যুক্তরাষ্ট্রের দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলা চালানোর অনুমতি দেয়াকে পাগলামি বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর), ট্রাম্প এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটা আসলেই পাগলামি। রাশিয়ার কয়েক শত মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি নিয়ে আমার তীব্র আপত্তি আছে। আমরা ওটা কেন করছি? আমরা শুধু এ যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি ও পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এটা করতে দেয়া উচিত হবে না। সূত্র : টাইম ম্যাগাজিন
তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে বারবার এ অনুমোদন চেয়েছিলেন। কিন্তু শুরুতে যুক্তরাষ্ট্র অনুমতি দেয়নি।
গত মাসে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনের পরে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ওপর থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার নিষেধাজ্ঞা তুলে নেয়।
তবে গত মাসে অনুমোদন দেয়ার পক্ষে যুক্তি হিসেবে হোয়াইট হাউজ জানায়, উত্তর কোরিয়ার ১৫ হাজার সেনাকে যুদ্ধ করতে ইউক্রেন পাঠিয়েছে রাশিয়া। যে কারণে নিজের মত পরিবর্তন করছেন বাইডেন। মূলত যুদ্ধে ইউক্রেনের মনোবল বাড়াতে এটা বাইডেনের শেষ চেষ্টা ছিল।
ট্রাম্প জানায়, সাহায্য করার জন্য আমার কাছে ‘দারুণ একটি পরিকল্পনা আছে। কিন্তু যদি এখন সেটি প্রকাশ করে দেয়া হয়, তবে সেটা একপ্রকার অর্থহীন পরিকল্পনায় পরিণত হবে।
ইউক্রেনের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন কি না?- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানায়, আমি একটি চুক্তিতে পৌঁছাতে চাই। আর কোনো চুক্তিতে উপনীত হওয়ার জন্য পরিত্যাগই যে একমাত্র উপায়, তা নয়। আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলছি। একটি চুক্তিতে উপনীত হওয়া উভয় পক্ষের জন্যই ভালো হবে।
আবার ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি কিয়েভে উদ্বেগ বাড়াচ্ছে বলে ধারনা। তাদের ভয়, চুক্তিতে বেশির ভাগ সুবিধা হয়তো মস্কোর ভাগে যাবে।

