ইউক্রেনযুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার একজন পার্লামেন্ট মেম্বার এই দাবি করেছেন। সূত্র : বিবিসি
এছাড়া আরো অন্তত ১ হাজার উত্তর কোরিয়ার সেনা যুদ্ধে আহত হয়েছেন বলে দাবি করেছেন লি সাং উন। দেশটির পার্লামেন্টে জাতীয় গোয়েন্দা সংস্থার ব্রিফিংয়ের পরেই সাংবাদিকদের এমন তথ্য জানায়- লি সাং উন। তিনি বলেন, হতাহতদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তারাও আছেন।
গত অক্টোবরে, উত্তর কোরিয়া অন্তত ১০ হাজার সেনা পাঠায় রাশিয়ার যুদ্ধে সাহায্যের জন্য, যাদের একটি অংশ কুরস্ক অঞ্চলে মোতায়েন করে রাশিয়া। সেখানে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে।
গত সোমবার, মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে। তবে তিনি কতজন নিহত হয়েছে- তা নিয়ে কিছু জানা যায় নি।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, উত্তর কোরিয়ার কয়েকশ’ সেনা হতাহত হয়েছে।
তবে এসবের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি কেউ। পূর্বে লড়াইয়ের অভিজ্ঞতা না থাকায় উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ময়দানে ভুগতে হচ্ছে, এমনটাই বিবিসির এক প্রতিবেদন সূত্রে দেখা যায়।
এর পূর্বে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলে রাশিয়া উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে।

