সিরিয়ার সেডনায়া কারাগার, যা পরিচিত ‘মানুষের কসাইখানা’ হিসেবে। এটি এক ভয়াবহ স্মৃতির নাম। এই কারাগারের দেয়ালগুলো যেন বছরের পর বছর ধরে বন্দি মানুষের আর্তনাদ এবং অবর্ণনীয় নির্যাতনের নীরব সাক্ষী। স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনামলে এই কারাগারে নির্যাতিত হয়েছে অসংখ্য নিরপরাধ মানুষ। অনেকের মৃত্যুর ঘটনা ঘটে এখানে, যার সঠিক সংখ্যা কেউ জানে না।

সম্প্রতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আসার পর, এই কারাগারের ভেতরের দুঃসহ বাস্তবতা উন্মোচিত হয়েছে। সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ কারাগারের অভ্যন্তরের চিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, এই কারাগারটি বিশাল এক ভূগর্ভস্থ কাঠামো, যার গভীরতা পাঁচতলা ভবনের সমান। এই কারাগারে ছিল তিনটি পৃথক উইং, যা ছিল বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এখানে টর্চার সেল হিসেবে ব্যবহৃত প্রতিটি কক্ষ ছিল বন্দিদের জন্য ভয়াবহ এক নিঃসঙ্গতার জায়গা।
প্রতিটি কক্ষে মাত্র কয়েক মিটার জায়গা থাকত, যেখানে একাধিক বন্দিকে রাখা হত। শোয়া বা সোজা হয়ে দাঁড়ানোর মতো জায়গাও সেখানে ছিল না। কারাগারের দেয়ালজুড়ে বন্দিদের লেখা আর্তি এখনও স্পষ্ট: “আমাকে নিয়ে যাও”। কেউ কেউ দেওয়ালে ছোট ছোট গর্ত তৈরি করেছিলেন পালানোর আশায়।

এই কারাগারে বন্দিদের ওপর চালানো হত অক্সিজেনের অভাব ও অনাহারের ভয়ংকর নির্যাতন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে এখানে অন্তত ১৩ হাজার মানুষকে ফাঁসিতে ঝোলানো হয়। জাতিসংঘের মতে, সেডনায়ার মতো আরও অনেক গোপন কারাগার সিরিয়ার বিভিন্ন জায়গায় রয়েছে, যেখানে এখনও অগণিত মানুষ বন্দি।
বিপর্যয়ের এই চিত্র আরো ভয়াবহ করে তুলেছে পরিবারের সদস্যদের আর্তনাদ। কারাগারের দরজা খোলার পর নিখোঁজ প্রিয়জনদের খুঁজতে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ। কিন্তু এই কারাগার অনেকের জন্য শুধু দুঃসহ স্মৃতি এবং হারানোর জায়গা হয়ে রয়েছে।

সিরিয়ার সিভিল ডিফেন্স বা হোয়াইট হেলমেট বাহিনী জানিয়েছে, এই কারাগারের দখল নিয়ে বিদ্রোহীরা যে সত্য উন্মোচন করেছে, তা মানবতার প্রতি এক গভীর আঘাত। ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আসাদ সরকারের শাসনামলে দেড় লাখেরও বেশি মানুষকে কারাগারে বন্দি রাখা হয়। তার মধ্যে অনেকেই আর ফিরে আসেনি।
সেডনায়া কারাগার শুধু সিরিয়ার এক নির্যাতন কেন্দ্র নয়; এটি বিশ্বজুড়ে স্বৈরশাসনের ভয়াবহ রূপের একটি প্রতীক। বর্তমান সময়ে বিদ্রোহীদের দখলে থাকা এই কারাগার সিরিয়ার জনগণের জন্য স্বাধীনতার নতুন বার্তা নিয়ে আসতে পারে, তবে তার আগে প্রয়োজন এসব ভয়াবহ নির্যাতনের বিচার এবং একটি মানবিক ভবিষ্যৎ গড়ে তোলা।


