জার্মানির বেশিরভাগ সাংসদ অনাস্থা জ্ঞাপন করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের প্রতি। এর ফলে ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ আস্থা ভোটে হেরে যাওয়ার ফলে তাকে সংসদ ভেঙে দেয়ার অনুরোধ জানাতে হবে রাষ্ট্রপতিকে।
প্রেসিডেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ জানায়, বৃহস্পতিবার সংসদে অনুষ্ঠিত ভোটে ৭১৭ জন তাদের মতামত প্রদান করেন। এর মধ্যে বর্তমান চ্যান্সেলরের বিপক্ষে ভোট পড়ে ৩৯৪টি, ওলাফ শলজের পক্ষে ভোট দেন ২০৭ জন। ভোটদানে বিরত থাকেন ১১৬ জন।
চলমান পরিস্থিতিতে জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারকে আগামী ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে ২১দিন সময় পাবেন। ইতিমধ্যে ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবনায় সম্মতির ইঙ্গিত দিয়েছেন তিনি।
এর আগে, দেশের অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিষয়ে বিতর্কের জেরে জোট সরকারের ভাঙ্গন দেখা দিলে অনাস্থা ভোটের আহবান জানান শলজ। অবশ্য শলজের ওপর সাংসদরা আস্থা রাখবেন না সেটি আগে থেকেই অনেকটা অনুমেয় ছিল।

