মঙ্গলবার, স্থানীয় সময় বেলা ১২টা ৪৭ মিনিটে ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কাছে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে পশ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে দেখা দিয়েছে ভূমিধস। জারি করেছে সুনামি সতর্কতা। সূত্র : বিবিসি
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পের দুই ঘণ্টার মধ্যে পোর্ট ভিলার আশপাশে কম্পনের মাত্রা ৪.৭ থেকে ৫.৫ পর্যন্ত চারটি আফটারশক হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার বা প্রায় ২৩ মাইল দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ভূমি থেকে ৬ মাইল গভীরে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রায় ৮০টি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াতু একটি নিচু দ্বীপপুঞ্জ, যা ফিজির পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে কয়েক হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত।
পোর্ট ভিলার বাসিন্দা ও সাংবাদিক ড্যান ম্যাকগ্যারি জানায়, ‘ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ এলাকা হলেও এই ভূমিকম্পটিকে ‘‘২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়’’ বলে মনে করা হচ্ছে।’ ভূমিকম্পের আঘাতে ভানুয়াতুজুড়ে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। ভিলা সেন্ট্রাল হাসপাতালের পুলিশ তাঁকে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন তিনি।
ম্যাকগ্যারি আরো জানায়, ‘আমার মনে হয়েছিল আমাদের বাড়ির ছাদ একেবারে ধসে পড়বে। আমরা এখানে প্রায়ই ভূমিকম্প অনুভব করি, কিন্তু এমনটা কখনো হয়নি। পুরো বাড়িতে বড় বড় ফাটল ধরেছে। কাঁচের দরজাগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এখন অনেক আফটারশক বা পরবর্তী কম্পন হচ্ছে।’
সেখানকার স্থানীয় এক ব্যক্তির ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরের আশপাশে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। যারা এখনও জীবিত থাকতে পারে, তাদের উদ্ধার করতে অভিযান চলছে।
ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলায় আমেরিকা, যুক্তরাজ্য ও ফরাসি দূতাবাস এবং নিউজিল্যান্ডের হাইকমিশন একই কমপ্লেক্সে অবস্থিত। এসব ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভবনের সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সুনামি সতর্কতা
ভূমিকম্পের পর হনুলুলুর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সুনামি সতর্কতা জারি করেছে। সতর্কতায় বলা হয়েছে, ভানুয়াতু ছাড়াও পাশ্ববর্তী ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপ, ট্রুভ্যালুসহ কয়েকটি এলাকা সুনামির ঝুঁকিতে রয়েছে।

