আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে আসা গণহত্যার অভিযোগকে সমর্থন, কট্টর ইহুদিবিদ্বেষী নীতির অভিযোগ এবং ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জেরে আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, ‘ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সব সীমা লঙ্ঘন করে ফেলেছে আয়ারল্যান্ড। তারা ইহুদিবিদ্বেষনীতি গ্রহণ করেছে এবং আইসিজেতে গণহত্যার অভিযোগকে সমর্থন করেছে।
গিডিয়ন সার আরো বলেন, ‘মনে করিয়ে দিতে চাই, এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ডাবলিনে ইসরায়েলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছিল।’ এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, ‘ইসরায়েলের দূতাবাস বন্ধের ঘোষণা দুঃখজনক।’
গত সপ্তাহে পার্লামেন্টে ভোটের মাধ্যমে আইসিজে উত্থাপিত গণহত্যাকেও সমর্থন দিয়েছে আয়ারল্যান্ড। এসব কারণে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে আয়ারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে।
ইসরায়েলের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, এটি গভীরভাবে দুঃখজনক। আয়ারল্যান্ড কখনোই ইসরায়েলবিরোধী নয়। আমরা শান্তি, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে। আয়ারল্যান্ড দ্বি-রাষ্ট্র সমাধান চায়, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করবে। মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে আমাদের অবস্থান থেকে আমরা কখনো সরে দাঁড়াবো না।
আয়ারল্যান্ড ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। গত বছর স্পেন ও নরওয়ের সঙ্গ নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দেয় দেশটি।

