আগামী মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তিনি দায়িত্ব গ্রহণের আগেই নানা ইস্যুতে মন্তব্য করে যাচ্ছেন।
কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তেল-গ্যাস না কিনলে এটি কার্যকর হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ ডিসেম্বর), নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইইউ’র প্রতি এমন কড়া সতর্কবার্তা দেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাসের বড় আমদনিকারক ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালে ইইউ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করেছিল ৫৩ হাজার ৩৩০ কোটি ডলারের। বিপরীতে ইইউতে যুক্তরাষ্ট্রের রপ্তানি ছিল ৩৫ হাজার ৮০ কোটি ডলারের। ফলে সে বছর ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল ২০ হাজার ২৫০ কোটি ডলার।
ট্রাম্প বলেন যে, ‘ইইউ’কে বলেছি, আমাদের থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে। তা না হলে, পুরোপুরি শুল্ক আরোপ হবে!’
অপরদিকে, ইইউ’র একজন মুখপাত্র জানায় যে, তারা আলোচনার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে বিপুল পরিমাণে তেল ও গ্যাস আমদানি করেছে ইইউ। তবে যুক্তরাষ্ট্র যদি উৎপাদন না বাড়ায় বা এশিয়ার মতো বড় ক্রেতাদের সরবরাহ সীমিত না হয়, তাহলে অতিরিক্ত আমদানি সম্ভব নয়।
ইতোমধ্যে- কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক হুমকি ইউরোপীয় দেশগুলোতে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। এই শুল্ক ইইউর অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করতে পারে।

