সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন অবলুপ্তির পর থেকে ইসরায়েল একের পর এক আক্রমণ চালাচ্ছে সিরিয়ার ভূখণ্ডে। দেশের ভেতরে এবং বাহিরে এই আক্রমণকে কেন্দ্র করে যে ভূরাজনৈতিক পরিবর্তন আসছে, তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দৃশ্যপটের নতুন দিক উন্মোচন করছে।
ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে গোলান মালভূমি পেরিয়ে সিরিয়ার বাফারজোনে প্রবেশ করেছে এবং তা দখল করতে সক্ষম হয়েছে। তাদের দাবি, এই আক্রমণগুলোর উদ্দেশ্য হল সিরিয়ার অস্ত্র উগ্রপন্থী গোষ্ঠীগুলোর হাতে যাতে না পড়ে, তা নিশ্চিত করা। ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে। যার মধ্যে রয়েছে অস্ত্রাগার, বিমানবন্দর, নৌঘাটি এবং গবেষণাকেন্দ্র। সিরীয় নিরাপত্তা বাহিনীর মতে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল দামেস্কের ২৫ কিলোমিটার কাছাকাছি পৌঁছেছে। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই দাবি অস্বীকার করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আসাদের পতনের পর থেকে ইসরায়েল ৪০০টি হামলা চালিয়েছে। ১৯৭৪ সালের পর থেকে যে বাফারজোনটি দুই দেশকে আলাদা করেছিল, তা এখন ইসরায়েলের আক্রমণের শিকার। জাতিসংঘের প্রতিবাদ সত্ত্বেও ইসরায়েল তার আক্রমণ জারি রেখেছে।
মধ্যপ্রাচ্যে এই সাম্প্রতিক পরিবর্তনের পর, ইসরায়েল এখন আগের চেয়ে অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। আসাদ সরকারের মিত্র হিসেবে ইরান এবং হিজবুল্লাহকে শক্তিশালী খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো কিন্তু যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সমর্থন ও অস্ত্র সরবরাহের মাধ্যমে ইসরায়েল তাদের ব্যতিব্যস্ত রেখেছিল। অন্যদিকে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপটে, আসাদের মিত্রদের পক্ষে সিরিয়ার শাসন রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে।
২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধে উদ্বুদ্ধ হয়ে লেবানন পর্যন্ত এটি ছড়িয়ে পড়ে। যা সিরিয়ার মিত্র হিজবুল্লাহকেও প্রভাবিত করে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন এবং ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর সিরিয়ার বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) আলেপ্পো দখল করে এবং এর মাত্র ১২ দিনের মধ্যে সিরিয়ার শাসক বাশার আল-আসাদ দেশ ছাড়তে বাধ্য হন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, আসাদের পতন ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের শক্তিশালী হামলার ফলস্বরূপ ঘটেছে। তবে বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন জানিয়েছেন, আসাদের পতনে নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উভয়েই কিছু ভূমিকা রেখেছেন কিন্তু তা ছিল ঘটনাচক্রের ফল। তবে এর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক যোগাযোগ এবং সরবরাহ ব্যবস্থা দুর্বল করতে সক্ষম হয়েছে।
ইসরায়েল দাবি করেছে যে তারা শুধুমাত্র সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। যেমন- দূরপাল্লার রকেট সাইট, রাসায়নিক অস্ত্র মজুদাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেছেন, তাদের উদ্দেশ্য হল যাতে কোনো উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠী এসব অস্ত্র দখল করতে না পারে, সে জন্য এগুলো ধ্বংস করা হচ্ছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়া থেকে ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। সরকারিভাবে কোনো বিবৃতিও প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েলের বিরোধী নেতা বেনি গান্তজ মনে করেন, সিরিয়ার দ্রুজ, কুর্দসহ অন্যান্য বিরোধী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এখন একটি ঐতিহাসিক সুযোগ এসেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে একটি গবেষণায় বলা হয়েছে, সিরিয়ার বেশ কয়েকটি এলাকা এখন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যা বিদেশি শক্তি, এমনকি ইসরায়েলও দখল করতে পারে।
মধ্যপ্রাচ্যে সিরিয়া নিয়ে এ নতুন যুদ্ধে ইসরায়েলের পদক্ষেপগুলো ভবিষ্যতে আরও বৃহত্তর ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

