Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানকে দুর্বল করার অপেক্ষায় কতটা দুর্বল হচ্ছে উপসাগরীয় অর্থনীতি?
    আন্তর্জাতিক

    ইরানকে দুর্বল করার অপেক্ষায় কতটা দুর্বল হচ্ছে উপসাগরীয় অর্থনীতি?

    এফ. আর. ইমরাননভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানকে দুর্বল করার অপেক্ষায় কতটা দুর্বল হচ্ছে উপসাগরীয় অর্থনীতি? ছবি: এআই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংকট একসময় উপসাগরীয় দেশগুলোর জন্য অর্থনৈতিক আশীর্বাদ হয়ে আসত। যুদ্ধের কারণে তেলের দাম বাড়ত, নিরাপদ আশ্রয়ের খোঁজে বিদেশি পুঁজি ছুটে আসত দুবাই-আবুধাবিতে, ফুলেফেঁপে উঠত রাষ্ট্রীয় কোষাগার। কিন্তু এবার যুদ্ধ এসে পৌঁছেছে তাদের নিজেদের দোরগোড়ায়। পুরোনো সেই অর্থনৈতিক সমীকরণও ভেঙে পড়ছে।

    ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধ ও পরবর্তী তেল নিষেধাজ্ঞা উপসাগরীয় দেশগুলোকে বিপুল সম্পদের মুখ দেখিয়েছিল। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরও তেলের মূল্যবৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ থেকে লাভবান হয়েছিল অঞ্চলটি। কিন্তু ২০২৬ সালের সংঘাত তাদের সামনে দাঁড় করিয়েছে সম্পূর্ণ বিপরীত এক বাস্তবতা।

    আপাতত পূর্ণমাত্রার যুদ্ধ চলছে না। আবুধাবিতে ফর্মুলা ওয়ান রেস ও অর্থনৈতিক সম্মেলনের প্রস্তুতি চলছে। পর্যটক ফিরছেন, ব্যবসাও সচল হচ্ছে। কিন্তু স্বাভাবিকতার এই আবরণের নিচে জমছে অর্থনৈতিক সংকটের কালো মেঘ।

    মার্কিন ও উপসাগরীয় কর্মকর্তাদের অনেকের আশঙ্কা, বর্তমান অচলাবস্থা ২০২৭ সালজুড়ে, এমনকি ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্তও চলতে পারে। কয়েক সপ্তাহের ভয়াবহ যুদ্ধ সামলে নেওয়া আর বছরের পর বছর যুদ্ধের অনিশ্চয়তায় অর্থনীতি সচল রাখা এক বিষয় নয়।

    যুদ্ধ চায় না কেউ, শান্তি নিয়েও নেই ঐকমত্য

    ঝুঁকি বাড়ায় উপসাগরীয় অঞ্চলের মধ্য দিয়ে পণ্য পরিবহন ব্যয়বহুল হয়ে উঠছে
    ঝুঁকি বাড়ায় উপসাগরীয় অঞ্চলের মধ্য দিয়ে পণ্য পরিবহন ব্যয়বহুল হয়ে উঠছে। ছবি: সংগৃহীত

    বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত – উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় সদস্যের কেউই চায় না ট্রাম্প আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করুন। কিন্তু কীভাবে যুদ্ধের অবসান ঘটবে, তা নিয়ে রয়েছে বিস্তর মতপার্থক্য।

    কাতারের প্রধান লক্ষ্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানি স্বাভাবিক করা। তাই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় সক্রিয় দোহা। অন্যদিকে সৌদি আরব ও আমিরাতের আশঙ্কা, তড়িঘড়ি কোনো চুক্তি ইরানকে অর্থনৈতিকভাবে পুনরুজ্জীবিত করলেও আঞ্চলিক নিরাপত্তার সংকট অমীমাংসিত থেকে যাবে। তাই তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষে তারা।

    এদিকে সৌদি আরবের জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা তাৎক্ষণিক নিরাপত্তা উদ্বেগ হয়ে উঠেছে। প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী, হুথিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা চালাতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একাধিক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

    অর্থাৎ উপসাগরীয় দেশগুলো যুদ্ধের আগুন নেভাতে চায়, আবার ইরানের ওপর চাপের আগুনও জ্বালিয়ে রাখতে চায়। কিন্তু এই পরস্পরবিরোধী কৌশল কত দিন টিকিয়ে রাখা সম্ভব?

    হরমুজের অচলাবস্থায় অর্থনীতির শ্বাসরোধ

    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধও নয়, আবার স্বাভাবিকও নয়। মার্কিন বিধিনিষেধ ও সামরিক পাহারায় জাহাজ চলাচলের ব্যয়বহুল ব্যবস্থা দীর্ঘস্থায়ী হলে উপসাগরীয় অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে।

    হরমুজ প্রণালী। ছবি: এপি

    রাইস্ট্যাড এনার্জির প্রধান অর্থনীতিবিদ ক্লদিও গ্যালিম্বার্টির পূর্বাভাস, আগামী বছর হরমুজে একধরনের ভঙ্গুর স্বাভাবিকতা ফিরতে পারে। কিন্তু আমেরিকা মহাদেশে তেল উৎপাদন বৃদ্ধি ও বিশ্ববাজারে দুর্বল চাহিদার সঙ্গে উপসাগরীয় সরবরাহ যুক্ত হলে যুদ্ধ চলাকালেও তেলের দাম পড়ে যেতে পারে।

    অর্থাৎ যুদ্ধের বাড়তি ব্যয় বহন করতে হবে, অথচ তেল বিক্রির আয় কমে যাওয়ার আশঙ্কাও থাকবে।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরে দেওয়া পূর্বাভাসে জিসিসির ছয় সদস্যের মধ্যে পাঁচটির অর্থনীতি সংকুচিত হওয়ার আশঙ্কা করা হয়েছিল। পরে আমিরাতের ৩ দশমিক ৯ শতাংশ সংকোচনের পূর্বাভাস সংশোধন করে শূন্য দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির কথা জানানো হয়। হরমুজের বাইরে রপ্তানি সুবিধা থাকায় তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ওমান।

    দুবাইয়ের অর্থনীতিতেও দুর্বলতার ছাপ স্পষ্ট। সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এমিরেটসের যাত্রী পরিবহন কমেছে ২২ শতাংশ। হোটেলের কক্ষভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ কম। টোল অপারেটর সালিকের হিসাবে, বছরের প্রথম নয় মাসে টোলযোগ্য যানবাহন চলাচল কমেছে ১১ শতাংশ।

    তবে তেলের চেয়েও বড় বিপদ হয়ে উঠছে সাধারণ পণ্যের সরবরাহব্যবস্থা। লয়েড’স লিস্টের তথ্য অনুযায়ী, মার্চ থেকে হরমুজ দিয়ে মাত্র ২২৭টি কনটেইনারবাহী জাহাজ চলাচল করেছে। অথচ যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ২০টি জাহাজ চলত।

    সার, হিলিয়াম, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটছে। আসবাবের দোকান থেকে গাড়ির ডিলার—সবখানেই মজুত কমছে। বিকল্প সড়ক ও আকাশপথে পণ্য আমদানির ব্যয় বাড়ছে। এর ধাক্কায় উপসাগরীয় বেশির ভাগ দেশে মূল্যস্ফীতির হার প্রায় দ্বিগুণ হয়েছে।

    যুদ্ধের বিল মেটাতে বিসর্জন দিতে হবে উন্নয়নের স্বপ্ন?

    গত এক দশকে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে প্রযুক্তি, পর্যটন, অবকাঠামো ও নতুন শিল্পে বিপুল বিনিয়োগ করেছে উপসাগরীয় দেশগুলো। দীর্ঘস্থায়ী যুদ্ধ এবার সেই মহাপরিকল্পনার ভিত নাড়িয়ে দিচ্ছে।

    পারস্য উপসাগরীয় অঞ্চলটি গড়ে উঠেছে তেলের ওপর ভিত্তি করে। আর সমুদ্রের জল লবণমুক্ত করার প্রক্রিয়াই অঞ্চলটিকে বাঁচিয়ে রেখেছে। যুদ্ধ এই উভয়কেই হুমকির মুখে ফেলতে পারে।
    পারস্য উপসাগরীয় অঞ্চলটি গড়ে উঠেছে তেলের ওপর ভিত্তি করে। আর সমুদ্রের জল লবণমুক্ত করার প্রক্রিয়াই অঞ্চলটিকে বাঁচিয়ে রেখেছে। যুদ্ধ এই উভয়কেই হুমকির মুখে ফেলতে পারে। ছবি: সংগৃহীত

    আমিরাত পাঁচ গিগাওয়াট ক্ষমতার বিশাল ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা করেছে। কিন্তু ইরানি হামলার ঝুঁকিতে গুরুত্বপূর্ণ অবকাঠামোর কিছু অংশ ভূগর্ভে নির্মাণের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। এতে নির্মাণ ও পরিচালন ব্যয় আরও বাড়তে পারে।

    কাতারে বড় ধরনের চাকরি ছাঁটাই ও প্রকল্প বাতিলের আশঙ্কা রয়েছে। সৌদি আরবও বিভিন্ন বৃহৎ প্রকল্পের ঠিকাদারদের পাওনা পরিশোধে চাপে রয়েছে।

    যুদ্ধ যত দীর্ঘ হবে, প্রতিরক্ষা, বিকল্প পাইপলাইন, বন্দর ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে তত বেশি অর্থ ঢালতে হবে। ফলে অর্থনৈতিক বৈচিত্র্য আনার জন্য বরাদ্দ করা অর্থের একটি অংশ চলে যেতে পারে নিরাপত্তা খাতে।

    জার্মান বিমা প্রতিষ্ঠান অ্যালিয়াঞ্জের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে উপসাগরীয় দেশগুলোর সম্মিলিত বাজেট ঘাটতি ৪৭৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

    তবে সব দেশের সংকট সমান হবে না। বিকল্প তেল রপ্তানি পাইপলাইন ও শক্তিশালী আর্থিক সক্ষমতার কারণে আমিরাত তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিপরীতে হরমুজনির্ভর বাহরাইনকে বড় সংকটে ধনী প্রতিবেশীদের সাহায্যের দিকে তাকাতে হতে পারে। কিন্তু দীর্ঘ যুদ্ধ হলে সেই প্রতিবেশীদের আর্থিক সক্ষমতাও চাপে পড়বে।

    ওয়াশিংটনের রাজনীতিতেও নতুন বিপদ

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয় উপসাগরীয় দেশগুলোর সামনে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে।

    ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একাংশ যুদ্ধের অর্থায়ন সীমিত করতে চান। তবে কংগ্রেস শুধু আক্রমণাত্মক সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করলে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কিংবা হরমুজে সামরিক পাহারা বন্ধ নাও হতে পারে। এতে যুদ্ধের অবসানের পরিবর্তে বর্তমান অচলাবস্থাই দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

    তুরস্কে ইরানের সমর্থনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ। ছবি: রয়টার্স

    পাশাপাশি ট্রাম্প পরিবারের সঙ্গে উপসাগরীয় রাজতন্ত্রগুলোর ব্যবসায়িক সম্পর্কও সম্ভাব্য কংগ্রেসীয় তদন্তের মুখে পড়তে পারে।

    ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালে আমিরাত-সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ৫০ কোটি ডলারের বিনিয়োগ নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট পক্ষগুলো অবশ্য সরকারি সিদ্ধান্তের সঙ্গে এই লেনদেনের সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছে।

    কাতারের দেওয়া উড়োজাহাজ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি আরবের ব্যবসায়িক সম্পর্কও রাজনৈতিক আলোচনায় রয়েছে।

    একসময় ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতাকে ওয়াশিংটনে নিজেদের নিরাপত্তার বাড়তি নিশ্চয়তা হিসেবে দেখেছিল উপসাগরীয় রাজতন্ত্রগুলো। এখন সেই ঘনিষ্ঠতাই তাদের জন্য রাজনৈতিক মাথাব্যথা হয়ে উঠতে পারে।

    বলা যায়, ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার যে কৌশল নিয়েছে ওয়াশিংটন, তার পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতবিক্ষত হচ্ছে উপসাগরীয় অর্থনীতিও। বিপুল আর্থিক সঞ্চয় ও ঋণ নেওয়ার সক্ষমতা থাকায় ইরানের তুলনায় তারা হয়তো বেশি দিন চাপ সহ্য করতে পারবে। কিন্তু সেই সক্ষমতাও অসীম নয়।

    ইরানকে দুর্বল করতে গিয়ে উপসাগরীয় দেশগুলো নিজেরাই অর্থনৈতিক আত্মঘাতী পথে হাঁটছে? প্রশ্ন হচ্ছে, তেহরানের অর্থনীতিকে পঙ্গু করার অপেক্ষায় থাকতে থাকতে নিজেদের কয়েক দশকের অর্জন, বিনিয়োগ ও উন্নয়নের স্বপ্ন কতটা অক্ষত রাখতে পারবে তারা?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বাজারে ছাড়ার অভিযোগ: নবজাতকের জীবনের দায় নেবে কে?

    নভেম্বর 25, 2026
    আন্তর্জাতিক

    ২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশ হবে পাকিস্তান, দ্বিতীয় অবস্থানে ভারত

    নভেম্বর 25, 2026
    আন্তর্জাতিক

    এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফিরতেই ১৫ মিলিয়ন ডলার আয় ট্রাম্পের

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.