মধ্যপ্রাচ্যের সংকট নতুন এক মোড়ে পৌঁছেছে। যেখানে গাজা যুদ্ধ ও লেবাননের সংঘাতের মধ্যে সিরিয়া এখন অন্যতম কেন্দ্রবিন্দু। গত সপ্তাহ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার এবং বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র হয়ে উঠেছে। ফলে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে আসাদ সরকার। যুদ্ধক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে সিরিয়ার একাধিক শহর। যেখানে গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেসামরিক জীবনের চিত্র।
এই সংকটের মধ্যে ইরান, তুরস্ক, রাশিয়া, ইরাক, মিশর, জর্ডান, সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ এক যৌথ বিবৃতিতে সিরিয়ায় সামরিক অভিযান বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে একটি রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। শনিবার (৭ ডিসেম্বর) কাতারে অনুষ্ঠিত ২২তম দোহা ফোরাম শেষে এই বিবৃতি দেওয়া হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়- সিরিয়া সংকট শুধু দেশটির জন্য নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য গুরুত্ব আরোপ করেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে সিরিয়ার হোমস শহরে বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এক অবিস্মরণীয় আক্রমণ চালিয়ে শহরটি দখল করেছে বলে জানিয়েছে। সিরিয়ান সেনাবাহিনী হোমস থেকে চলে যাওয়ার পর, হাজার হাজার বাসিন্দা শহরের রাস্তায় নেমে আসে। তারা ‘আসাদ শেষ, হোমস মুক্ত’ ও ‘সিরিয়া দীর্ঘজীবী হোক, বাশার আল-আসাদ নিপাত যাক’ স্লোগান দেয়, আর তরুণেরা আসাদের পোস্টার ছিঁড়ে ফেলে উল্লাস প্রকাশ করে।
এদিকে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য অস্বীকার করেছে এবং হোমসের পরিস্থিতি নিরাপদ ও স্থিতিশীল বলেই দাবি করেছে। কিন্তু ইসলামপন্থী হায়াত তাহরির আল-শামের নেতা আহমেদ আল-শারা বলেন, হোমসের ওপর তাদের নিয়ন্ত্রণ একটি ঐতিহাসিক ঘটনা। যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করবে।
এছাড়া বিদ্রোহীদের অগ্রগতির মধ্যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রোববার দামেস্ক থেকে একটি বিমানে চড়ে অজানা গন্তব্যে রওনা হয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
এই সংকটের সঙ্গে যুক্ত নতুন দ্বন্দ্ব এবং সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, যখন আন্তর্জাতিক শক্তিগুলো শান্তির জন্য একজোট হয়ে সমাধানের পথে হাঁটার আহ্বান জানিয়েছে।

