আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা “সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স” দাবি করেছে, সিরিয়ার রাজধানী দামেস্কর উপকণ্ঠে একটি গণকবরে অন্তত এক লাখ মানুষের মরদেহ রয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলে এসব মানুষকে হত্যা করা হয়েছিল।
সূত্রমতে, পর্যবেক্ষক সংস্থাটির প্রধান এই দাবি করেছেন। তবে পর্যবেক্ষক সংস্থার প্রধানের এমন দাবির সত্যতা বিশ্লেষকগণের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দামেস্ক থেকে সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান বলেন, রাজধানী দামেস্ক থেকে ২৫ মাইল বা প্রায় ৪০ কিলোমিটার উত্তরে “আল কুতায়ফাহ” নামের ওই গণকবরের অবস্থান।
তিনি জানান, সিরিয়ায় গত কয়েক বছরের তিনি যে পাঁচটি গণকবরের সন্ধান পেয়েছেন, এটা তারই একটি। এখানে অন্তত এক লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে। খুব রক্ষণশীল হিসাব করলেও সংখ্যাটি এমন হবে।
সিরিয়ায় এই পাঁচটি ছাড়াও আরও অনেক গণকবর আছে বলে মনে করেন তিনি। এসব গণকবরে আসাদের আমলে নির্যাতনের শিকার সিরিয়ার নাগরিক ছাড়াও মার্কিন-ব্রিটিশসহ বিভিন্ন বিদেশি রয়েছে।

ক্ষমতায় থাকাকালে ২০১১ সালে বাশার আল-আসাদের বিরুদ্ধে সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে আসাদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ রয়েছে। সিরিয়ায় সর্বশেষ ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় বাশারের বাহিনীর হাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।
যদিও বাশার আল-আসাদ বরাবর তার সরকারের বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের উগ্রপন্থি হিসেবে চিহ্নিত করার অভিযোগ অস্বীকার করে এসেছেন।
আসাদ বিরোধীদের ১২ দিনের ঝটিকা আক্রমণে গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

