যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) সম্প্রতি ভারতসহ সাতটি দেশকে ‘অসহযোগী’ (আন-কোঅপারেটিভ) দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই দেশগুলো হল রাশিয়া, পাকিস্তান, ইরান, ভুটান, কিউবা, ভেনেজুয়েলা এবং ভারত। এসব দেশের বিরুদ্ধে অভিযোগ, বৈধতা না থাকা অভিবাসীদের প্রত্যর্পণ প্রক্রিয়ায় তারা যথাযথ সহযোগিতা প্রদান করে না। অভিবাসন সংক্রান্ত এই অসহযোগিতা কূটনৈতিক সম্পর্কের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করছেন।
গত শনিবার এনডিটিভি’র প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনী প্রচারণায় অভিবাসন সংক্রান্ত কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিলেন এবং এই বিষয়ে তিনি এখনো দৃঢ় অবস্থানে রয়েছেন।
আইসিই’র তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে বৈধতার কাগজপত্র না থাকা প্রায় ১৪ লাখ ৫০ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের। এর মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা ১৮ হাজারেরও বেশি।
ট্রাম্পের অভিবাসননীতি হবে তার প্রশাসনের সবচেয়ে কঠোর পদক্ষেপগুলোর মধ্যে একটি। নির্বাচনী প্রচারণার সময় তিনি জানিয়েছিলেন, বৈধতা না থাকা অভিবাসীদের খুঁজে বের করতে সেনাবাহিনী ব্যবহার করতে তিনি প্রস্তুত। এছাড়া, মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার করারও পরিকল্পনা রয়েছে তার।
তবে ভারতীয়দের বিষয়ে ট্রাম্পের একটি বিশেষ বার্তা ছিল। নরেন্দ্র মোদির প্রতি প্রশংসা জানালেও তিনি উল্লেখ করেছিলেন, ভারত অতিরিক্ত শুল্ক আরোপ করে এবং এজন্য তিনি পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করবেন।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, গত তিন বছরে ৯০ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে বেশিরভাগই গুজরাট, পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে এসেছেন। তবে যুক্তরাষ্ট্রে বৈধতা না থাকা অভিবাসীদের তালিকায় ভারতীয়রা শীর্ষে না থাকলেও, সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে এসেছে হন্ডুরাস ও গুয়েতেমালা থেকে। এদের সংখ্যা যথাক্রমে ২ লাখ ৬১ হাজার এবং ২ লাখ ৫৩ হাজার।
এভাবে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির আওতায় আসা দেশগুলোর মধ্যে ভারতও একটি। এটি শুধু ভারতীয় অভিবাসীদের জন্য নয় বরং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আরও জটিল কূটনৈতিক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

