বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলোন মাস্ক এবার দুবাইয়ে বিলিয়ন ডলার বিনিয়োগে একটি বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছেন। টেসলা এবং এক্সের মালিক ইলোন মাস্কের এ উদ্যোগ শুধু স্থানীয় মেধাবীদের নয় বরং বৈশ্বিক বিজ্ঞানীদেরও একত্রিত করার একটি অনন্য প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি এ প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তার বাবা এরোল মাস্ক।
এ উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটির নাম হবে ‘দ্য মাস্ক ইনস্টিটিউট’। এখানে মাধ্যাকর্ষণ, নিউক্লিয়ার ফিউশনসহ বিভিন্ন বিজ্ঞান গবেষণায় গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় মেধা ধরে রাখার পাশাপাশি বৈশ্বিক ‘ব্রেন ড্রেইন’ সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে চায় এ প্রতিষ্ঠান।
সম্প্রতি এরোল মাস্ক ব্যবসায়িক সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যান। সেখানে স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের নকশা এবং সম্ভাব্য স্থাপনাস্থল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “দুবাই বিশ্বের কেন্দ্রস্থল হওয়ায় এখানে আমরা এমন একটি বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠা করতে চাই, যা সেরা ও ব্যতিক্রমী মেধাগুলোর জন্য কাজের সুযোগ সৃষ্টি করবে।”
এরোল মাস্ক জানান- এই প্রকল্প শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি মাস্ক পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন। ২০০১ সালে ইলোন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স প্রতিষ্ঠার পর থেকেই এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা চলছিল। এর আর্থিক সংস্থান ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং আগামী বছর নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এ প্রসঙ্গে এরোল মাস্ক বলেন, “যখন আমি ইলোনের সঙ্গে ইনস্টিটিউট নিয়ে আলোচনা করি, সে বলেছিল, আমাদের এখনই এটি করতে হবে, না হলে অন্য কেউ করে ফেলবে।”
‘দ্য মাস্ক ইনস্টিটিউট’ হবে তিনতলা বিশিষ্ট একটি আধুনিক স্থাপনা, যেখানে শিক্ষার্থী ও গবেষকদের জন্য আবাসন সুবিধা থাকবে। ভবনটিতে থাকবে উদ্ভাবনী মনোভাবের প্রতীক হিসেবে একটি বার্গার-ডিসপেনসিং মেশিন। মাস্ক পরিবারের এই ব্যতিক্রমী চিন্তাধারা ভবনের নকশায় প্রতিফলিত হবে।
এছাড়া ইনস্টিটিউটের উচ্চাভিলাষী লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো নোবেল প্রাইজের সমতুল্য একটি পুরস্কার প্রদান। এ বিষয়ে এরোল মাস্ক বলেন, “আমরা একটি ‘মাস্ক প্রাইজ’ তৈরি করব, যা উদ্ভাবনী গবেষণায় অসাধারণ অবদান রাখার জন্য দেয়া হবে।”
প্রকল্পটির জন্য ১০০ কোটি ডলার সরাসরি ইলোন মাস্কের ব্যক্তিগত সম্পদ থেকে আসবে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৪৬ হাজার কোটি ডলারেরও বেশি। যা তাকে বিশ্বের শীর্ষস্থানীয় ধনী হিসেবে পরিচিত করেছে। এরোল মাস্কের মতে, ইলোন মাস্কের উদ্যোগগুলোর আর্থিক মূল্য প্রচলিত তথ্যের তুলনায় অনেক বেশি হতে পারে। শুধু স্পেসএক্সের মূল্যই হতে পারে ১ ট্রিলিয়ন ডলারের বেশি।
দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ একটি শহরে এই প্রকল্প বাস্তবায়ন বৈজ্ঞানিক অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে। এটি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে একটি বিশ্বমানের কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে। স্থানীয় মেধাবীদের বৈশ্বিক মানের সুযোগ প্রদান এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে এ ইনস্টিটিউট একদিন বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
‘দ্য মাস্ক ইনস্টিটিউট’ শুধু একটি প্রতিষ্ঠান নয়। এটি একবিংশ শতাব্দীর উদ্ভাবন ও গবেষণার প্রতীক হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

