আল-জাজিরা
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালের সামরিক অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আদালত এ রায় ঘোষণা করেন।
রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণে দেখা গেছে, মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। নির্দিষ্ট কিছু ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী ‘গণহত্যার অভিপ্রায়’ নিয়ে কাজ করেছে বলেও আদালত সিদ্ধান্তে পৌঁছেছে।
তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপরও চরম সহিংসতা করেছে। বাংলাদেশে পালানোর সময়ও বহু রোহিঙ্গা হামলার শিকার হয়।
২০১৭ সালের অভিযান ঘিরেই মামলা
২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। সেই অভিযানকে কেন্দ্র করেই ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে।
গাম্বিয়ার অভিযোগ ছিল, রোহিঙ্গা জনগোষ্ঠীকে আংশিক বা পুরোপুরি ধ্বংসের উদ্দেশ্যে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ চেয়েছিল।
মিয়ানমার অবশ্য বরাবরই দাবি করে এসেছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছিল।
গাম্বিয়ার মামলা করার অধিকার আগেই স্বীকৃতি পায়
এই মামলার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলা করতে পারে কি না।
মিয়ানমার এ নিয়ে আপত্তি তুললেও আইসিজে ২০২২ সালে রায় দেয়, গণহত্যা সনদের সদস্য রাষ্ট্র হিসেবে গাম্বিয়ার মামলা করার অধিকার রয়েছে। আদালত তখন মিয়ানমারের প্রাথমিক আপত্তিগুলো প্রত্যাখ্যান করে এবং মামলাটি বিচারযোগ্য বলে ঘোষণা করে।
এরও আগে ২০২০ সালে আইসিজে অন্তর্বর্তী আদেশে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি এবং গণহত্যা সনদের আওতাভুক্ত অন্যান্য কর্মকাণ্ড প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল।
এখনো বাস্তুচ্যুত ১৩ লাখের বেশি রোহিঙ্গা
জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ১৩ লাখের বেশি রোহিঙ্গা এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। তাঁদের মধ্যে প্রায় ১২ লাখ বাংলাদেশে, বিশেষ করে কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে আশ্রয় নিয়েছে।
সংঘাত, মানবিক সহায়তা কমে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর বড় একটি অংশ এখনো অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
২০১৮ সালে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশন শত শত সাক্ষাৎকারের ভিত্তিতে জানায়, রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযান নিরাপত্তা হুমকির তুলনায় ‘মাত্রাতিরিক্ত’ ছিল। ওই প্রতিবেদনে রাখাইনে গণহত্যা এবং অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের সুপারিশ করা হয়েছিল। মিয়ানমার সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল।
কেন আইসিজেতে নেওয়া হয়েছিল মামলা
আন্তর্জাতিক বিচার আদালত ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাজ রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করা। এটি ব্যক্তিগত অপরাধের বিচারকারী আদালত নয়।
মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে সেখানে সরাসরি মামলা করার সুযোগ সীমিত ছিল। এ প্রেক্ষাপটে ২০১৯ সালের নভেম্বরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সমর্থনে গাম্বিয়া আইসিজেতে মামলা করে।
গাম্বিয়ার যুক্তি ছিল, গণহত্যা সনদের বাধ্যবাধকতা রক্ষা করা সব সদস্য রাষ্ট্রেরই দায়িত্ব। এই যুক্তিকে আইসিজে গ্রহণ করে এবং পরে মামলার মূল শুনানির পথ খুলে দেয়।

