জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। ৫৩ বছর বয়সী মিখাইল, যিনি তার কট্টর পশ্চিমাবিরোধী অবস্থানের জন্য পরিচিত, ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির একজন সংসদ সদস্য হিসেবে আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন।
গতকাল শনিবার অনুষ্ঠিত ইলেক্টোরাল কলেজের ভোটে ২২৫ সদস্যের মধ্যে ২২৪ জন তাঁর পক্ষে রায় দেন। তবে এই নির্বাচনের ফলে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হয়েছে। চারটি প্রধান বিরোধী দল মিখাইলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়াকে প্রত্যাখ্যান করেছে এবং সংসদ বর্জনের ঘোষণা দিয়েছে। বিরোধী দলের অভিযোগ, গত অক্টোবরের সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে মিখাইলের দল ক্ষমতায় এসেছে।
এরই মধ্যে বর্তমান প্রেসিডেন্ট সালোমে জোরাবিচভিলি ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও প্রধানমন্ত্রী ইরাকলি কোবাকিদজে স্পষ্ট করেছেন যে, ২৯ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার পর সালোমেকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
মিখাইল কাভেলাশভিলির প্রেসিডেন্ট হওয়ার ঘটনা দেশটির রাজনৈতিক অস্থিরতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিরোধীদের এই পদক্ষেপ এবং ক্ষমতাসীন দলের অবস্থান জর্জিয়ায় একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে।

