সিরিয়ার বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের কয়েক’শ বিমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ইসরায়েলকে সিরিয়ায় এই আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়ার অভ্যন্তরে সব পক্ষের সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি।
জাতিসংঘ মহাসচিবের এই বার্তা প্রকাশের পরপরই তার মুখপাত্র বলেন, সিরিয়ায় সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তবে ইসরায়েলের এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হামলাগুলোকে সমর্থন জানিয়ে বলেছেন, “ইসরায়েলি বাহিনী সম্ভাব্য হুমকি দূর করার চেষ্টা করছে।”
ইসরায়েলের দীর্ঘমেয়াদি হামলা ও আসাদের পতন-
ইসরায়েল ২০১১ সাল থেকে সিরিয়ার অভ্যন্তরে পাঁচ শতাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলাগুলো হয়েছে লাতাকিয়া ও তারতুসে।
তারতুসে একাধিক অস্ত্রের গুদামে হামলা চালানো হয়েছে। এসব গুদামে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ভারী অস্ত্র মজুত ছিল, যা বিস্ফোরণের পর ধ্বংস হয়ে গেছে। এছাড়া, তারতুসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ রাডার স্টেশনগুলোতেও আঘাত হেনেছে ইসরায়েল।
লাতাকিয়াসহ দেইর আজোরের সামরিক বিমানবন্দর, সেনা শিবির এবং অন্যান্য স্থাপনাও হামলার শিকার হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এসব হামলা তাদের নিরাপত্তা হুমকি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ছিল।
সিরিয়ায় নতুন পরিস্থিতি-
গত রোববার, মাত্র ১২ দিনের বিদ্রোহের মধ্যে বাশার আল-আসাদের স্বৈরশাসনের পতন ঘটে। তিনি সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তার পতনের পর থেকেই সিরিয়ায় ইসরায়েলের হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার বিভিন্ন শহরে ৪৮০টিরও বেশি হামলা চালানো হয়েছে। এ তালিকায় রয়েছে রাজধানী দামেস্ক, হোমস, তারতুস, পালমিরা, লাতাকিয়া এবং দেইর আজোর।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত সপ্তাহের শুরু থেকে সিরিয়ার ১৩টি প্রদেশে ইসরায়েলের বিমান হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া-
জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার উত্তেজনা কমাতে আহ্বান জানালেও ইসরায়েলের সামরিক কার্যক্রমে কোনো ধরনের নমনীয়তা দেখা যাচ্ছে না। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেছে, সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল করতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজনীয়।
এই আক্রমণ সিরিয়ায় মানবিক পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে বলে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তারা বলছে, নিরীহ নাগরিকদের ওপর হামলার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে, যা গোটা অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াবে।
সিরিয়ার বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতাকে আরও ঘনীভূত করছে। এ অঞ্চলের ভবিষ্যৎ পরিস্থিতি কী রূপ নেবে, তা নিয়ে বিশ্ববাসী এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

