একূল-ওকূল, দু’কূলই গেল বাশার আল আসাদের। আগেই সিরিয়ার প্রেসিডেন্ট পদ খুইয়েছেন সশস্ত্র বাহিনীর অভ্যুত্থানের মুখে। আর এ বার ঘর ভাঙতে চলেছে তাঁর। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের থেকে বিচ্ছেদ চাইলেন তাঁর স্ত্রী আসমা।
জানা যায়, ইতিমধ্যেই তিনি ডিভোর্স ফাইল করেছেন। তবে কেন স্বামীর সঙ্গে থাকতে ইচ্ছুক নন সিরিয়ার ‘প্রিন্সেস ডায়না’?
সদ্যই সশস্ত্র বাহিনীর অভ্যুত্থানের মুখে পড়ে গদিচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রাণ বাঁচাতে পরিবার-সহ সিরিয়া ছেড়ে আশ্রয় নেন বন্ধু দেশ রাশিয়ায়। বর্তমানে পুতিনের দেওয়া রাজনৈতিক আশ্রয়ে মস্কোতে রয়েছেন তিনি। কিন্তু সেখানে থাকতে রাজি নন আসাদ-পত্নী। ফলে স্বামীর থেকে বিচ্ছেদ চাইলেন আসমা।
বিচ্ছেদের কারণ হিসেবে আসমা জানায়, আসমা আল আসাদ মস্কোতে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মস্কোয় নির্বাসিত জীবনযাপন করলেও এতে হাঁপিয়ে উঠেছেন তিনি। যে কারণে রাশিয়া ছাড়ার জন্য আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছেন আসমা। যেই আবেদনটি বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষের পর্যালোচনাধীন রয়েছে।
আসমা ১৯৭৫ সালে লন্ডনে সিরিয়ার বাবা-মায়ের কাছে জন্মগ্রহণ করেন। আসমা আল-আসাদের দ্বৈত ব্রিটিশ-সিরিয়ান নাগরিকত্ব রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। আসমা ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে বিয়ে করেন।
এই দম্পতির তিন সন্তান রয়েছে- হাফেজ, জেইন এবং করিম। সিরিয়ার বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে আসমা তার সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসিত হতে চেয়েছিলেন বলেও জানা গেছে।
জানা গিয়েছে, রাশিয়ায় আশ্রয় দিলেও, সেখানে বাশার আল আসাদের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিনা অনুমতিতে রাশিয়া তো দূর, মস্কোও ছাড়তে পারবেন না সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট। কোনও দলীয় কাজেও যুক্ত থাকতে পারবেন না তিনি।
সূত্রের অনুসারে জানা যায়, আসাদের যাবতীয় টাকাপয়সা, ধনসম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। সিরিয়া থেকে পালানোর সময়ে ২৭০ কেজি সোনা, ২ বিলিয়ন ডলার নিয়ে এসেছিলেন আসাদ। সেই সব সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া মস্কোয় ১৮টি অ্যাপার্টমেন্ট রয়েছে তাঁর নামে। সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে।
সৌদি ও তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বাশার আল আসাদ ও তাঁর স্ত্রীকে মস্কোয় আশ্রয় দেওয়া হলেও, তাঁর ভাইকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়নি। তাঁরা এখনও সিরিয়াতেই গৃহবন্দি রয়েছেন। সে কারণেও উদ্বিগ্ন আসমা আল আসাদ।

