চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে আজ বৃহস্পতিবার এক বিরল ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের তিন বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের একই টেবিলে বসার ঘটনা কূটনৈতিক অঙ্গনে খুবই অস্বাভাবিক। তবে বিশ্লেষকদের মতে, বৈঠকটি তিন নেতার প্রভাব ও ক্ষমতার প্রদর্শনী হলেও এখান থেকে বড় কোনো চুক্তি আসার সম্ভাবনা কম।
গুয়াংডং প্রদেশের এই শহরে বুধবার নৈশভোজের আগে তিন নেতা একসঙ্গে ছবির জন্য দাঁড়ান। শি জিনপিংয়ের দুই পাশে দাঁড়িয়ে হাত মেলান ট্রাম্প ও পুতিন। তবে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, ওই সময় তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হয়নি।
এই বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকে মূল আলোচ্য বিষয় করতে চান ট্রাম্প। কিন্তু চীন এ বিষয়ে আগ্রহী নয়। কারণ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় বেইজিংয়ের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম। এ কারণে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে এ ধরনের আলোচনায় বসতে বারবার আপত্তি জানিয়েছে চীন। বৈঠকের আয়োজক শি জিনপিংয়ের জন্য এই মতবিরোধ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।
বুধবার দেওয়া এক ভাষণে শি জিনপিং ‘মুক্ত ও উন্মুক্ত বাণিজ্যের’ আহ্বান জানান। তিনি বিশ্বমঞ্চে চীনকে একটি স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নীতি থেকে চীনের অবস্থান যে আলাদা, সেটিও স্পষ্ট করেন।
এরপর শেনজেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক অভ্যর্থনা বিরল ঘটনা। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্পও শি জিনপিংকে একইভাবে স্বাগত জানিয়েছিলেন।
২০২৫ সালে আলাস্কায় বৈঠকের পর এই প্রথম মুখোমুখি হলেন ট্রাম্প ও পুতিন। ইউক্রেন যুদ্ধ থামাতে ওই বৈঠকে কোনো সমঝোতা হয়নি। এবার ত্রিপক্ষীয় বৈঠকের আগে শি জিনপিংয়ের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পুতিনের সঙ্গেও তিনি পৃথকভাবে কথা বলবেন। তবে রুশ কর্মকর্তারা বলছেন, দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় আলোচনার কোনো পরিকল্পনা নেই।
এশিয়া সফরের মাধ্যমে ট্রাম্প আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা, যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরা এবং শি জিনপিং ও পুতিনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের বিশ্লেষক ক্রেইগ সিঙ্গেলটন বলেন, ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্র, বাণিজ্য ও চীনের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে তিন নেতার মধ্যে স্পষ্ট মতপার্থক্য রয়েছে। ফলে একসঙ্গে মঞ্চে দাঁড়ানোর কারণ থাকলেও গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়ার কারণ খুব কম। তাঁর ভাষ্য, একটি ছবি তিন নেতার জন্যই ইতিবাচক হতে পারে, কিন্তু আলোচ্যসূচি নিয়ে ঐকমত্যে পৌঁছানো অনেক কঠিন।
ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ আদৌ উঠবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্পের এ বিষয় তোলার কথা নয়। তবে ট্রাম্প নিজেই প্রসঙ্গটি আনতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
এর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে এনভিডিয়ার চিপ চীনে পাচারের খবর। দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ হয়ে এসব চিপ চীনে পৌঁছাচ্ছে বলে খবর এসেছে। এতে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা কতটা কার্যকর এবং উন্নত প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার কীভাবে ঠেকানো যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সিঙ্গেলটনের মতে, এটি বেইজিংয়ের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। চীন চিপ ব্যবহারের সুযোগ চায়, যাতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দরকষাকষিতে সুবিধা পায়। কিন্তু দুই দলের সমর্থনে চিপের ওপর বিধিনিষেধ আইনে পরিণত হতে পারে বলে তিনি মনে করেন।
শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠকে চলতি মাসের শুরুতে হওয়া বাণিজ্যবিরতি কতটা স্থায়ী হবে, তা যাচাইয়ের সুযোগও তৈরি হবে।

