রোববার (২২ ডিসেম্বর, ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোরে একটি যাত্রীবাহী ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা পাইলটসহ একই পরিবারের ১০ জন মারা গেছেন। সূত্র : রয়টার্স
গ্রামাদো রিও গ্রান্ডে দো সুল রাজ্যে অবস্থিত। রাজ্যটির গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, সকাল ৯টার দিকে একটি দোকানের ওপর উড়োজাহাজটি আছড়ে পড়ে। এ সময় পাইলট লুইজ ক্লদিও গ্যালেজিসহ বাকি ৯ যাত্রীর সবাই মারা গেছেন। লুইজ ক্লদিও নিজেই উড়োজাহাজটির মালিক ছিলেন। আর যাত্রীরা সবাই ছিলেন তার পরিবারের সদস্য।
রাজ্যের জননিরাপত্তা অফিসের তথ্য অনুযায়ী, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সেখানে থাকা অনেকে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর দোকান ও এর আশপাশে থাকা অন্তত ১৫-১৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
জানা গেছে, উড়োজাহাজটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। পরে সেটি আছড়ে পড়ে আরেকটি বাড়ির দ্বিতীয় তলায়। এরপর আসবাবের একটি দোকানের ভেতরে গিয়ে সেটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজের ধ্বংসাবশেষ ছিটকে কাছের একটি হোটেলের কাছে চলে যায়।
রিও গ্রান্দে দো সুল রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর গ্রামাদো। চলতি বছরের শুরুর দিকে নজিরবিহীন এক বন্যার কবলে পড়েছিল এই শহরটি। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। ধ্বংস হয়ে যায় শহরটির অনেক স্থাপনা। অর্থনৈতিক ক্ষতিও হয়।

