংকং এবং সাংহাইয়ের বিভিন্ন এলাকায় বন্ডেড গুদাম রয়েছে। এসব শুল্কনিয়ন্ত্রিত এলাকায় রাখা পণ্য আনুষ্ঠানিকভাবে শুল্ক ছাড়পত্র পায়নি বলে ধরা হয়। ফলে পুনঃরপ্তানির আগে ব্যবসায়ীরা ব্যক্তিগত ব্যবস্থাপনায় পণ্য একত্র করা, নতুন করে প্যাকেটজাত করা এবং লেবেল পরিবর্তনের সুযোগ পান।

    চলতি বছরের শুরুর দিকে মালয়েশিয়ার কর্তৃপক্ষ কুয়ালালামপুর বিমানবন্দরে ৭২টি কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভার জব্দ করে। সার্ভারগুলো বিমানবন্দরের মুক্ত বাণিজ্য অঞ্চলে আনা হয়েছিল। সেগুলোকে ভুলভাবে ‘কম্পিউটার যন্ত্রাংশ’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং পুনঃরপ্তানির অপেক্ষায় রাখা হয়েছিল।

    এমনকি প্রতিটি চিপ যদি ব্যক্তিগত বাহকের মাধ্যমে পরিবহন করা হয়, তবুও এর খরচ তুলনামূলকভাবে খুব কম।

    ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা প্রতি চিপ পরিবহনে ১০০ ডলার পারিশ্রমিককে ভিত্তি ধরলে ২ লাখ ৪০ হাজার চিপ পরিবহনে অ্যালিস হুয়াংয়ের মেগাস্পিডের খরচ হতো প্রায় ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

    চীনে পাচার হওয়া এসব চিপের মোট মূল্য যেখানে ৭৫০ কোটি ডলার, সেখানে পরিবহন ব্যয়ের এই অঙ্ক প্রায় নগণ্য।

    এনভিডিয়া জানিয়েছে, তারা মেগাস্পিডের গুদাম পরিদর্শন করেছে এবং সেখানে সংশ্লিষ্ট হার্ডওয়্যার দেখতে পেয়েছে। কিন্তু সাম্প্রতিক সুপার মাইক্রো মামলার ঘটনা থেকে বোঝা যায়, এ ধরনের পরিদর্শনের মধ্য দিয়েও অনেক কিছু কর্তৃপক্ষের নজর এড়িয়ে যেতে পারে।

    গত মার্চে মার্কিন কেন্দ্রীয় কৌঁসুলিরা সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান সুপার মাইক্রোর একজন সহপ্রতিষ্ঠাতা এবং আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। অভিযোগ অনুযায়ী, তাঁরা থাইল্যান্ডের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়া চিপসংবলিত প্রায় ২৫০ কোটি ডলারের সার্ভার চীনে পাচার করেছিলেন।

    অভিযোগপত্রে বলা হয়, সার্ভারগুলো প্রথমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পৌঁছায়। এরপর সেগুলোর মূল প্যাকেট খুলে ফেলা হয় এবং কোনো পরিচিতিমূলক চিহ্ন ছাড়া বাক্সে ভরে চীনে পাঠানো হয়।

    পরিদর্শকদের বিভ্রান্ত করতে গুদামে হাজার হাজার নকল সার্ভার রেখে দেওয়া হয়েছিল।

    এর অর্থ হলো, অ্যালিস হুয়াংয়ের গুদামে একটি সার্ভার দেখতে পাওয়া আর সেই সার্ভারের ভেতরে প্রকৃত চিপ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া এক বিষয় নয়।

    তাই মালয়েশিয়া থেকে চিপ বেরিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি—এমন বক্তব্য যতটা আশ্বস্ত করার মতো শোনায়, বাস্তবে তা ততটা নির্ভরযোগ্য নাও হতে পারে।

    ম্যানহাটনের কেন্দ্রীয় কৌঁসুলিরা এখন তদন্ত করছেন, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারে ব্যবহৃত সুপার মাইক্রোর যন্ত্রপাতি পাচারেও সহায়তা করেছিল কি না।

    তদন্তে এমন সংশ্লিষ্টতা পাওয়া গেলে এই ব্যবসার ধরন সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের কাছে তা বিস্ময়কর হবে না।

    কারণ, এ ধরনের বাণিজ্যে বিভিন্ন গোষ্ঠী নিয়মিত একই বাহক, গুদাম এবং পরিবহনপথ ব্যবহার করে। কোনো গোষ্ঠীর নিজস্ব পথ বন্ধ হয়ে গেলে অন্য গোষ্ঠী তাদের পণ্য পরিবহনের দায়িত্বও নেয়।

    ওয়াশিংটন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সরকারগুলোর বুঝতে হবে, চিপ পাচার নতুন কোনো ঘটনা নয়। এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই বিশাল দাইগৌ নেটওয়ার্ক প্রায় বাধাহীনভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

    অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কই যদি এত বিপুলসংখ্যক চিপ চীনে পৌঁছে দিতে পারে, তাহলে প্রকৃতপক্ষে চীনে পাচার হওয়া চিপের মোট সংখ্যা প্রচলিত ধারণার তুলনায় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এমনকি অ্যালিস হুয়াংয়ের বিচার হলেও এবং মেগাস্পিড বন্ধ করে দেওয়া হলেও যে দাইগৌ ব্যবস্থাকে কাজে লাগিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়েছে, সেটি নিষিদ্ধ চিপ পরিবহন অব্যাহত রাখবে।

    চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর মধ্যে যত দিন যুক্তরাষ্ট্রে তৈরি চিপের চাহিদা থাকবে, তত দিন কেউ না কেউ সেই চিপ চীনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

    বাহক, গুদাম এবং পরিবহনপথগুলো আগের মতোই থেকে যাবে। পরবর্তী ক্রেতার জন্য এসব অবকাঠামো প্রস্তুত থাকবে।

    ওয়াশিংটনের নতুন রপ্তানি লাইসেন্সসংক্রান্ত বিধিনিষেধ দক্ষিণ-পূর্ব এশিয়ার বৈধ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে এবং ব্যবসা পরিচালনায় জটিলতা বাড়াবে। অথচ চিপ পাচার বন্ধে এসব বিধিনিষেধ খুব সামান্যই ভূমিকা রাখতে পারবে।

    চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার প্রধান বাধা কয়েকটি বিচ্ছিন্ন পাচারকারী চক্র নয়। প্রকৃত বাধা হলো একটি পরিণত ও সুসংগঠিত ধূসর বাজারব্যবস্থা, যা কোনো সীমান্ত দিয়েই পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।

    দক্ষিণ-পূর্ব এশিয়ার সরকারগুলো প্রতিটি স্যুটকেস বা ট্রাক পরীক্ষা করতে পারবে না। কিন্তু তারা প্রতিটি ডেটা সেন্টার এবং উন্নত প্রযুক্তির চিপের প্রতিটি বড় ক্রয়াদেশ কঠোরভাবে যাচাই করতে পারে।

    সিঙ্গাপুর এবং কিছুটা কম মাত্রায় দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলো নিজেদের এমন বিশ্বস্ত ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে ডেটা সেন্টারসংক্রান্ত ব্যবসা নিরাপদে পরিচালনা করা যায়।

    কিন্তু এই বিশ্বাসযোগ্যতা তখনই টিকে থাকবে, যখন দেশগুলো দেখাতে পারবে যে তাদের কাছে আসা রপ্তানি নিষেধাজ্ঞার আওতাধীন চিপগুলো শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভবিষ্যৎ

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে সৌরবিদ্যুতে ঝুঁকছে পাকিস্তান, বিপাকে জাতীয় ব্যবস্থা

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    রবিন হত্যার ৩০ বছর পর ইসরায়েল আবারও রাজনৈতিক সহিংসতার দিকে ঝুঁকছে

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.