সিরিয়ায় বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। বিদ্রোহীরা এখন সরকার গঠনের চেষ্টা করছে। এমন অবস্থায় সিরিয়াজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সরকার পতন ও নতুন সরকার গঠনে প্রস্তুতির এমন সন্ধিক্ষণেই সিরিয়াজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইহুদি সেনারা। সূত্র : বিবিসি
প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক করেছে।
প্রতিবেদনে দেখা যায়, ইসরায়েলি যুদ্ধবিমান রাজধানী দামেস্কসহ সারা দেশে কয়েক ডজন হামলা চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, সামরিক লক্ষ্যবস্তুতে ১০০টির বেশি হামলা হয়েছে।
এসওএইচআর বলেছে, সিরিয়ায় গত দুই দিনে শত শত ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এসবের মধ্যে দামেস্কের একটি স্থাপনা রয়েছে, যা ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করতো বলে জানা যায়।
ইসরায়েলি পক্ষ থেকে জানা যায়, আসাদ সরকারের পতনের পরে ‘চরমপন্থিদের হাতে’ অস্ত্র যাওয়া বন্ধ করতে অভিযান চালাচ্ছে তারা।
গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি ইসরায়েল ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) গোলানের সিরিয়ার অংশে প্রবেশের নির্দেশ দিয়েছেন।
তার ভাষ্য, “কোনও শত্রু শক্তিকে আমরা নিজেদের সীমান্তে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেব না। সিরিয়ার সঙ্গে গোলান নিয়ে যে চুক্তি হয়েছিল, তা সেখানকার সরকার পতনের সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে।”

