সিরিয়ায় বাশার আল–আসাদ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি অধিবেশন ডাকা হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সুত্র : বিবিসি
এর পূর্বে রোববার বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেয়ার ঘোষণা দেয়ার পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে পালিয়ে যান তিনি।
রাশিয়ার বার্তাসংস্থা তাস ও রিয়া নভস্তির বরাত দিয়ে রয়টার্সের বলা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
জাতিসংঘে রাশিয়ার প্রথম ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন যে, গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক দখল করে নেওয়া এলাকার চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা প্রয়োজন। তিনি আশা করছেন বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হতে পারে।
দিমিত্রি পলিয়ানস্কি আরো বলেন, রাশিয়া ও বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের ‘গভীরতা ও ফলাফল’ কী হতে পারে, সেটা এখনো স্পষ্ট নয়।

