বর্তমান বৈশ্বিক রাজনৈতিক উষ্ণতার কারণে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশে ভ্রমণ না করার জন্য নাগরিকদের সতর্ক করেছে রাশিয়া। বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই সতর্কতার কথা জানান।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপজ্জনক সম্পর্কের ফাঁদে পড়তে পারে রাশিয়ানরা।
সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতির টানা-পোড়নে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ককে “ভাঙনের দ্বারপ্রান্তে” উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ান নাগরিকদের ব্যক্তিগতভাবে বা সরকারি প্রয়োজনের বাইরে যুক্তরাষ্ট্র সফর মারাত্মক ঝুঁকিতে পরিপূর্ণ।
কিছু পশ্চিমা দেশকে যুক্তরাষ্ট্রের “স্যাটেলাইট” আখ্যা দিয়ে পররাষ্ট্র মুখপাত্র বলেন, রাশিয়ানদের কানাডা ও ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ভ্রমণ এড়িয়ে চলা উচিত।
তিনি আরও বলেন, ইউক্রেনের কথিত নেতা ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। কেননা, ইউক্রেনে শান্তি অর্জন কিয়েভের অগ্রাধিকার নয়।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র নিজেদের নাগরিকদের রাশিয়া ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে। তারা বলেছে, রাশিয়ান সুরক্ষা কর্মকর্তারা নাগরিকদের হেনস্থা বা আটক করতে পারে।

